Bangladesh · 2026-11-20 21:58:42

৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট

৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট
মানচিত্রে ছোট্ট এক ভূখণ্ড। জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। যাতায়াতের জন্য সপ্তাহে একটিমাত্র বাণিজ্যিক ফ্লাইট। বছরের বেশির ভাগ সময়ই প্রতিকূল আবহাওয়া। এমন জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের কথা ভাবাটাও কঠিন। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছে ফকল্যান্ড আইল্যান্ডস।
দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে দূরে, আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপপুঞ্জে এবার বসেছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। রাজধানী স্ট্যানলির প্লাটিনাম ওভালে কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে স্বাগতিকেরা। সিরিজটি ৬-২ ব্যবধানে জিতেও নিয়েছে তারা।
তবে এই জয় কেবল একটি সিরিজ জয়ের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে একটি ভূখণ্ডের ক্রিকেটীয় স্বপ্ন, সীমাবদ্ধতা পেরিয়ে এগিয়ে যাওয়ার সাহস এবং ছোট্ট একটি জনগোষ্ঠীর অসাধারণ উদ্যোগ।
ফকল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এই সিরিজের গুরুত্ব আরও বড়। জনসংখ্যায় আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশ হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ইতিহাসে নাম লেখাল তারা। আরেকটি ইতিহাসও গড়েছে ফকল্যান্ড। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার স্বীকৃত কোনো প্রতিযোগিতা এই প্রথম আয়োজিত হলো দ্বীপপুঞ্জটিতে।
ফকল্যান্ডে ক্রিকেট আয়োজনের সবচেয়ে বড় বাধা ছিল সফরকারী দলগুলোর সেখানে পৌঁছানো। দ্বীপপুঞ্জটিতে যাতায়াতের জন্য সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট রয়েছে। সেটি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ফকল্যান্ডে আসে এবং আবার ফিরে যায়। ফলে কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে হলে বেশ লম্বা সময় আগে পরিকল্পনা করতে হয়। শুধু বিমানের টিকিটের ব্যবস্থা করলেই চলে না, খেলোয়াড়দের ছুটি (যেহেতু অন্য পেশায় যুক্ত), অর্থের সংস্থান, সফরের সময়সূচি—সবকিছুই মিলিয়ে নিতে হয়।
ফকল্যান্ডের পর্যটন বোর্ডের ওয়েবসাইটে পর্যটকদের জন্য সেখানে পৌঁছানোর গাইডলাইন দেওয়া আছে। অ্যান্টার্কটিকার দিকে যাওয়া জাহাজগুলো মাঝেমধ্যে এই দ্বীপপুঞ্জে থামে। তবে সাধারণ পর্যটকের তুলনায় সামরিক দায়িত্বে থাকা ব্যক্তিই বেশি থাকেন সেসব জাহাজে।
জনসংখ্যার হিসাবেও ফকল্যান্ডের ক্ষুদ্রতা সহজেই বোঝা যায়। পুরো দ্বীপপুঞ্জে মানুষের সংখ্যা প্রায় ৩ হাজার ৮০০। আইসিসির সদস্যদের মধ্যে জনসংখ্যার হিসাবে সবচেয়ে কম, দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যার দেশ সেন্ট হেলেনায় মানুষের সংখ্যা আরও অন্তত এক হাজার বেশি।
ফকল্যান্ডের স্ট্যানলির প্লাটিনাম ওভাল স্টেডিয়ামের অবস্থান নিউজিল্যান্ডের ডানেডিন ও কুইন্সটাউনের আন্তর্জাতিক ক্রিকেট মাঠগুলোর দক্ষিণে। অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব মাত্র এক হাজার কিলোমিটারের কিছু বেশি। এমন একটি জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন যে কতটা কঠিন, তা সহজেই অনুমেয়।
সিসিল আলেকজান্ডারফকল্যান্ডের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সিসিল আলেকজান্ডার আইসিসিকে বলেছেন, ‘আমাদের কোনো কিছু আয়োজন করতে হলে এক বছর বা তারও বেশি সময় আগে থেকে পরিকল্পনা করতে হয়। শুধু ফ্লাইটের বিষয়টিই নয়, খেলোয়াড়দের ছুটি নিতে হয়, অর্থের ব্যবস্থা করতে হয়। কোস্টারিকা আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছিল বলেই এই দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন সম্ভব হয়েছে।’
ফকল্যান্ডে ক্রিকেট খেলার উপযুক্ত সময়ও খুব বেশি নয়। অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম দিক থেকে খেলা শুরু করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে মার্চ পর্যন্ত, এমনকি এপ্রিলেও খেলা চালানো সম্ভব। এরপর তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। কখনো শূন্য ডিগ্রির নিচে চলে যায়, সঙ্গে থাকে তুষারপাত।
গ্রীষ্মকালেও আবহাওয়া খুব একটা উষ্ণ হয় না। ভাগ্য ভালো থাকলে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। আর শীতের দিনে কয়েকবার তুষারপাতের পাশাপাশি তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে আসে।
কোস্টারিকার বিপক্ষে সিরিজ চলাকালে তাপমাত্রা ছিল ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩ থেকে ১৪ মাইল। এরপরও অবশ্য খারাপ আবহাওয়ার কারণে ম্যাচের সূচি পরিবর্তন করতে হয়েছে। তবু সিরিজ শেষ হয়েছে। আর শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় উদ্‌যাপনের উপলক্ষ পেয়েছে ফকল্যান্ড।
মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরেফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস অবশ্য একেবারে নতুন নয়; বরং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বহু আগে থেকেই সেখানে ক্রিকেট খেলা হতো।
১৯২০ ও ১৯৩০-এর দশকেই দ্বীপপুঞ্জটিতে হওয়া ক্রিকেট ম্যাচের অস্তিত্ব পাওয়া যায়। তখন স্ট্যানলির স্থানীয় দল খেলত বিভিন্ন জাহাজ থেকে আসা নাবিক এবং সামরিক বাহিনীর সদস্যদের বিপক্ষে। পরবর্তী সময়ে ১৯৬০ ও ১৯৭০-এর দশকে স্ট্যানলি ক্রিকেট ক্লাবের সঙ্গে ম্যাচ হতো ডিপেনডেন্সিস সার্ভের সদস্যদের। এই সংস্থাটিই পরবর্তী সময়ে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে নামে পরিচিত হয়। নৌবাহিনীর জাহাজ থেকে আসা সদস্যরাও এসব ম্যাচে অংশ নিতেন।
একপর্যায়ে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যায়। তবে আশির দশকের শেষ ভাগ ও নব্বইয়ের দশকে আবারও খেলাটির প্রতি আগ্রহ বাড়তে থাকে। ২০০১ সালে গঠিত হয় ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন। এরপর স্পনসরশিপ ও তহবিল সংগ্রহের মাধ্যমে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার উদ্যোগ শুরু হয়।
সেই প্রচেষ্টার ফল আসে ২০০৭ সালে। আইসিসির সদস্যপদ পায় ফকল্যান্ড আইল্যান্ডস। ২০১৭ সালে আইসিসি সদস্যদের জন্য দুই স্তরের কাঠামো চালু করলে অন্যান্য সহযোগী সদস্যের সঙ্গে ফকল্যান্ডও অ্যাসোসিয়েট সদস্যের মর্যাদা পায়।
দীর্ঘ পথ পেরিয়ে এবার নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ পেল তারা। আর সেই সুযোগের সদ্ব্যবহারও করেছে দলটি।
খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

Source - www.prothomalo.com ↗