Bangladesh · 2026-11-20 17:37:53

কালীগঞ্জে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী রতনের ৪ মাসের কারাদণ্ড

কালীগঞ্জে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী রতনের ৪ মাসের কারাদণ্ড
গাজীপুরের কালীগঞ্জে নিজ বাড়ি থেকে ৪ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ মো. রতন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মো. রতন মিয়া ওই এলাকার আব্দুল আলীর ছেলে।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল গত রাতে বড়গাঁও এলাকায় রতন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ বসতঘর থেকে বিক্রয় ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করা ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ (ফয়েল পেপার, সেবনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের বোতল ইত্যাদি) উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধার অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি মো. রতন মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার প্রসিকিউটর ও কালীগঞ্জ থানার এসআই মাসুদ রানা শামীম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ২১) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামীকে গাজীপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল, অভিযুক্ত রতন মিয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক কেনাবেচা ও সেবন করে আসছিল। পুলিশ ও প্রশাসনের এই যৌথ উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Source - www.bd24live.com ↗