রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ট্রাম্প পুতিনকে কী নামে ডাকবেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে ইউক্রেনের মানুষের কাছে পুতিন শত্রু ও খুনি।
চীনে ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্পের মন্তব্যের জবাবে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, দিনরাত মানুষ হত্যার কারণে পুতিন বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই খুনি। তাঁকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করলে রুশ প্রেসিডেন্টের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি হয় না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫২ জন। এ ছাড়া খারকিভে ১১ জন এবং রিভনেতে একজন আহত হয়েছেন।
ট্রাম্পের কাছে বন্ধু, ইউক্রেনের কাছে পুতিন খুনি: জেলেনস্কি

এর আগে শুক্রবার কিয়েভ ও পশ্চিম ইউক্রেনে শতাধিক ক্ষেপণাস্ত্র এবং চার শতাধিক ড্রোন হামলা চালায় রাশিয়া। এসব হামলায় অন্তত নয়জন নিহত হন। জেলেনস্কি একে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন।
শুক্রবার ট্রাম্প দাবি করেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সুসম্পর্ক ইতিবাচক ভূমিকা রাখছে।
অন্যদিকে, শুক্রবার ভোরে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। এ ঘটনাকে মস্কোর ‘উসকানি’ হিসেবে অভিহিত করেছে ওয়ারশ। এর জেরে ন্যাটো যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
Source - www.bd24live.com ↗