ভ্যান চালাতে চালাতে সেদিন জোড়গাছা বাজারের একটি চায়ের দোকানের সামনে থামেন আবদুল আলিম। টেলিভিশনে ফুটবল খেলা চলছে। মাঠে আছে তাঁর মেয়ে তামান্না খাতুনও। একের পর এক গোল দিচ্ছে তার দল। দোকানভর্তি মানুষ আনন্দে চিৎকার করছেন। আর মেয়ের খেলা দেখে আনন্দে চোখ ভিজে আসে বাবার।
সেদিন ছিল ২০২৬–এর ২০ জুন। ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনালে খেলছিল পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। দলের হয়ে একটি গোল করেছিল তামান্নাও।
সেই ফাইনালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলা শেষে তাঁর হাত থেকেই চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার নেয় জোড়গাছার মেয়েরা। দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় শীর্ষে ওঠার গৌরব অর্জন করে প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়টি।
ফুটবলে দেশসেরা জোড়গাছার মেয়েদের স্বপ্নের পথে অভাবের বাধা

বাবা-মার সঙ্গে নিজ বাড়িতে চ্যাম্পিয়ন দলের সদস্য তামান্না। সম্প্রতি সাঁথিয়ার জোড়গাছা গ্রামে
বাড়িতে টেলিভিশন নেই, স্মার্টফোনও নেই। তাই মেয়ের খেলা দেখার জন্য বাজারের চায়ের দোকানই ছিল ভ্যানচালক আবদুল আলিমের ভরসা। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই মেয়েকে নিয়ে তাঁর গর্বের শেষ নেই।
আবদুল আলিম বলেন, ‘আমার মেয়েসহ এই গিরামের মেয়েরা খালি আমাগরে মাথাই উঁচু করে নাই; পুরা গ্রামের, এমনকি এই উপজেলার মাথাই উঁচু করিছে। আমার মেয়েকে নিয়্যা আমার গর্বের শেষ নাই। মেয়ে ফুটবল খেলে দেইখ্যা কেউ কটুকথা দূরের কথা, সবাই আমাকে উল্টা খাতির করে।’
কিন্তু পাঁচ মেয়ের বাবা আবদুল আলিম ভ্যান চালিয়ে প্রতিদিন আয় করেন ৪০০ থেকে ৫০০ টাকা। এ আয়েই চলে সংসার। মেয়ের হাতে চ্যাম্পিয়ন ট্রফি উঠেছে, সে ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যেতে চায়। কিন্তু টানাটানির সংসারে মেয়ের স্বপ্নপূরণে বাবা কতটা সাহায্য করতে পারবেন, সে প্রশ্ন থেকেই যায়।
সম্প্রতি জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা হয় চ্যাম্পিয়ন দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে। তাদের মধ্যে পঞ্চম শ্রেণির তামান্না খাতুন এবং চতুর্থ শ্রেণির জিম খাতুন, আরিয়া খাতুন ও মারশিয়াত ফারিয়াকে সঙ্গে নিয়ে তামান্নার বাড়িতে গেলে খবর পেয়ে সেখানে আসেন তার বাবা।
তামান্নার মা রোখসানা আক্তার বলেন, ‘আমার এক পড়শি আইস্যা কয়, তোর মেয়েগরে খেলা মোবাইলে দেখা যাত্যাছে। আমাগরে বাড়িতে কোনো টিভি বা টাচ ফোন নাই। শ্যাষে একজন টাচ ফোন নিয়্যা আসলি বাড়িতে ভিড় জইম্যা যায়। আমরা সগলে মিল্যা খেলা দেখি।’
মেয়ের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার স্মৃতি তাঁকে আনন্দ দেয়; কিন্তু মেয়ের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা আছে এই মায়ের। রোখসানা আক্তার বলেন, ‘আমার মেয়ে প্রধানমন্ত্রীর হাতের থ্যা পুরস্কার নিছে। এ আনন্দ আমি কনে রাখি। আমার মেয়ে খেলাধুলায় ভালো, আবার পড়াশোনায়ও ভালো। এবার বৃত্তি পরীক্ষা দেয়ার জন্য ম্যালা পড়াশোনা করতেছে। কিন্তু সংসারে অভাব থাকায় দুধ, ডিমসহ পুষ্টিকর খাবার খুব বেশি দিব্যার পারি না।’
সংসারে অভাব, তবু বড় স্বপ্ন
তামান্নাদের মতো জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই নিম্ন আয়ের পরিবারের সন্তান। চ্যাম্পিয়ন দলের আরেক খেলোয়াড় আরিয়া খাতুনের বাবার পেশা টিউবওয়েল মেরামত। তাঁর দৈনিক আয় ৪০০ থেকে ৫০০ টাকা। জিম খাতুনের বাবা ছোট পরিসরে মাছের ব্যবসা করেন। তাঁদের পরিবারেও অভাব-অনটন রয়েছে। এ ছাড়া পঞ্চম শ্রেণির সুমাইয়া আক্তার, জান্নাতুল মাওয়া, লামিয়া আক্তার এবং চতুর্থ শ্রেণির ফাতেমা খাতুন, মিতা খাতুন ও সালেহা সুলতানার বাবাও কৃষক অথবা দিনমজুর। দারিদ্র্যের মধ্যেই সবার বেড়ে ওঠা। কিন্তু ফুটবলের প্রতি অনুরাগ থেকে বহুদূর যেতে চায় ওরা।
রোখসানা আক্তার, চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় তামান্নার মাআমার মেয়ে খেলাধুলায় ভালো, আবার পড়াশোনায়ও ভালো। এবার বৃত্তি পরীক্ষা দেয়ার জন্য ম্যালা পড়াশোনা করতেছে। কিন্তু সংসারে অভাব থাকায় দুধ, ডিমসহ পুষ্টিকর খাবার খুব বেশি দিব্যার পারি না।
জোড়গাছা গ্রামের এসব শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত অনুশীলন, শিক্ষকদের উৎসাহ ও পরিবারের সমর্থন। কিন্তু ভালো খেলার জন্য যে পুষ্টিকর খাবার, ভালো প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী দরকার, সেগুলো জোগাড় করা তাদের পক্ষে কঠিন।
