Bangladesh · 2026-11-20 13:00:00

তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট

তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট
দুবাইয়ে এবার ট্রানজিট খুবই অল্প সময়ের। তা–ও আবার সজলের কানেকটিং ফ্লাইটের গেটটা পড়েছে অনেক দূরে। ট্রেনে করে যেতে হবে দেখাচ্ছে। তাই প্লেন থেকে নেমে প্রায় ছুটতে হলো সজলকে। ভাগ্যিস, পিঠে শুধু হ্যাভারস্যাক, সজলের হাতে কোনো কেবিন লাগেজ নেই। আসলে নেওয়ার মতো তেমন কিছু ছিলও না। চার দিনের জন্য যাচ্ছে আফ্রিকার একটি দেশে, অফিসের একটা মিটিংয়ে। সামান্য কিছু জামাকাপড় আর জরুরি জিনিসপত্র ছোট একটা লাগেজে দিয়ে চেকইনে দিয়ে দিয়েছে। হ্যাভারস্যাকে ল্যাপটপ আর অফিসের কাগজপত্র।
দুবাই এয়ারপোর্টটা বিশাল। এক অংশ থেকে আরেক অংশে যেতে প্রায়ই ট্রেন লাগে। মাথার ওপর সাইন দেখে দেখে ছুটছিল সজল। শত শত মানুষ, বিচিত্র তাদের চেহারা ও পোশাক। এয়ারপোর্টে বসে নানান দেশের নানান রকম মানুষ দেখা তার শখ। কিন্তু এখন মানুষ দেখার সময় নেই। মাত্র ৪০ মিনিটের ট্রানজিট। দৌড়ে গিয়েও মনে হয় ধরতে পারবে না। কোনোমতে ট্রেনে উঠে একটা নিশ্বাস ফেলল সজল। সেলফোন খুলে ঘড়ি দেখল, লোকেশন অনুযায়ী ঘড়ি নিজে নিজে সময় পরিবর্তন করে নিয়েছে। এখন রাত ১১টা বেজে ১০। এখনো ২৫ মিনিট বাকি। মনে হচ্ছে, ধরে ফেলতে পারবে।
এই কানেকটিং ফ্লাইটে মনে হয় কম মানুষ যাচ্ছে। ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা। নয়তো এসব ট্রেন সব সময় ভিড়ে গিজগিজ করে। দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। আজ এমনকি বসার জায়গাও পেল সজল। দূরে দূরে কয়েকজন বসে আছে। কারও মুখে কথা নেই। বিদেশে এই একটা জিনিস ভালো। আমাদের দেশের মতো বাসে–ট্রেনে চিৎকার করে মানুষ কথা বলতে থাকে না। খক খক করে কাশে না। সেলফোন ক্রমাগত বাজে না। সবাই নীরব, চুপচাপ। ট্রেন একটা ঝাঁকুনি দিয়ে থামলে আর সবার সঙ্গে সজলও নেমে ছুট লাগাল। এদিকটা অস্বাভাবিক রকমের ফাঁকা। দুবাই এয়ারপোর্টের কোনো গেট এত ফাঁকা আগে কখনো দেখেনি সজল। আজকাল কি এই রুটে মানুষ কম ভ্রমণ করছে নাকি? আট মিনিটের মাথায় নিজের গেটের কাছে পৌঁছে গেল সজল। আশ্চর্য, এখনো গেট খোলেনি। ফ্লাইটের আর মাত্র ১৫ মিনিট বাকি। কাউন্টারগুলোতে এখনো কোনো লোক আসেনি। তাহলে ফ্লাইট নিশ্চয় ডিলে। একটা স্বস্তির নিশ্বাস ফেলল সজল। ভালোই হলো, একটু সময় পাওয়া যাবে। টয়লেটে যাওয়া যাবে। দৌড়াতে গিয়ে ঘাম ছুটে গেছে। খানিকটা জিরিয়ে নেওয়া যাবে।
