নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চার যুবক আহত হয়েছেন, যাদের জলঢাকা ও কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুজন (২২), তিনি বড়ভিটা কামারপাড়া গ্রামের সোনাতন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত শেষে শুক্রবার ভোর ৪টার দিকে গণেশের বাজারে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষ করে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন ওই যুবকরা। পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
নাইট ক্রিকেট টুর্নামেন্ট থেকে ফেরার পথে ট্রাক্টর-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে মতিন (২৩), মিথুন (২২) ও মামুন (২০)-এর নাম জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Source - www.bd24live.com ↗