কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। তবে দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে জনকল্যাণের রাজনীতির প্রতিফলন দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু আজকে আওয়ামী লীগের আচরণের মাধ্যমে এটাতে দেশ-মানুষের কল্যাণের রাজনীতি বোঝা যাচ্ছে না। এসব জ্বালাও-পোড়াও দেশকে ধ্বংস করার একটি প্রক্রিয়া। আসুন, আমরা সবাই বিএনপি, আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল আছে, সবাই একসঙ্গে বসি। আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা জড়িত। আমরা চাই, এ দেশটা সুন্দর দেশ হবে। সবাই একসঙ্গে কাজ করব এবং সব ব্যক্তিস্বার্থ পরিহার করব।”
নিষিদ্ধ আ.লীগসহ সব দলকে একসঙ্গে বসার আহ্বান চরমোনাই পীরের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এ দেশের সন্তান। আমরা লক্ষ্য করছি, আওয়ামী লীগের নামে দেশে যে ধরনের আচরণ করছেন—ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদ নষ্ট করা ও থানা পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটি কোন ধরনের রাজনীতি?”
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে রেজাউল করিম বলেন, ছাত্র-জনতা একটি বৈষম্যহীন ও সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জীবন দিয়েছিল। কিন্তু তাদের সেই আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ভুল করেছি। যাদের রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসানো হয়েছে, পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।
ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে চরমোনাই পীর বলেন, ক্ষমতায় আসার আগে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গণভোটের রায়ও কার্যকর করতে হবে। বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির উদ্দেশে প্রশ্ন তুলে তিনি বলেন, “আপনারা কী করতে চান? জনগণের রায় বাস্তবায়ন না করে দেশ চালানো অসম্ভব।”
ইসলামের আদর্শ সামনে রেখে দেশ পরিচালনা করতে পারলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর। তিনি বলেন, সবাই একসঙ্গে হলে দেশের মধ্যে আল্লাহর রহমতে একটি স্বর্ণযুগ তৈরি হবে। বর্তমান ও সাবেক সরকারগুলোর নীতি-আদর্শ ব্যর্থ হয়েছে। এখন একটাই নীতি-আদর্শ রয়েছে, আর তা হলো ইসলাম। ইসলামে একটি পিঁপড়ার স্বাধীনতারও নিশ্চয়তা রয়েছে।
ভোলাবাসীর দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি দ্বীপজেলা ভোলাকে সড়কপথে মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার সরকারি চিন্তাভাবনার পরিবর্তন দাবি করেন চরমোনাই পীর।
তিনি বলেন, “এটা অযৌক্তিক। ভোলাবাসী চায় ভোলা-বরিশাল ব্রিজ। ভোলা-বরিশালের ওপর দিয়েই ব্রিজ হতে হবে।”
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ আল আমীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সহসভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
Source - www.bd24live.com ↗