Bangladesh · 2026-11-20 08:55:46

শ্রমিক অসন্তোষ ও অর্থনৈতিক সংকট এড়াতে প্রয়োজন আগাম উদ্যোগ

শ্রমিক অসন্তোষ ও অর্থনৈতিক সংকট এড়াতে প্রয়োজন আগাম উদ্যোগ
বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্প অন্যতম প্রধান চালিকা শক্তি। কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয়সহ নানা ক্ষেত্রে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অথচ এই গুরুত্বপূর্ণ শিল্প খাত যখন শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় তখন আমরা সাধারণত বিষয়টিকে মজুরি, মূল্যস্ফীতি, উৎপাদন ব্যয় কিংবা শ্রমিক-মালিকের বিরোধের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি। কিন্তু এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা সচরাচর আলোচনায় আসে না। সেটি হলো কৌশলগত যোগাযোগের ঘাটতি এবং সময়মতো সংকট মোকাবিলার প্রস্তুতির অভাব।
কোনো জাতীয় সংকটই, বিশেষ করে অর্থনৈতিক সংকট আকস্মিকভাবে তৈরি হয় না। অধিকাংশ ক্ষেত্রেই সংকটের পূর্বাভাস থাকে। যথাসময়ে সেটি অনুধাবন করতে পারলে বড় ধরনের সংকট যেমন এড়ানো সম্ভব হয় তেমনি এ থেকে শিক্ষা নিলে ভবিষ্যতে এ ধরনের সংকটের পুনরাবৃত্তি ঘটে না। তবে সংকট অনুধাবন করতে না পারলে এবং অংশীজনদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ না করলে একটি নিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতিও বড় সংকটে রূপ নিতে পারে। বেতন–ভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশের চলমান শ্রমিক অসন্তোষকে সেই বাস্তবতার আলোকে দেখা প্রয়োজন।
সম্প্রতি সরকার জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর করেছে, যেখানে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং প্রকৃত ক্রয়ক্ষমতার বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি অবশ্যই যৌক্তিক। কিন্তু একটি বড় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সময় তার সম্ভাব্য প্রভাব অন্যান্য খাতে কীভাবে পড়তে পারে, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি। কারণ, অর্থনীতির কোনো খাতই সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। তবে বাংলাদেশে এ ধরনের বিবেচনায় নেওয়ার নজির খুব একটা নেই।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.comসরকারি চাকরিজীবী হোন কিংবা পোশাকশ্রমিক, পরিবহনশ্রমিক বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, সবারই নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, চিকিৎসা, সন্তানের পড়াশোনা ও যাতায়াতের খরচ বাড়ছে। তাই জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপ কোনো একটি পেশার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের প্রায় সব শ্রেণির মানুষই এই চাপের মুখে পড়ছেন। তাঁদের আয় ও পেশাগত বাস্তবতা আলাদা হলেও জীবনযাত্রার ব্যয়ের চাপ অনেকাংশে অভিন্ন। ফলে একটি বড় কর্মজীবী গোষ্ঠীর বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে অন্য পেশাজীবী ও শ্রমিকদের মধ্যেও বেতন সমন্বয়ের প্রত্যাশা তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
এখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে সরাসরি কারণ-সম্পর্ক প্রতিষ্ঠা করা উদ্দেশ্য নয়। বরং প্রশ্নটি হলো, একই অর্থনৈতিক বাস্তবতায় বিভিন্ন পেশার মানুষের আয়, ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে, নীতিনির্ধারণের সময় সেটি কতটা বিবেচনায় নেওয়া হচ্ছে?
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ার পাশাপাশি যদি অন্য পেশায় কর্মরতদের বেতন-ভাতা পুনর্মূল্যায়নের বিষয়টিও আলোচনার আওতায় আনা যেত, তাহলে প্রত্যাশা ও বাস্তবতার মধ্যকার ব্যবধান কমানোর সুযোগ তৈরি হতো। শ্রমিকদের দাবি, শিল্পের সক্ষমতা এবং অর্থনীতির সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আগে থেকেই একটি আলোচনার কাঠামো তৈরি করা গেলে বর্তমান পরিস্থিতির এড়ানো বা এর তীব্রতা হয়তো কমানো সম্ভব হতো।
