Bangladesh · 2026-11-20 21:18:57

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে
রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা।
ডিবি পুলিশের রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়, গ্রেপ্তার তিনজন এ ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। মামলার পলাতক আসামিদের সঙ্গেও তাঁদের যোগাযোগ রয়েছে। আবেদনে আরও দাবি করা হয়, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন বলেও পুলিশ আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাঁদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত ও অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে প্রত্যেককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। এ কারণে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।
তবে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাছলিমা জাহান, এস এম দৌলত-এ-খুদাসহ কয়েকজন আসামিদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এ মামলায় আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মতো কোনো উপাদান নেই। মূলত রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছে। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হলে কারাফটকে (জেলগেটে) তা করা যেতে পারে।
অভিনেতা তমালের আইনজীবী তাছলিমা জাহান শুনানিতে বলেন, তাঁর মক্কেল হৃদ্‌রোগে আক্রান্ত। সন্ত্রাসবিরোধী আইনে কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্টতার পক্ষে ব্যানার, ভিডিও ফুটেজসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সেসবের কিছুই নেই। মক্কেল অসুস্থ হওয়ায় রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন করেন তিনি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের সর্বোচ্চ ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন। তিনি বলেন, আসামিরা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং দলটির সুবিধাভোগী। তাঁরা বিভিন্ন সময়ে বুদ্ধিবৃত্তিকভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছেন। তাঁদের পেছনে কারা কাজ করেছেন, তা জানতে সর্বোচ্চ ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের আইনজীবী এস এম দৌলত-এ-খুদা বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বাইরেও সাতক্ষীরায় তাঁর মক্কেলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা সব মামলাই ২০২৪ সালের ৫ আগস্টের আগের; এরপর তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা হয়নি।
তবে রাষ্ট্রপক্ষ দাবি করে, ২০২৪ সালের ৫ আগস্টের পরও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর তিনটি পৃথক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতা-কর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানার এসআই তানভীর মেহেদী সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

Source - www.prothomalo.com ↗