মালয়েশিয়াজুড়ে ৩৪টি কারখানায় একযোগে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫১৯ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ অভিযানে মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জানিয়েছে, অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। তাঁদের সঙ্গে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাঁদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।
অভিযানের উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়। সেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে ১৩১ জনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় ৭১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাঁদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ১৯ জন নেপালি ও একজন তাইওয়ানের নাগরিক।
মালয়েশিয়ায় ৩৪ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯

এ ছাড়া বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে তদন্তে সহায়তার জন্য ৪২ জন স্থানীয় নাগরিককে সাক্ষী হিসেবে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে বিদেশি কর্মীদের নিয়োগ ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন ও বিদেশি কর্মী নিয়োগে অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের আওতায় শুধু অবৈধ বিদেশি কর্মীরাই নন, তাঁদের নিয়োগ দেওয়া মালিক, আশ্রয়দাতা এবং সহযোগিতাকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগটি আরও জানিয়েছে, বৈধ অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ কিংবা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দ্য স্টার
Source - www.bd24live.com ↗