Bangladesh · 2026-11-20 15:09:21

চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি

চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি
চুয়াডাঙ্গায় গত রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। দিনভর বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বিশেষ করে দিন আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। অন্যদিকে বৃষ্টির কারণে শহরে মানুষের চলাচল কমে যাওয়ায় যাত্রী সংকটে পড়েছেন ভ্যান ও রিকশাচালকেরা। বৃষ্টির পাশাপাশি অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা।

শুক্রবার সরেজমিনে চুয়াডাঙ্গা শহর ঘুরে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে। শুক্রবার মানুষের নানা প্রয়োজনে বাইরে বের হতে হয়। তবে গত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় শহরে মানুষের আনাগোনা তুলনামূলক কম। ফলে অনেকটা ফাঁকা দেখা গেছে শহরের সড়কগুলো।

সকালে বিভিন্ন গ্রাম থেকে কাজের সন্ধানে শহরে এসে কাজ না পেয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে অনেক শ্রমিককে। অন্যদিকে যাত্রী না পেয়ে শহরের বিভিন্ন স্থানে ভ্যান ও রিকশাচালকদের অলস সময় কাটাতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, তাদের অনেককেই ছাতা মাথায় চলাচল করতে দেখা যায়। বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

শহরে আসা পথচারী রাসেল আলী বলেন, ‘রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বাইরে চলাচল করতে বেশ কষ্ট হচ্ছে। পাশাপাশি শীতও অনুভূত হচ্ছে। মনে হচ্ছে, বৃষ্টি থামলে শীত পুরোদমে জেঁকে বসবে। বৃষ্টির কারণে সব শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগের শেষ নেই।’

কথা হলে ভ্যান ও রিকশাচালকেরা জানান, শুক্রবার সাধারণত মানুষ বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হন। এদিন যাত্রী বেশি পাওয়া যায় এবং ভাড়াও তুলনামূলক ভালো হয়। কিন্তু সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় বাজারে মানুষের আনাগোনা কম। ফলে যাত্রী পাওয়া যাচ্ছে না। সকাল থেকে তেমন কোনো যাত্রী না পাওয়ায় অলস সময় কাটাতে হচ্ছে। এতে আয়-রোজগার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন তারা।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১৫ মিলিমিটার।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসের ২৫ নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তখন শীত পুরোদমে জেঁকে বসতে শুরু করবে।’

Source - www.bd24live.com ↗