চাঁদের গায়ে যে লেগে থাকে চাঁদ ফুটপাতে,
ছলকায় চাঁদ বলকায় মেঘ ইটকাঠে;
নিশিরাত, বাঁকা জোছনার নীল তরবারি
কেটে নেয় যত স্বপ্নের মতো ঘরবাড়ি,
ডানা খুলে গাছ দাঁড়িয়ে সবাই এই বনে,
পাখিদের গান, সুর-কঙ্কাল—নেই মনে?
লতাগুল্মের ছায়া-গম্ভীর সুর ভাসে,
ভুতুড়ে স্মৃতিরা কথা বলে যায় দূরভাষে।
গন্ধমাতাল কামিনীর ঝাড়—দরদিয়া,
বাতাসের কানে শোনায় রাতের মর্সিয়া।
এই অরণ্য তোমার জন্য—নেই মনে?
কাকজোছনায় খুন হয় চাঁদ সেই বনে।
কাকজোছনা

Source - www.prothomalo.com ↗