Bangladesh · 2026-11-21 08:00:00

মহাকাশে একটি গ্রহ অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে রহস্য

মহাকাশে একটি গ্রহ অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে রহস্য
দূরবর্তী নক্ষত্রের চারপাশে ভিনগ্রহ আবিষ্কার করা একধরনের লটারি জেতার মতো ঘটনা। কারণ, কোনো বহির্গ্রহ বা এক্সোপ্ল্যানেটকে একঝলক দেখতে হলেও সঠিক সময়ে সঠিক নক্ষত্রের দিকে সঠিক দৃষ্টিকোণ থেকে তাকাতে হয়। তবে এবার মহাকাশে শনাক্ত করা একটি গ্রহ হঠাৎ অদৃশ্য হয়ে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিশালাকায় গ্রহটির এই নজিরবিহীন অদৃশ্য হয়ে যাওয়ার তথ্য সম্প্রতি দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, ‘টিওআই-২৫৩৫বি’ নামের গ্রহটির একটি লুকানো সঙ্গী গ্রহ রয়েছে। এই দুটি গ্রহ মহাকর্ষীয় টানে একে অপরকে ধাক্কা দিয়ে তাদের মাতৃ নক্ষত্রের চারপাশে এক জটিল কক্ষপথে অবস্থান করছে। এদের মাতৃ নক্ষত্রের নাম টিওআই-২৫৩৫। এটি সূর্যের চেয়ে সামান্য ছোট এবং প্রায় ৯৭০ কোটি বছর বয়সী একটি কে-বামন বা কে-ডোয়ার্ফ নক্ষত্র। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১ হাজার ১০০ আলোকবর্ষ।
কে-বামন নক্ষত্র হট জুপিটার বা উত্তপ্ত বৃহস্পতি শ্রেণির গ্রহ টিওআই-২৫৩৫বি-কে ধারণ করে আছে। গ্রহটির ভর আমাদের সৌরজগতের শীতল বৃহস্পতির মতোই হতে পারে। তবে এটি নিজ নক্ষত্রকে মাত্র আট দিনের সামান্য বেশি সময়ে প্রদক্ষিণ করছে। এই গতি আমাদের সৌরজগতের সবচেয়ে ভেতরের গ্রহ বুধের চেয়ে ১০ গুণ বেশি। ধারণা করা হচ্ছে, টিওআই-২৫৩৫বি গ্রহটির কাছাকাছি আরও একটি অনাবিষ্কৃত সহোদর গ্রহ রয়েছে। সেই অদেখা গ্রহটির আকার সম্ভবত শনি গ্রহের কাছাকাছি।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের বিজ্ঞানী স্যামুয়েল ই জানান, আমাদের নিজস্ব সৌরজগতে বুধ গ্রহ ছাড়া প্রায় সব গ্রহই মূলত একই সমতলে প্রদক্ষিণ করছে। এদের পারস্পরিক কক্ষপথীয় হেলে থাকার পরিমাণ মাত্র ১ ডিগ্রির মতো। আমরা সাধারণত একটি সমতলব্যবস্থা আশা করি। কারণ, গ্রহগুলো একই ধরনের সমতল প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে গঠিত হয়; কিন্তু টিওআই-২৫৩৫ নক্ষত্রের চারপাশে থাকা দুটি গ্রহের পারস্পরিক কক্ষপথীয় হেলে থাকার পরিমাণ অন্তত ৫ ডিগ্রি। এই ব্যবধান অনেক বেশি। গ্রহটির এই অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা মূলত মহাকাশে আমাদের অবস্থান এবং আমরা কীভাবে এক্সোপ্ল্যানেটের প্রমাণ পর্যবেক্ষণ করি তার ওপর নির্ভরশীল।
বিজ্ঞানীরা ২০১৯ সালে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট ব্যবহার করে প্রথম টিওআই-২৫৩৫বি গ্রহের সন্ধান পান। এরপর কয়েক বছর ধরে মহাকাশ ও পৃথিবীতে অবস্থিত অসংখ্য টেলিস্কোপ ব্যবহার করে গ্রহটিকে পর্যবেক্ষণ করা হয়েছে। তবে গত মার্চ মাসে হঠাৎ দৃষ্টির আড়ালে চলে গেছে গ্রহটি। এ বিষয়ে বিজ্ঞানী এরিক পেটিগুরা বলেন, আগামী দশকগুলোতে টিওআই-২৫৩৫বি গ্রহ আবার দেখা যাবে এবং অদৃশ্য হয়ে যাবে। পাশাপাশি এর লুকানো সঙ্গী গ্রহটিও শিগগিরই দৃশ্যমান হতে পারে। এর ফলে উভয় মহাজাগতিক বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কে আরও নিখুঁত তথ্য জানা সম্ভব হবে।
সূত্র: সায়েন্স অ্যালার্ট

Source - www.prothomalo.com ↗