Bangladesh · 2026-11-21 08:00:00

কফি কাউচে নজর কাড়ল দুই বেস্টির ফ্যাশন মোমেন্ট

কফি কাউচে নজর কাড়ল দুই বেস্টির ফ্যাশন মোমেন্ট
‘কফি উইথ করণ’–এর নবম সিজনে এবারই প্রথম অভিষেক হয়েছে অভিনেত্রী শানায়া কাপুরের; সঙ্গে ছিলেন তাঁর প্রিয় বন্ধু ও অভিনেত্রী অনন্যা পান্ডে। দুই বেস্টির উপস্থিতিতে জমে উঠেছিল আড্ডা। তবে আলোচনায় এসেছে তাঁদের ফ্যাশনও। শানায়ার সিকুইন গাউনে ছিল গ্ল্যামারের ছোঁয়া, অন্যদিকে অনন্যা মুগ্ধ করেছেন প্লাম–পার্পল লুকে । দুজনের লুক নজর কেড়েছে ফ্যাশনিস্তা ভক্তদের।
অভিষেকেই নজর কাড়লেন শানায়া কাপুর
‘কফি উইথ করণ’–এর নবম সিজনের ষষ্ঠ পর্বে চমকপ্রদ অভিষেক হয়েছে বলিউডের তরুণ অভিনেত্রী শানায়া কাপুরের। প্রিয় বন্ধু অনন্যা পান্ডে ও উদ্যোক্তা–গায়িকা অনন্যা বিড়লার সঙ্গে বিশেষ এই পর্বে অতিথি হয়ে প্রথমবারের মতো কফি কাউচে হাজির হয়েছেন তিনি।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক’ দিয়ে আলোচনায় আসা শানায়া অনুষ্ঠানে নিজের লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মজার ছলে লিখেছেন, ‘একজন সাধারণ শিক্ষার্থী মাত্র, কফি কাউচে নিজের উপস্থিতি দিয়ে সবার মন জয়ের চেষ্টা করছি।’ তবে তাঁর ঝলমলে মিনিমাল, কিন্তু আকর্ষণীয় লুক দেখে বলা যায়, ফ্যাশনের পরীক্ষায় বেশ ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন এই অভিনেত্রী।
শানায়া বেছে নিয়েছিলেন লন্ডনের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘১৬আর্লিংটন’–এর (16Arlington) একটি নজরকাড়া মিডি গাউন। কালো ও গাঢ় চকলেট রঙের সিকুইনের কাজে তৈরি পোশাকটিতে ছিল নব্বইয়ের দশকের ভিনটেজ সিলুয়েটের ছোঁয়া। বডি–হাগিং ড্রেসটিতে বিশেষ মাত্রা যোগ করেছে সামনের বাস্ট কাপ ও টাই–ডিটেইল।
কালো সিকুইনের ঝলমলে ভাবের সঙ্গে বৈপরীত্য তৈরি করতে পায়ে শানায়া পরেছিলেন ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ক্রিস্টিয়ান লুবুতাঁর সাদা পিপ–টো হিল। হেয়ারস্টাইলে কোনো জটিলতা না রেখে মাঝখানে সিঁথি করে কাঁধছোঁয়া চুলে রেখেছিলেন সফট ওয়েভি টেক্সচার। মেকআপে ছিল ফ্রেশ ও ডিউই বেস। ভারী কোনো নেকলেস এড়িয়ে কানে শুধু ছোট স্টাড পরেছেন তিনি, যাতে পোশাকই মূল আকর্ষণ হয়ে থাকে।
কফি কাউচে অনন্যার প্লাম–পার্পল গ্ল্যামার
বলিউডের জেন–জি ফ্যাশন আইকন হিসেবে অনন্যা পান্ডের নাম বরাবরই শীর্ষে। সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’–এর মঞ্চে আবারও নিজের ফ্যাশন–সেন্স দিয়ে নজর কেড়েছেন এই অভিনেত্রী। প্লাম বা গাঢ় বেগুনি রঙের একটি বডি–হাগিং ব্যান্ডেজ মিডি ড্রেসে তাঁর এই লুক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনন্যার পরনে থাকা এই নজরকাড়া পোশাকটি বিখ্যাত ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস ‘হার্ভে লেজার’–এর প্রি–ফল ২০২৬ কালেকশনের ‘দ্য গ্রেটা ড্রেস’। মিডি ড্রেসটির বিশেষত্ব হলো এর নিখুঁত ‘ব্যান্ডেজ নিট’ ডিজাইন, যা শরীরের গঠনকে অত্যন্ত মার্জিতভাবে ফুটিয়ে তোলে। পোশাকটির চওড়া ভি–নেকলাইন এবং স্লিম শোল্ডার স্ট্র্যাপ পুরো লুকে একধরনের ক্ল্যাসিক ও আধুনিক আভিজাত্য যোগ করেছে। আন্তর্জাতিক বাজারে পোশাকটির দাম প্রায় ৬৯৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮৩ হাজার টাকার বেশি।
পোশাকের গাঢ় রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে অনন্যা তাঁর মেকআপ ও হেয়ারস্টাইলে রেখেছেন মিনিমালিস্টিক ছোঁয়া। সাইড–পার্টেড সফট ওয়েভি খোলা চুল তাঁর চেহারায় এনে দিয়েছে স্নিগ্ধতা। মেকআপ ছিল মিনিমাল।
ভারী গয়না এড়িয়ে কানে ছোট স্টাড ও আঙুলে সাধারণ আংটি পরেই তিনি বুঝিয়ে দিয়েছেন, সাজের ক্ষেত্রে ‘লেস ইজ মোর’ নীতিটি কতটা কার্যকর। অল্প কিছু অনুষঙ্গ দিয়েও যে নিজের স্টাইলকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা যায়, অনন্যার সাজ যেন তারই উদাহরণ। অনন্যার এই নিখুঁত ফিট লুকের পেছনে রয়েছে একটি মজার তথ্যও।
শোতে অভিনেত্রী জানিয়েছেন, পোশাকটিতে ভালোভাবে মানিয়ে নিতে এবং শরীরের ফোলাভাব কমাতে তিনি লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজ নিয়েছিলেন। তাঁর এই স্বীকারোক্তি নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে অনন্যা লিখেছেন, ‘আমরা কফি গরমই পছন্দ করি। কফি উইথ করণ–এর নতুন পর্বে আমার আর আমার দিলরুবাদের আড্ডা দেখতে চোখ রাখুন জিও হটস্টারে।’
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