নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এ ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে কালিয়া উপজেলায় মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে তাদের মোটরসাইকেল বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।
নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-আগুন

এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ক্ষুব্ধ লোকজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় অন্তত অর্ধশত বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শুক্রবার বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও জানান তিনি।
Source - www.bd24live.com ↗