‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারকেও কটাক্ষ করেছেন মোদি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ মুক্তির বিষয়টিকে কাজে লাগিয়ে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টে দেখানো হয়েছে, ২০১৩ সালে ‘জিটিএ-৫’ মুক্তির পর থেকে ‘জিটিএ-৬’ আসা পর্যন্ত ভারত কীভাবে এগিয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’
পোস্টের সঙ্গে প্রকাশিত একাধিক ছবিতে গত এক দশকে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমে আসাসহ ভারতের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের সমালোচনাও করা হয়েছে। ছবিগুলোতে ব্যবহার করা হয়েছে ‘প্রাইসডাউন’ ফন্ট, যা জিটিএ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় ব্যবহৃত মোটা ও নজরকাড়া ফন্টের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
‘ভারত এখন সম্পূর্ণ নতুন খেলা খেলছে’, জানালেন মোদি

পোস্টে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেন।
বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। বর্তমানে ওই তালিকায় ভারতের নাম নেই।
মোদির পোস্টে ভারতের অন্যান্য অর্জনের মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ব্যাপক উন্নতি, মহাকাশ প্রযুক্তি খাতে ৪৪০টি স্টার্টআপ নিবন্ধন এবং বিদ্যুতায়নে অগ্রগতি।
তরুণ ও গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির বিষয়টিও পোস্টে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।
এ ছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির অগ্রগতিও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এনডিটিভি বলছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে এতে প্রায় ৬০ হাজার লাইক ও প্রায় দুই হাজার মন্তব্য পড়ে। মন্তব্যগুলোর বেশির ভাগই ছিল প্রশংসাসূচক।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে ‘জিটিএ-৬’। এর আগের মূল সংস্করণ ‘জিটিএ-৫’ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে।
ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির প্রি-অর্ডার থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার।
ইতিহাসে কোনো ভিডিও গেমের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ প্রি-অর্ডার থেকে আয়ের রেকর্ড।
Source - www.bd24live.com ↗