বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে এতিম শিশুদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বগুড়া-৪ (কাহালুুনন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার ওমরপুর আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসায় এ উপলক্ষে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাদ জুমা বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে এমপি মোশারফ হোসেন নিজ হাতে এতিমখানার শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন এবং তাদের সাথে একই সারিতে বসে দুপুরের খাবার খান। এ সময় তিনি উক্ত মসজিদের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
তারেকরহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ

অনুষ্ঠানে এমপি মোশারফ হোসেন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে আমরা কোরআন খতম, দোয়া এবং এতিম শিশুদের সাথে সময় কাটানোর উদ্যোগ নিয়েছি। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই দিনটি উদযাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।"
এতিম শিশুদের উদ্দেশে তিনি বলেন, "তোমরা নিজেদের কখনো অসহায় মনে করবে না, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে।"
অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, যুগ্ম সম্পাদক শাহিন শাহজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাব্বিসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Source - www.bd24live.com ↗