আরিয়া খাতুনের স্বপ্ন পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলা চালিয়ে যাওয়া। ভালো প্রশিক্ষণ নিয়ে আরও ভালো খেলতে চায় সে। তার ভাষায়, পরিবারের অভাব তাদের স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। বড় হয়ে ভালো ফুটবলার হয়ে পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করতে চায় সে।
জিম খাতুনও ফুটবল খেলা চালিয়ে যেতে চায়। তার পরিবারের সামর্থ্য সীমিত হলেও খেলাধুলার প্রতি আগ্রহ কমেনি। নিয়মিত অনুশীলন করে আরও ভালো খেলোয়াড় হওয়ার স্বপ্ন তার। খেলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে চায় সে।
চ্যাম্পিয়ন হওয়ার পেছনে শিক্ষকদের শ্রম
পাবনা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার এবং সাঁথিয়া উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম জোড়গাছা। সেখানকার ছোট্ট বিদ্যালয়টি একসময় মেয়েদের ফুটবলের জন্য পরিচিত হয়ে ওঠে। ২০২৩ সালে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে তৃতীয় এবং ২০২৪ সালে দ্বিতীয় হয় বিদ্যালয়টির মেয়েরা। অন্তর্বর্তী সরকারের সময় ২৪ সালের নভেম্বরে এর নাম বদলে রাখা হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট। ২০২৫ ও ২০২৬ সালে সেই টুর্নামেন্টে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও তাদের।
এই সাফল্যের পেছনে প্রধান শিক্ষক নজরুল ইসলামের ভূমিকার কথা বলছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষক শাহনাজ পারভিন বলেন, প্রধান শিক্ষকসহ সব শিক্ষকই মেয়েদের খেলাধুলায় উৎসাহ দেন। তাঁর উৎসাহ ও পরিশ্রমে মেয়েরা নিয়মিত অনুশীলনের সুযোগ পাচ্ছে।
বিদ্যালয়ের মাঠে খেলছে জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।
জাতীয় পর্যায়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি হিসেবে ২৫ জুন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের সংবর্ধনা দেয় পাবনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
অনুশীলনের সময় পুষ্টিকর খাবার ও যাতায়াতের খরচের বড় অংশ প্রধান শিক্ষক নিজের উদ্যোগে জোগাড় করেন। জার্সি, বুট ও ফুটবলের মতো সরঞ্জাম সংগ্রহ করেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চেয়েচিন্তে। স্থানীয় অনেকেই সহযোগিতা করেন।
শিক্ষার্থীরা এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে নিয়মিত অনুশীলন কিছুটা কমেছে। পরীক্ষা শেষে আবার কঠোর অনুশীলনে ফিরবে তারা।
নজরুল ইসলাম বলেন, ‘আমার কোনো মেয়ে যেদিন জাতীয় দলে খেলবে, সেদিনই আমার স্বপ্ন পূরণ হবে। এবার বিদ্যালয়ের কয়েকজন কৃতী খেলোয়াড় বিকেএসপিতে ভর্তি পরীক্ষা দেবে। তাদের প্রতিভা আছে, পরিশ্রম করার মানসিকতা আছে। এখন দরকার নিয়মিত প্রশিক্ষণ, পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা।’
সাফল্যের পরও প্রশ্ন রয়ে যায়
বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, মেয়েরা শুধু খেলাধুলায় নয়, পড়াশোনাতেও ভালো। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় এবার বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের ১১ জন ট্যালেন্টপুলে এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়ের মেয়েরা টানা দুই বছর জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পর তাদের ফুটবলচর্চা কীভাবে চলবে, সেই প্রশ্ন থেকেই যায়। উন্নত প্রশিক্ষণ, পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রীর অভাব তাদের সামনে বড় বাধা হয়ে উঠতে পারে।
চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েদের বাবারা গর্বিত, গ্রামের মানুষও তাঁদের সম্মান করেন। কিন্তু সেই সম্মান পরিবারের আর্থিক অনটন দূর করেনি। স্থানীয় ফুটবল অনুরাগীরা বলছেন, যে বাড়িতে টেলিভিশন নেই, যে মা অভাবের কারণে মেয়েকে নিয়মিত দুধ-ডিম খাওয়াতে পারেন না, সেই পরিবারের সন্তানের ফুটবলের স্বপ্ন এগিয়ে নিতে প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও বাস্তব সহায়তা।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, ‘প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিরলস পরিশ্রমের মাধ্যমে ওরা এগিয়ে চলেছে। সীমিত সক্ষমতার মধ্যে যত দূর পারা যায়, আমরা ওদের সহায়তা করে যাব। আশা করি, এই সাফল্য ওরা ধরে রাখতে পারবে।’
The post ফুটবলে দেশসেরা জোড়গাছার মেয়েদের স্বপ্নের পথে অভাবের বাধা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