শাহেদ জামানের গল্প—ছায়াবাজিগেটের কাছেও লোকজন তেমন নেই। সবাই নিশ্চয় আগেই জেনে গেছে ফ্লাইট ডিলে। ওর মতো দৌড়াতে দৌড়াতে আসছে না, ধীরেসুস্থে হেঁটে আসছে বুদ্ধিমানের মতো। কিন্তু যত দূর মনে পড়ে, এয়ারপোর্টের বিরাট স্ক্রিনে চোখ রেখে সজল দেখেছিল, ফ্লাইট যথাসময়েই ছাড়বে। কে জানে, কখন কী হলো! সজল একটা চেয়ারে বসে হ্যাভারস্যাক কাঁধ থেকে নামিয়ে পাশের চেয়ারে রাখল। ঠিক উল্টো দিকে এক বৃদ্ধা মহিলা বিরস মুখে বসে আছে। সাদা চামড়া, কটা চোখ। মুখে অজস্র বলিরেখা। এরা এই বয়সেও এত ঘোরাঘুরি করে! আর বাংলাদেশে একটু বয়স হলে সবাই ঘরে আটকে রাখে, যেন বয়স্কদের কোনো শখ–আহ্লাদ থাকতে নেই। একটু পর সজলের পাশে দুটো চেয়ার ফাঁকা রেখে এসে বসল একজন আফ্রিকান মধ্যবয়সী লোক। মোটাসোটা শরীর, চুলগুলো রিবনিং করা। ঠাস করে হাতের ব্যাগটা রাখল মেঝেতে। ঠিক তখনই চোখে পড়ল সজলের, লোকটার পায়ে জুতো নেই! আশ্চর্য, খালি পায়ে লোকটা বিদেশ ভ্রমণ করছে? নাকি জুতাজোড়া ব্যাগে রেখেছে কোনো কারণে? তার দৃষ্টি অনুসরণ করে নিজের পায়ের দিকে একবার তাকিয়ে এবার লোকটা একটু হেসে বলল, ইমার্জেন্সি ইভাকুয়েশনের সময় জুতা খুলেছিলাম। পরে আর খুঁজে পাইনি।
সজল নড়েচড়ে বসল। কৌতূহলী হয়ে বলল, কেন, প্লেনে সমস্যা হয়েছিল নাকি?
সজলের প্রশ্ন শুনে অবাক হয়ে গেল লোকটা। বলল, কেন, তুমি ওই প্লেনে ছিলে না?
-কোন প্লেনে?
-ওই যে যেটা ক্র্যাশ করল। থাইল্যান্ড থেকে ছেড়ে আসছিল।
-ও নাহ, আমি তো ঢাকা থেকে। কিন্তু কবে ঘটল এই ঘটনা।
লোকটা এবার অদ্ভুত ভঙ্গিতে শ্রাগ করল। বলল, মনে পড়ছে না এখন। আমি বাড়ি যাচ্ছিলাম। আমার পরিবার থাকে কেনিয়ায়। আমি ব্যাংককের একটা হোটেলে কাজ করতাম। ছুটি মিলল, ভাবলাম, দেশ থেকে ঘুরে আসি। দুবাইতে ট্রানজিট। তা ট্রানজিটের কাছাকাছি এসে প্লেন হঠাৎ গোত্তা খেয়ে নিচের দিকে নেমে আসতে শুরু করল। উফ, সে কী সিচুয়েশন! পেটের ভেতর থেকে যেন সব উগরে আসবে। মাথা ঘুরছিল বনবন করে। এর মধ্যে পাইলট ঘোষণা দিল, আরব সাগরে ল্যান্ড করবে। ইমার্জেন্সি ইভাকুয়েশনের জন্য তৈরি হতে বলল।
চোখ বড় বড় করে সজল জিজ্ঞেস করল, তারপর?
একটা নিশ্বাস ফেলে লোকটা বলল, তারপর কিছু মনে নেই। অ্যানিওয়ে, তোমার ব্যাপারটা কী? তুমি কীভাবে এখানে এলে?
-কেন? প্লেনে! ঢাকা থেকে। আমার একটা মিটিং আছে কেনিয়ায়। মানে, আমি ডেভেলপমেন্ট সেক্টরে—
-না মানে, আমি জানতে চাইছি—তাকে মাঝপথে থামিয়ে দিল লোকটা—মানে, তুমি কীভাবে মারা গেলে?
চমকে উঠল সজল। মারা যাব কেন? কী বলছ তুমি?