এখানেই সংকটকালীন যোগাযোগ ব্যবস্থাপনা বা ক্রাইসিস কমিউনিকেশনের ম্যানেজমেন্টের গুরুত্ব। সংকটকালীন যোগাযোগ বলতে আমরা সাধারণত কোনো সংকট তৈরি হওয়ার পর সংবাদ সম্মেলন, বিবৃতি, আলোচনা কিংবা আশ্বাস দেওয়াকে বুঝি। কিন্তু আধুনিক সংকট ব্যবস্থাপনায় এর পরিধি অনেক বিস্তৃত। সংকট সৃষ্টি হওয়ার আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে তাদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করাও এর অংশ।
সরকারের একটি বড় অর্থনৈতিক সিদ্ধান্ত শুধু সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ওপর কী প্রভাব ফেলবে, তা বিবেচনা করলেই যথেষ্ট নয়। একই সিদ্ধান্তের ফলে অন্য কোনো খাতে প্রভাব পড়তে পারে কি না, সেটিও বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির উদাহরণ টানা যেতে পারে। জ্বালানি তেলের দাম বাড়লে শুধু পরিবহন খাতের ব্যয় বাড়ে না, একই সঙ্গে বেড়ে যায় উৎপাদন ব্যয়, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়েও প্রভাব ফেলে। তাই জ্বালানির মূল্য নির্ধারণের সময় শুধু জ্বালানি খাতের হিসাব বিবেচনা করলে যেমন চলে না, তেমনি একইভাবে একটি খাতের মজুরি ও বেতনসংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রেও শুধু সেই নির্দিষ্ট খাতের কথা ভাবলেই হবে না, অন্যান্য খাতের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিতে হবে।
এগুলো বিবেচনায় না নিলে যেসব সমস্যা হয় তার অর্থনৈতিক মূল্যও কম নয়। ১৪ নভেম্বর বিজিএমইএর তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে ১৪৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। ১৫ নভেম্বরও সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১২১টি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর প্রকাশিত হয়েছে।
এই পরিস্থিতির প্রভাব শুধু এক দিনের উৎপাদন ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে চুক্তি, পণ্য পাঠানোর সময়সীমা, ভবিষ্যৎ ক্রয়াদেশ এবং সরবরাহকারী হিসেবে বাংলাদেশের নির্ভরযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। পাশাপাশি শ্রমিকদের দৈনন্দিন আয় বন্ধ হয়, মালিকদের আর্থিক চাপ বাড়ে এবং সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য খাতও ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ একটি শ্রমিক অসন্তোষ ধীরে ধীরে বৃহত্তর অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে।
তবে শ্রমিক অসন্তোষের সব দায় যোগাযোগের ঘাটতির ওপর চাপিয়ে দেওয়াও সঠিক হবে না। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ, শ্রম অধিকার, মালিকপক্ষের আর্থিক সক্ষমতা এবং শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ও বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত করার ঘটনাও কোনোভাবেই সমাধানের পথ হতে পারে না। প্রয়োজন আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান।
এ জন্য সরকারের অর্থনৈতিক নীতিনির্ধারণে একটি সমন্বিত কৌশলগত যোগাযোগকাঠামো থাকা জরুরি। বড় কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ডেকে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার উদাহরণ তৈরি করতে হবে।
একটি সংকট এড়ানো মানে শুধু একটি আন্দোলন বা উৎপাদন বন্ধের ঘটনা এড়ানো নয়; বরং এর মাধ্যমে কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি আয়, বিনিয়োগকারীদের আস্থা এবং সামগ্রিক অর্থনীতিকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। তাই সংকট সৃষ্টি হওয়ার পর যোগাযোগ শুরু না করে একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সময় থেকেই সংকট মোকাবিলার প্রস্তুতি শুরু করার কোনো বিকল্প নেই।
লেখক: মাকছুদ-উল-ইসলাম-জোয়ার্দ্দার, করপোরেট কমিউনিকেশনস ও পাবলিক রিলেশনস নিয়ে কাজ করছেন।

ই-মেইল: maksud.mcj02@gmail.com

Source - nagorik.prothomalo.com ↗