Bangladesh · 2026-11-20 14:25:57

অবরোধ-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ

অবরোধ-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ
সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে প্রায় দেড় দিন স্থবির থাকার পর আবারও সচল হয়ে উঠেছে গোপালগঞ্জ। ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। খুলেছে হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান। সড়কে বেড়েছে যানবাহনের চাপ, বাজারে ফিরতে শুরু করেছেন ক্রেতা-বিক্রেতারা। বৃহস্পতিবারের অচলাবস্থার পর শুক্রবার সকালে জেলাজুড়ে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। ঢাকা ও চট্টগ্রামগামী বাসের পাশাপাশি ঢাকার দিক থেকেও গোপালগঞ্জের বিভিন্ন গন্তব্যে বাস আসতে দেখা যায়। ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কোটালীপাড়া এক্সপ্রেস, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। নিরাপত্তার কারণে পরিবহন মালিকেরা বাস চলাচল বন্ধ রাখেন। এতে প্রায় ৩৬ ঘণ্টা দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়। যদিও সড়কের কিছু স্থানে এখনো গাছপালার ধ্বংসাবশেষ রয়েছে, তবে সেগুলো পাশ কাটিয়ে যানবাহন চলাচল করছে।

দোলা পরিবহনের বাগেরহাটগামী বাসের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ঢাকা গুলিস্তান কাউন্টারের ইনচার্জ বাঁধন বলেন, সকাল থেকেই কোটালীপাড়া থেকে ঢাকায় বাস আসছে। একই সঙ্গে ঢাকা থেকেও কোটালীপাড়ার উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে।

শুধু পরিবহন খাতই নয়, স্বাভাবিক হতে শুরু করেছে ব্যবসা-বাণিজ্যও। বৃহস্পতিবার নিরাপত্তা ও লকডাউন পরিস্থিতির কারণে জেলার বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ থাকলেও শুক্রবার সকাল থেকে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। অভ্যন্তরীণ সড়কগুলোতেও বাস, ট্রাক, পণ্যবাহী যানবাহন ও ছোট যান চলাচল করতে দেখা গেছে।

কোটালীপাড়ার ঘাঘর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার পরিস্থিতির কারণে সব দোকানপাট বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে ব্যবসায়ীরা দোকান খুলেছেন। বাজারে ক্রেতাদের ভিড়ও দেখা যাচ্ছে।

প্রায় দেড় দিনের অচলাবস্থার পর সড়কে যানবাহন চলাচল এবং বাজারে মানুষের উপস্থিতি বাড়ায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে।

The post অবরোধ-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