এবার লোকটা হাঁ হাঁ করে হাসতে লাগল। তার মোটা ভুঁড়িটা হাসির কারণে ভয়ানকভাবে দুলছে। সজল এবার এদিক–ওদিক তাকাল নার্ভাস ভঙ্গিতে। লোকটা মনে হয় মাতাল। নয়তো পাগল। কাউন্টারে এখনো কেউ আসেনি। সামনের বুড়িটা এখনো স্থাণুর মতো বসে আছে, চোখের পাতা পড়ছে না তার। একটু দূরে একটা চীনা পরিবার, বাবা–মা বসে আছে চেয়ারে আর তাদের কিউট বাচ্চা দুটো ছোটাছুটি করছে। একেবারে কোণে একজন আরবীয়, মুখে দাড়ি, মুখ নিচু করে ফোন দেখছে।
আফ্রিকান লোকটা হাসি থামলে গম্ভীর হয়ে বলল, অনেক সময় মরে গেলেও ব্যাপারটা ঠিকমতো বোঝা যায় না। মরে যাওয়ার ঘটনাটা এমন আচমকা ঘটে যায় যে ঠিক বিশ্বাস হতে চায় না। আবার কেউ কেউ মরে গিয়ে মাঝপথে আটকে থাকে। বিশেষ করে যাদের মরদেহ সৎকার হয়নি বা খুঁজে পাওয়া যায়নি। যেমন আমার। কোথায় কোন সাগরে পড়ে আছে, মাছেরা খুবলে খাচ্ছে কি না, কে জানে! ওই যে চীনাদের দেখছ, ওদের সঙ্গে গতবারও দেখা হয়েছিল। ওরা নেপালে বেড়াতে গিয়ে ভূমিধসের শিকার হয়েছিল। হাজার ফুট নিচে হারিয়ে গিয়েছিল। তাদের লাশ মেলেনি। হয়তো পাহাড়ি নদীতে ভেসে গেছে বা বরফের স্তূপের নিচে চাপা পড়ে গেছে। ওদেরও দুবাই হয়ে লন্ডন ফেরার কথা ছিল। এখন ওরাও আমার মতো আটকে গেছে, মানে এই ট্রানজিটে। এপার আর ওপারের মাঝখানে।
সজল এবার নিশ্চিত হলো যে লোকটা উন্মাদ। মাতাল হলে কথা জড়িয়ে যেত, মুখ থেকে দুর্গন্ধ আসত। কিন্তু সে দিব্যি সুস্থভাবে কথা বলে চলেছে। সে একটু কেশে বলল, ওয়াশরুম থেকে আসছি।
ওয়াশরুমে চোখেমুখে পানি দিয়ে একটু ভালো লাগছিল। সজল এবার আফ্রিকানকে এড়িয়ে সাদা বুড়ির পাশে গিয়ে বসল। বুড়ি এখনো নট নড়ন চড়ন। এ-ও কি মরে গেছে নাকি? হাতে বাচ্চাদের মতো ধরে রেখেছে একটা ছোট টেডি বিয়ার। হাত থেকে টেডি বিয়ারটা পড়ে যাচ্ছে না, তার মানে, সে সজ্ঞানই আছে। সজল পাশে বসতেই ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বিরস মুখে বলল, টেডি বিয়ারটা নাতনির জন্য কিনেছিলাম, বুঝলে? ভিয়েতনাম থাকে আমার মেয়ে। নাতনিকে কখনো দেখিনি। শিকাগো থেকে নিউইয়র্ক ফ্লাইট বদল করে তারপর দুবাইতে আবার ট্রানজিট। হ্যানয় পৌঁছার আগেই আগুন ধরে গেল।
মাশুদুল হকের গল্প—ত্রাতারাসজল ঢোক গিলে বলল, প্লেনে?
-না, শহরেই। দুবাইতে ঘুরব বলে ২৪ ঘণ্টার ট্রানজিট নিয়েছিলাম। প্যাকেজ নিয়েছিলাম একটা। হঠাৎ মনে হলো যেন একটা বোমা বা ড্রোন এসে পড়ল বাসের ওপর। সঙ্গে সঙ্গে দাউ দাউ আগুন।
-তারপর?
-তারপর আর কী? বিরক্ত মুখে বলল বুড়ি। ভিয়েতনাম থেকে মেয়েজামাই নাকি এসেছিল এখানে খুঁজতে। কোথাও খুঁজে পায়নি। পাবে কী করে? আমি তো এই ট্রানজিটে আটকে আছি। এত বড় এয়ারপোর্ট কি ঘুরে ঘুরে খুঁজে দেখা সম্ভব?
সজল ভয়ে ভয়ে বলল, ফোন করেননি ওদের?
