নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী কাছারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা পৌনে তিনটার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তাঁরা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলের এক পর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন নেতা–কর্মীরা। এ সময় কার্যালয়ের দুটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এরপর প্রায় পাঁচ মিনিট অবস্থান করে তাঁরা সেখান থেকে চলে যান। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগ–ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, পেট্রল ঢেলে আগুন

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, বেলা পৌনে তিনটার দিকে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। ভাঙচুরে কার্যালয়ের দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি দরজা ও ফটক ক্ষতিগ্রস্ত হয়।
ওসি শামসুজ্জামান আরও বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে পুলিশ গিয়ে সেখানে নিষিদ্ধ সংগঠনের কাউকে পায়নি। মিছিলের ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে। তাঁদের আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source - www.prothomalo.com ↗