Bangladesh · 2026-11-21 23:39:02

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। দান সিন্দুকগুলোতে পাওয়া ৫১ বস্তা টাকা গণনা করে শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টাকার এই হিসাব পাওয়া যায়। ফলে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে এখন ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়েছিলো। তখন পাওয়া গিয়েছিলো ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার চার মাস ২৪ দিন পর দান সিন্দুক খোলা হয়েছে।

পাগলা মসজিদের দান সিন্দুকগুলো যেন টাকার খনি হয়ে ওঠেছে। প্রতিবার খুললেই পাওয়া যায় কয়েক কোটি টাকা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দানের পরিমাণ। এ কারণে প্রতিবারই বাড়ানো হয় দান সিন্দুকের সংখ্যা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

নির্ধারিত ১০টি দানসিন্দুক খোলার আগেই পূর্ণ হয়ে যাওয়ায় দানবাক্স হিসেবে যুক্ত করা হয় আরো পাঁচটি ট্রাঙ্ক। এসব উপচে পড়ে কাড়ি কাড়ি টাকায়। ফলে এবারও দানবাক্সের টাকার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

দান সিন্দুকগুলো শুধু টাকাতেই পূর্ণ ছিলো না। ছিলো স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও। সেসবও অন্যান্যবারের চেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে। স্বর্ণালঙ্কার পাওয়া গেছে শত ভরির উপরে। যার মধ্যে রয়েছে সোনা, রূপা ও হীরে। এবার প্রথমবারের মতো পাওয়া গেছে সোনার চামচ ও সোনার বাটি।

এছাড়া বৈদেশিক মুদ্রার মধ্যে দিনার, ইউরো, ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রার সংখ্যাও ছিলো এবার সর্বোচ্চ। এর বাইরে মিলেছে মানতকারীদের ইচ্ছেপূরণের হাজারো চিঠি।

শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের এসব দানসিন্দুকগুলো খোলা হয়। সকাল ৭টায় মসজিদটির ১০টি দানসিন্দুক এবং ৫টি ট্রাঙ্ক খোলার মধ্য দিয়ে টাকা গণনার কাজ শুরু করা হয়।

লোহার সিন্দুক এবং বড় ট্রাঙ্কগুলোর সিলগালা খুলে প্রথমে টাকাগুলো বের করে বস্তায় ভরা হয়। এবার বস্তার হিসাবে বড় বস্তায় মোট ৫১ বস্তা টাকা পাওয়া যায়, যা বস্তার হিসাবেও সর্বোচ্চ। পরে বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢালা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ।

এবার টাকা গণনার কাজেও সর্বোচ্চসংখ্যক মানুষকে যুক্ত করা হয়। মোট ৬৮০ জনের একটি বিরাট টিম টাকা গণনার কাজে সম্পৃক্ত ছিলেন। পাগলা মসজিদ মাদরাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ৩৯০ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ, জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন স্টাফ এবং রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৪৯৪ জন টাকা ভাঁজ করা ও গণনার কাজ করেন।

এসআরবি, পুলিশ ও আনসারের ৭৫ জন সদস্য তাদের সহায়তা করেন। টাকা গণনার এ এলাহী কাণ্ড তদারকি করেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরও গণনা শেষ হয় রাত সাড়ে ১০টায়। এবারের টাকা মিলিয়ে পাগলা মসজিদের ব্যাংকে জমা হওয়া টাকার পরিমাণ ১৫০ কোটি ছাড়িয়েছে। এর আগে পাগলা মসজিদের ব্যাংক হিসেবে ১৩৩ কোটি টাকা ছিলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার মসজিদের নির্দিষ্ট ১০টি দানসিন্দুক অন্তত দেড় মাস আগেই দানের টাকায় পূর্ণ হয়ে গিয়েছিলো। বিভিন্ন কারণে সে সময় দানসিন্দুক খোলা হয়নি। তখন দান অব্যাহত রাখার সুবিধার্থে পাঁচটি বিশাল ট্রাঙ্ক যুক্ত করা হয়। সেসবও বিপুল দানে পূর্ণ হয়ে গিয়েছিলো।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে দান সিন্দুক খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. জুবায়ের হোসেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ মসজিদ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

টাকা গণনার কাজ চলার সময় সাংবাদিকদের ব্রিফ করেন জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন। তিনি বলেন, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। প্রতিবার দানবাক্সগুলো খুলে পাওয়া টাকা গণনা করে ব্যাংকে জমা রাখা হয়। এছাড়া স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে জমা রাখা হয়। ৬ বছর পর গত ১২ই অক্টোবর সিলগালা খুলে গণনা করে ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রূপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এসব বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৬ টাকা পাওয়া গেছে। স্বর্ণ এবং রূপার নিলাম কার্যক্রম চলমান রয়েছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের টাকা থেকে মসজিদ কমপ্লেক্সের এতিম ও অসহায় ছাত্রদের যাবতীয় খরচ বহন করা হয়।এই মাদরাসা থেকে ২৫৩ জন ছাত্র হাফেজ হয়েছেন। এছাড়া জমা টাকার লভ্যাংশ থেকে জেলার দরিদ্র রোগীদের অনুদান দেওয়া হয়।

এদিকে পাগলা মসজিদে মানুষ টাকাপয়সা, স্বর্ণালঙ্কার, গরু-ছাগল, হাঁস-মুরগী, ফল-ফলাদি, কোরআন শরীফ ইত্যাদি দান করেন। এর মধ্যে টাকাপয়সা ও স্বর্ণালঙ্কার মসজিদের দানসিন্দুকগুলোতে জমা পড়ে। অন্যদিকে গরু-ছাগল, হাঁস-মুরগী, ফল-ফলাদি, কোরআন শরীফ ইত্যাদি নিলামঘরে জমা দিতে হয়।

জেলা শহরের নরসুন্দা নদী তীরের ঐতিহাসিক এ মসজিদটিতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে দান করছেন। যারা দান করতে আসেন তারা বলে থাকেন, এখানে দান করার পরে নাকি তাদের মনের আশা পূরণ হয়েছে। আর এ কারণেই দিন দিন দানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

Source - www.bd24live.com ↗