Bangladesh · 2026-11-21 19:00:13

ইমরান খানকে দ্রুত মুক্তির আহ্বান জাতিসংঘের

ইমরান খানকে দ্রুত মুক্তির আহ্বান জাতিসংঘের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দেশটির সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা কমানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেন, ইমরান খানের মুক্তি, তাঁর যথাযথ চিকিৎসা এবং রাজনৈতিক উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁর মতে, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির একটি সুযোগ সৃষ্টি হতে পারে।

আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসাসেবা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। গত ১৯ নভেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে ভলকার তুর্ক এসব বিষয়ে উদ্বেগের কথা তুলে ধরেন।

এর আগে ইমরানের ছেলে কাসিম খানও বাবার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দমন-পীড়ন, অপহরণ ও সহিংসতার অভিযোগও তোলেন তিনি।

ইমরান খানের কারাবাসের পরিবেশ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত আগস্টে সংস্থাটি জানায়, দীর্ঘদিন ধরে ইমরান খানকে একাকী কারাবাসে রাখা হয়েছে এবং তাঁর চিকিৎসাসেবা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ সীমিত করা হয়েছে। সংস্থাটির দাবি, তাঁর দৃষ্টিশক্তিরও উল্লেখযোগ্য অবনতি হয়েছে।

অ্যামনেস্টির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি নিয়মিত আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন। সংস্থাটি পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি তাঁদের পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

গত ১৬ নভেম্বর পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন ইমরান খান। সেখানে নিজের ও স্ত্রী বুশরা বিবির জরুরি চিকিৎসা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান তিনি। চিঠিতে ইমরান অভিযোগ করেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাঁকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা একাকী কারাবাসে রাখা হচ্ছে। পরিবারের সদস্য, আইনজীবী ও ছেলেদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

চিঠিতে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ইমরান। তাঁর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ হারানোর কথাও উল্লেখ করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে কারা কর্তৃপক্ষের আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছে, আটক ব্যক্তিদের মানবিক মর্যাদা ও সম্মান নিশ্চিত করা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির বাধ্যবাধকতার অংশ।

এদিকে লাহোরের কোট লাখপত কারাগারে আটক ইমরানের বোন আলিমা খানের মুক্তিও দাবি করেছে সংস্থাটি। এর আগে ইমরান খানের বোনদের কয়েকজনকে আটক করার ঘটনাও আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: সিএনএন

Source - www.bd24live.com ↗