Bangladesh · 2026-11-20 16:00:00

প্রথমবার মা হলেন সামান্থা

প্রথমবার মা হলেন সামান্থা
প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। স্বামী ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর সংসারে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন দেব নিদিমোরু।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবর জানান সামান্থা ও রাজ। তাঁদের দেওয়া ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাত আঁকড়ে রয়েছে মা–বাবার আঙুল। ছবির সঙ্গে লেখা, ‘আমাদের সুন্দর ছোট্ট ছেলে, দেব নিদিমোরু। জন্ম ১৯ নভেম্বর ২০২৬। আমাদের হৃদয় এর চেয়ে বেশি আনন্দিত কখনো হয়নি।’ ছোট্ট এই ঘোষণার পরপরই শুভেচ্ছায় ভরে ওঠে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘর।
প্রেম থেকে বিয়ে, এবার মা–বাবা
রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার পরিচয় কাজের সূত্রে। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় মৌসুমে অভিনয়ের সময় তাঁদের পরিচয়। পরে ‘সিটাডেল: হানি বানি’তে আবার একসঙ্গে কাজ করেন তাঁরা। রাজ ও তাঁর দীর্ঘদিনের সহযোগী কৃষ্ণা ডিকে পরিচালিত এই সিরিজে সামান্থাকে দেখা যায় অ্যাকশনধর্মী চরিত্রে।