বুড়ি আরও বিরক্ত হলো। খিটখিট করে বলল, ফোন তো ওখানেই আটকে আছে। মানে যে মুহূর্তে বাসের মাথার ওপর কী একটা এসে পড়েছিল। তখন বেলা তিনটা বাজে। এই দ্যাখো, বলে সেলফোন খুলে দেখাল বুড়ি।
সজল এবার ভয়ে ভয়ে নিজের ফোনটাও পকেট থেকে বের করল। রাত ১১টা বেজে ১০! আশ্চর্য! ওরও দেখি সময় আটকে গেছে। কী মুশকিল! হঠাৎ কেন যেন একটা প্যানিক অ্যাটাকের মতো হলো তার। দম আটকে আসছে। হাত কাঁপছে। নাহ, এখানে আর একমুহূর্তও নয়। ফ্লাইট মিস হলে হবে। তাকে এখান থেকে চলে যেতে হবে। সে হ্যাভারস্যাকটা টান দিয়ে তুলে পেছন দিকে ছুটল। ট্রেনে করে এখনই মূল এয়ারপোর্টে ফিরে যেতে হবে। কিন্তু সামনে গিয়ে দেখে, কোনো ট্রেন নেই। ট্রেন যে আসছে, তেমন কোনো ঘোষণাও নেই। একজন এয়ারপোর্ট স্টাফ হলুদ জ্যাকেট পরে বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করল, ট্রেন আসবে না?
লোকটা বলল, কোন ট্রেন?
-মানে এই গেটে আনা–নেওয়া করে যে ট্রেন।
-না। এটা একটা ওয়ানওয়ে জার্নি। এখানে কেবল আসা যায়, এখান থেকে ফেরত যাওয়া যায় না।
এই বলে লোকটা হন হন করে কোথায় যেন চলে গেল। সজল আবার এদিক–ওদিক এলোমেলো হাঁটাহাঁটি করে গেটের কাছে এল। আফ্রিকান লোকটা খালি পা দুটো দোলাতে দোলাতে কানে ব্লুটুথ গুঁজে গান শুনছে। বুড়িটা এখনো টেডি বিয়ার হাতে নিয়ে বিরস মুখে বসে আছে। চোখের পাতা পড়ছে না। কাউন্টারে এখনো কোনো লোক আসেনি।
সে এবার পেছনে বসা আরবীয় লোকটার পাশে গিয়ে বসল। তাকে দেখে সামান্য হাসল ফরসা লোকটা। সজল ঢোক গিলে প্রশ্ন করল, কাউন্টারে কেউ আসবে না?
আরবীয় তরুণটি একবার কাউন্টারের দিকে তাকিয়ে মাথা ঘুরিয়ে বলল, গতবারও দেড় দিন এখানে বসে অপেক্ষা করেছি। আসেনি। কে জানে, আজ আসবে কি না।
-তাহলে আমরা এখানে এভাবে বসেই থাকব?
-এ ছাড়া আর কী করার আছে? আমরা তো এই ট্রানজিটে আটকে গেছি। কখন গেট পার হতে পারব, তা আল্লাহই জানেন।
-তুমি কোথায় যাচ্ছিলে?
একটা দীর্ঘশ্বাস ফেলল ছেলেটা। তারপর বলল, দুবাই এসেছিলাম কাজ খুঁজতে। আমার বাড়ি ইয়েমেন। একটা কোম্পানিতে গার্ডের চাকরি পেয়েছিলাম। ভালোই চলছিল। একদিন অন্যদের গন্ডগোলের মধ্যে পড়ে স্রেফ খুন হয়ে গেলাম।
সজল অসহায় ভঙ্গিতে বলল, তুমিও?
-আমিও কী?
-মানে, তুমিও মৃত?
-নয়তো কী? এই গেটে কেবল মৃতরাই আসে। আমার প্লেনের টিকিট করা ছিল পরদিনের। বাড়ি যাওয়ার। বাড়িতে মা–বাবা এখনো অপেক্ষা করে আছে। আর আমি আটকে পড়ে আছি এখানে। কী বিশ্রী ব্যাপার বলো তো?
-তার মানে, আমরা আর কখনো আমাদের আসল গন্তব্যে পৌঁছাতে পারব না?
সজলের প্রশ্ন শুনে ছেলেটা উদাস হয়ে গেল। তারপর গম্ভীর হয়ে বলল, আসল গন্তব্য বলতে তুমি কি বোঝাচ্ছ, তার ওপর নির্ভর করে। সত্যি বলতে কি গন্তব্যে পৌঁছানোর পথটা দীর্ঘ। বিশেষ করে যদি তুমি পথের মাঝখানে ট্রানজিটে আটকা পড়ো।
সজলের আর কিছু করার নেই। শূন্য অন্ধকার কাউন্টারের সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সে আবার ফিরে এল নিজের জায়গায়। এই অন্তহীন ট্রানজিটে কত দিন আটকে থাকতে হবে কে জানে! আরবীয় ছেলেটার কথা মনে পড়ল তার। গন্তব্যে পৌঁছানোর পথ সত্যি বড় দীর্ঘ।
জাপানের মঞ্চে কিআর গল্পআষাঢ়ে গল্পের গল্পভারতেশ্বরী হোমসে টিফিনের গল্প

Source - www.kishoralo.com ↗