Bangladesh · 2026-11-21 16:02:24

তমিজ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

তমিজ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
তমিজ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১দিলওয়ার নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকেই এলাকার বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা ক্যাম্পে ভিড় জমান।

ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পাশাপাশি আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ঔষধ সেবনের নির্দেশনা দেন চিকিৎসকরা।

ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে সেবা দেন বক্ষব্যাধি-মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ দেলোয়ার জাহান খান। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিটিসিডি (বিএসএমএমইউ), এফসিসিপি (ইউএসএ) ডিগ্রিধারী এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক।

এছাড়াও ক্যাম্পে আরও চারজন চিকিৎসক উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

ক্যাম্পে সভাপতিত্ব করেন তমিজ জনকল্যাণ পাঠাগারের চেয়ারম্যান মো. আ. আজিজ। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিয়াদুল ইসলাম (সজিব)।

এমন মহতী উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষ খুশি। ক্যাম্পে আগতরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। গ্রামে বসে বিনামূল্যে এতগুলো পরীক্ষা করতে পেরে তারা খুবই আনন্দিত বলে জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, "তমিজ জনকল্যাণ পাঠাগার সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ যাতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পায়, সেজন্যই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলাকার যুবক ও স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেন।

Source - www.bd24live.com ↗