Bangladesh · 2026-11-20 14:38:39

৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার

৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার
ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাজ্জাদ আকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সদস্য। এলাকায় বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Source - www.bd24live.com ↗