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

কাজের সূত্রে পরিচয় থেকে ধীরে ধীরে ঘনিষ্ঠতা। ২০২৪ সাল থেকে সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হলেও দুজনের কেউই প্রকাশ্যে বিষয়টি নিয়ে খুব একটা কথা বলেননি। সামান্থার সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের উপস্থিতি অবশ্য ভক্তদের কৌতূহল বাড়িয়েছিল। অবশেষে ২০২৫ সালের ১ ডিসেম্বর বিয়ের ছবি প্রকাশ করে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন তাঁরা।
তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ইশা যোগ সেন্টারের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করে এই জুটি। সামান্থা ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ‘ভূতশুদ্ধি বিবাহ’ নামের যৌগিক রীতিতে। বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে তুলনামূলকভাবে সংযত থাকলেও মাঝেমধ্যে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ করেছেন দুজন।
পরবর্তী সময়ে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে সামান্থা মজা করে নিজেদের ‘বিরক্তিকর দম্পতি’ বলেছিলেন। কারণ, তাঁরা প্রায় সবকিছুই একসঙ্গে করেন—কাজ, খেলাধুলা ও শরীরচর্চা। এমনকি এক দিনের জন্য আলাদা কোথাও যেতে হলেও তাঁর মন খারাপ হয়ে যায় বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, তাঁদের সম্পর্ককে আর নতুন প্রেমের উচ্ছ্বাস বলে মনে হয় না; একসঙ্গে থাকার অভ্যাসটাই তাঁদের জীবনের অংশ হয়ে উঠেছে।
সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে বিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু
সামান্থার ব্যক্তিগত জীবনের গল্পে রাজের আগমনের আগে ছিল আরেকটি আলোচিত অধ্যায়। অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয়েছিল তাঁর। দক্ষিণ ভারতের বিনোদনজগতের জনপ্রিয় এই জুটির বিচ্ছেদের ঘোষণা আসে ২০২১ সালে। প্রায় চার বছরের দাম্পত্যের ইতি ঘটলেও বিচ্ছেদের কারণ নিয়ে নানা আলোচনা চলেছে। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি সামান্থা।
বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে নিজের মানসিক পরিবর্তনের কথা জানিয়েছিলেন সামান্থা। একসময় মনে হয়েছিল, আর কখনো কারও ওপর নির্ভর করবেন না। কিন্তু রাজের সঙ্গে সম্পর্ক তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সামান্থা বলেছিলেন, এই সম্পর্কের কারণে তিনি আরও ভালো মানুষ হয়ে উঠেছেন। রাজের ব্যক্তিত্ব ও তাঁর প্রতি আস্থার কথাও বিশেষভাবে উল্লেখ করেছিলেন অভিনেত্রী।
অসুস্থতা, অভিনয় ছাড়ার ভাবনা, তারপর প্রত্যাবর্তন
সামান্থার জীবনের আরেকটি কঠিন অধ্যায় ২০২২ সালে। সে বছর তিনি জানান, বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন। এ রোগে পেশিতে প্রদাহ ও দুর্বলতা দেখা দিতে পারে। অসুস্থতার কারণে কাজ থেকে বিরতিও নিতে হয়েছিল তাঁকে। চিকিৎসা ও শারীরিক সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করতে হয়েছে।
তবে অসুস্থতা সামান্থার অভিনয়জীবন থামিয়ে দিতে পারেনি। ‘সিটাডেল: হানি বানি’তে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে বেশ কঠিন সময় পার করেছেন তিনি। একপর্যায়ে কাজ চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েও সংশয়ে পড়েছিলেন। এমনকি পরিচালকদের কাছে অন্য কাউকে দিয়ে চরিত্রটি করানোর অনুরোধ করেছিলেন বলে পরে এক সাক্ষাৎকারে জানান।
সেই সময় অভিনয় ছেড়ে প্রযোজনায় মনোযোগ দেওয়ার কথাও ভেবেছিলেন সামান্থা। কিন্তু রাজের উৎসাহ তাঁকে আবার অভিনয়ে ফিরতে সাহায্য করে। তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তও আসে সেই উৎসাহ থেকে। রাজ ছিলেন সিনেমাটির সৃজনশীল পরিকল্পনার সঙ্গে যুক্ত।
সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিধুমুরুদ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি মানিয়ে নিয়েছিলেন। কিন্তু রাজ ও প্রযোজক হিমাঙ্ক দুব্বুরুর সঙ্গে কাজ করতে গিয়ে আবার সাহস ফিরে পান। তাঁর ভাষায়, রাজের নিজের ওপর তাঁর চেয়ে বেশি বিশ্বাস রয়েছে।
গর্ভাবস্থার খবর জানিয়েছিলেন জুনে
মা হওয়ার খবর অবশ্য আগে থেকেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সামান্থা। গত ২৪ জুন হায়দরাবাদে ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে প্রথমবার গর্ভধারণের খবর প্রকাশ্যে আনেন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও গর্ভাবস্থার নানা মুহূর্ত ভাগ করে নেন।সেপ্টেম্বরে আয়োজন করা হয় সামান্থার সাধ অনুষ্ঠান। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করেছিলেন সামান্থা। মন্ত্রোচ্চারণ, প্রার্থনা ও বিভিন্ন প্রথার মধ্যে যে একধরনের গভীরতা রয়েছে, তা তিনি অনুভব করেন বলেও লিখেছিলেন। অনুষ্ঠানে রাজ ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নভেম্বরের শুরুতে নিজের মাতৃত্বকালীন একটি ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে মজা করে লিখেছিলেন, এটিকে তাঁর মাতৃত্বকালীন ফটোশুট হিসেবে বিবেচনা করতে পারেন ভক্তরা। তখনই বোঝা যাচ্ছিল, জীবনের নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন তিনি।
১০০ কোটি আয় থেকে মা হওয়া—সব নিয়ে বললেন সামান্থা২০০০–এর দশকের শেষ দিকে অভিনয়জগতে যাত্রা শুরু সামান্থার। তেলেগু ও তামিল সিনেমায় কাজ করে অল্প সময়েই জনপ্রিয়তা পান। ‘ইয়ে মায়া চেসাভে’, ‘ইগা’, ‘মার্সাল’, ‘রঙ্গস্থলম’ ও ‘মাজিলি’র মতো সিনেমায় অভিনয় তাঁকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ করে তোলে।তবে সামান্থার জনপ্রিয়তা দক্ষিণ ভারতের গণ্ডিতে আটকে থাকেনি। হিন্দি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর দ্বিতীয় মৌসুমে রাজি চরিত্রে অভিনয় করে সারা ভারতের দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। চরিত্রটির জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল তাঁকে। পরে ‘সিটাডেল: হানি বানি’তে অ্যাকশন অভিনয়েও নিজের দক্ষতা দেখিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও মনোযোগী হয়েছেন সামান্থা। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে সিনেমা নির্মাণের অন্য দিকেও যুক্ত হয়েছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Source - www.prothomalo.com ↗