Bangladesh · 2026-11-21 17:29:42

দিনমজুরের অভিযোগ, তিন মাসে তাঁর বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার টাকা

দিনমজুরের অভিযোগ, তিন মাসে তাঁর বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার টাকা
কুড়িগ্রামে ৩ মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল আসায় বিপাকে পড়েছে এক দিনমজুরের পরিবার। ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রাম থেকে তোলাকুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে ৩ মাসে ৫০ হাজার ৩০ টাকার বিদ্যুৎ বিল আসার অভিযোগ পাওয়া গেছে। তাঁর দাবি, বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করেন। পাশাপাশি চার্জ দেন ছোট একটি মিশুক গাড়ি। এর বাইরে তেমন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করলেও প্রতি মাসের বিলে কয়েক শ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হয়েছে।
অস্বাভাবিক এই বিল নিয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি। অভিযোগকারী ওই দিনমজুরের নাম ইউনুস আলী। তাঁর বাড়ি ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বরে ৪৬৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবরে ৪২৯ ইউনিটের জন্য বিল করা হয়েছে ৯ হাজার ১৬০ টাকা। আর নভেম্বরে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল হয়েছে ৫০ হাজার ৩০ টাকা।
প্রতিবেশীদের কয়েকজন বলেন, দিনমজুরের কাজ করে সংসার চালান ইউনুস আলী। তাঁর সম্বল বলতে আড়াই শতক ভিটেমাটি। সেখানেই পরিবারের ছয় সদস্য নিয়ে বসবাস করেন।
বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউনুস আলী। তিনি বলেন, বাজারে একটি মিশুক গাড়ি সারা রাত চার্জ দিলে ৫০ টাকা ভাড়া দিতে হয়। সেখানে তাঁর নিজের বাসায় চার্জ দিয়ে এত টাকা বিল উঠছে।
এত টাকার বিল দেখে কয়েক দিন ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়েছিলেন দাবি করে ইউনুস বলেন, কর্মকর্তারা সমাধান দিতে পারেননি। এখন এত টাকা বিল কীভাবে দেবেন, তাই নিয়ে দুশ্চিন্তায় আছেন।
একটি মিশুক চার্জ দিলে কত টাকার বিদ্যুৎ বিল আসতে পারে, তা জানতে কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট বাজারের অটোরিকশা চার্জ ব্যবসায়ী রবিউল ইসলামের সঙ্গে কথা হয়। তাঁর ভাষ্য, একটি অটোরিকশা চার্জ দিলে মাসে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং একটি মিশুক অটো চার্জ দিলে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসতে পারে। এর বেশি হলে সেটি অস্বাভাবিক।
এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের মিটারে সমস্যা থাকলে তাঁকে অফিসে এসে লিখিত অভিযোগ করতে হবে। এরপর মিটার পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।
ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকার বিল পরিশোধ করতে হবে কি না, জানতে চাইলে আসাদুজ্জামান মিয়া বলেন, বিল সঠিক হলে তা পরিশোধ করতে হবে। তবে মিটারে কোনো ত্রুটি পেলে বিল সংশোধন করা হবে।
সম্প্রতি নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান স্বপন মিয়া নামের এক গ্রাহক। পরে তাঁর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর তিন দিন পরে গত তাঁর বাড়িতে বিদ্যুৎ-সংযোগ পুনঃস্থাপন করে পল্লী বিদ্যুৎ সমিতি।

Source - www.prothomalo.com ↗