Bangladesh · 2026-11-04 10:15:12

এশিয়া কাপ রাইজিং স্টার্স: বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

এশিয়া কাপ রাইজিং স্টার্স: বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
কাতারে অনুষ্ঠেয় এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে বাংলাদেশ ‘এ’ দলের ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলের হয়ে খেলা আরও কয়েকজন ক্রিকেটার রয়েছেন এই স্কোয়াডে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দল ঘোষণা করে বিসিবি। আগামী ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স। এবারের আসরটি অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ফরম্যাটে।

বাংলাদেশ ‘এ’ দল রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ ‘এ’ দল ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’-এর মুখোমুখি হবে তারা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। শেষ চারের লড়াই অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ নভেম্বর। আর ফাইনাল হবে ২৯ নভেম্বর।

বিসিবি ঘোষিত ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন—নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, মো. রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।

প্রাথমিক এই দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রেখেছে বিসিবি। টুর্নামেন্টের আগে প্রস্তুতি ও খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় চূড়ান্ত দল নির্ধারণ করা হবে।

Source - www.bd24live.com ↗