মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, তিতাস একটি নদীর নাম, সুবর্ণরেখার মতো কালজয়ী চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বসতভিটার অবশিষ্ট অংশও নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপতৎপরতা চলছে, তা রীতিমতো উদ্বেগজনক।
২০২৪ সালের আগস্টে গণ–অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়িটির বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তখন থেকেই আশঙ্কা ছিল, সংরক্ষণের কার্যকর উদ্যোগ না নিলে ঐতিহাসিক এই স্থাপনার সামান্য চিহ্নও আর অবশিষ্ট থাকবে না। আমরা আগে এটা নিয়ে সংবাদ ও সম্পাদকীয় প্রকাশ করে আমাদের আশঙ্কা জানিয়েছি। সেই আশঙ্কাই যেন এখন সত্যি হতে চলেছে।
প্রথম আলোর খবর জানাচ্ছে, গত মঙ্গলবার রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায় ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার আরেকটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে এবং দেয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। যে ঘরের দেয়ালটি ভাঙা হয়েছে, সেখানে ঋত্বিক ঘটকের প্রতিকৃতি ও নির্মিত চলচ্চিত্রের নাম আঁকা ছিল। এমনকি চলতি মাসের ৪ তারিখেও সেখানে তাঁর ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা।
সংরক্ষণ করে জাদুঘর নির্মাণের উদ্যোগ নিন

২০২৪ সালের পর থেকে এ নিয়ে তিন-চারবার বসতভিটাটি ভাঙার চেষ্টা চালানো হলো। ভাঙার পেছনে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ইন্ধন নিয়ে আগেই সংবাদ প্রকাশিত হয়েছিল। ১৯৮৯ সালে বাড়ির ৩৪ শতাংশ জমি তৎকালীন এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দিলেও পরে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে এ উদ্যোগ এখনো বাস্তবায়িত হয়নি।
হতাশার বিষয় হচ্ছে, বারবার ভাঙচুরের শিকার হলেও প্রশাসন উদাসীন ও দায়সারা ভূমিকা পালন করছে। স্থানীয় সংস্কৃতিকর্মীরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে দাবিদাওয়া জানিয়ে এলেও কোনো লাভ হচ্ছে না। প্রশাসনের উদাসীনতার কারণেই ঋত্বিক ঘটকের বাড়ি সংরক্ষণ করার কাজ শুরু হচ্ছে না।
ঋত্বিক ঘটকের মতো বিখ্যাত ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত ভিটা ঐতিহ্যেরই অংশ। সাধারণত পৃথিবীর যেকোনো দেশেই এমন বিখ্যাত ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানকে নানাভাবে সংরক্ষণ করা হয়, কখনোবা জাদুঘর বা সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হয়, যেন তা আগামী প্রজন্মকে সৃজনশীল কাজের অনুপ্রেরণা জোগায়। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থে এই ইতিহাস মুছে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আমাদের প্রশ্ন হচ্ছে, বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও কেন এখনো জেলা প্রশাসন তা বাস্তবায়ন করছে না? আমরা মনে করি, আর কালক্ষেপণ না করে এই জমির ইজারা বাতিল করে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার অবশিষ্ট অংশটুকু অবিলম্বে সংরক্ষণ করে সেখানে তাঁর নামে একটি পূর্ণাঙ্গ ‘চলচ্চিত্র জাদুঘর’ বা ‘চলচ্চিত্র চর্চাকেন্দ্র’ গড়ে তোলা হোক।

Source - www.prothomalo.com ↗