Bangladesh · 2026-11-20 15:09:53

শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর করে তোলা হবে: শিক্ষামন্ত্রী

শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর করে তোলা হবে: শিক্ষামন্ত্রী
সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশি-বিদেশি শিক্ষাবিদদের অংশগ্রহণে এ আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। আগামীতে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।

একই সঙ্গে বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে প্রচুর মানবসম্পদ রয়েছে, তবে তা অদৃশ্য বা অস্পর্শনীয়। এই অদৃশ্য সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তরিত করতে হবে।’

উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপটে বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর একটি।

তিনি বলেন, সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা এমন যোগ্য শিক্ষার্থী গড়ে তুলছেন, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার বিষয়ে সবাইকে আন্তরিক ও মনোযোগী হতে হবে, যা দেশের উন্নয়নে সহায়ক হবে।

Source - www.bd24live.com ↗