Bangladesh · 2026-11-21 17:16:34

জুড়ীতে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

জুড়ীতে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
মৌলভীবাজার জেলার জুড়ীতে পুলিশের পৃথক অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে জুড়ী থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাকটেকা এলাকার দিলীপ দাশের ছেলে দীপক দাশ (২৮) এবং সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন এলাকার মঈন উদ্দিনের ছেলে তানিম হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর পাল ও মাজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর ভবানীপুর এলাকায় কলেজ রোডের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন তানিম হোসেনের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ ছাড়া উপজেলার অন্য একটি স্থানে অভিযান চালিয়ে দীপক দাশ দীপককে আটক করা হয়। দুইজনের কাছ থেকে সর্বমোট ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Source - www.bd24live.com ↗