Bangladesh · 2026-11-21 18:03:27

৪০ হাত মাটির নিচে থাকলেও পুলিশ দিয়ে ধরব না, নিজেরা ধরে নিয়ে আসব: ফখর উদ্দিন

৪০ হাত মাটির নিচে থাকলেও পুলিশ দিয়ে ধরব না, নিজেরা ধরে নিয়ে আসব: ফখর উদ্দিন
‘চিন্তা করছি ভালুকা পাহারা দিবো না, কোনো পাহারা দিবো না, উন্মুক্ত রাখবো। দেখি কোন মায়ের পোলায় ভালুকায় আক্রমণ করে, দেখি কোন মায়ের পোলার কলিজায় এত সাহস আছে ভালুকায় আগুন দেয়। সে কার সন্তান, কোন বাড়ির সেই পরিচয়টা শুধু সংগ্রহ করবো। সে যেখানেই থাকুক, ৪০ হাত মাটির নিচে থাকলেও তাকে সেখান থেকে পুলিশ দিয়া ধরবো না, নিজেরা ধইরা নিয়া আসবো।’ বর্তমানে কথাটি ভালুকায় ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উদ্দেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় স্কয়ার ফ্যাশনের সামনে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সমর্থনে দলটির নেতাকর্মীরা মিছিল, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের চেষ্টা করেন।

এরই প্রতিবাদে বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভায় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন। ইতিমধ্যে তার এই বক্তব্যের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি বর্তমানে ভালুকায় ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।

পথসভায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘পালিয়ে গিয়ে যেখানে থাকছেন, সেই জায়গাগুলোতে আমরাও বিশ বছর থেকে এসেছি। আপনারা কোথায় থাকছেন, সেসব জায়গা আপনাদের চেয়েও বেশি চেনা। আপনাদের ধরে আনতে বেশি সময় লাগবে না। ধরে আনতেও যাওয়ার প্রয়োজন হবে না, আপনাদের পরিবার-পরিজন কিন্তু ভালুকাতেই রয়ে গেছে।’

ভালুকার মানুষের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব ভোট ও আস্থার মাধ্যমে জাতীয়তাবাদী দলকে দেওয়া হয়েছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, ‘কেউ ভালুকাকে অস্থিতিশীল করার চেষ্টা করলে, সন্ত্রাস, আগুন কিংবা নৈরাজ্যের মতো ঘটনা ঘটালে তাদের পরিবারের সদস্যদের ধরে এনে ভালুকার মানুষের সামনে বিচারের মুখোমুখি করা হবে। তখন দেখা যাবে, ওই ব্যক্তি কোথায় পালিয়ে থাকেন। যেদিন আগুন দিবে, পরের দিন তার বাপ-দাদা চৌদ্দ গুষ্টির সব বাইন্ধা ভালুকা থানা সদরে নিয়া আসবো, জনগণের সম্মুখে প্রকাশ্যে বিচার করা হবে।’

নিজে ও দলের নেতাকর্মীরা এলাকায় অবস্থান করছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি কিন্তু বাড়িতে থাকি, পলায়া থাকি না। আমার নেতাকর্মীরাও বাড়িতে থাকে, এলাকাবাসীও থাকে। আমি ফোন করলে ফায়ার ব্রিগেডও আসবো, পুলিশও আসবো, সাধারণ পাবলিকও আসবো; আর আপনারা কিন্তু পলায়া থাকেন। আপনার বাড়িতে যদি আগুন ধরে, তাহলে নিভাবার লোক পাবেন কি না সেটা একটু চিন্তা করে নিবেন।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের আর ছাড় দেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ‘আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা তাদের আর ছাড় দেব কি না। এদের ছাড় দেওয়ার আর কোনো কারণ নেই। ভালুকায় এক ইঞ্চি জায়গাতেও ফ্যাসিস্টদের বিন্দুমাত্র আর ছাড় দেওয়া হবে না।’

বক্তব্যে অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দেন তিনি। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাশাপাশি রাজপথের আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সংসদের ভেতরে ও বাইরে থাকা রাজনৈতিক ব্যক্তিদের একই কাতারে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সবশেষে উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ও গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ‘শান্তিশৃঙ্খলা কমিটি’ গঠনের নির্দেশনা দেন সংসদ সদস্য। এসব কমিটির মাধ্যমে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও নাশকতা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

Source - www.bd24live.com ↗