Bangladesh · 2026-11-22 09:33:49

বারে পরিচয়, প্রেম-বিয়ে-বিচ্ছেদ, সন্তান নিয়ে মার্কিন বাবার লড়াই, পাসপোর্টে ‘ভিন্ন বাবা’

বারে পরিচয়, প্রেম-বিয়ে-বিচ্ছেদ, সন্তান নিয়ে মার্কিন বাবার লড়াই, পাসপোর্টে ‘ভিন্ন বাবা’
যুক্তরাষ্ট্রের একটি বারে পরিচয়। এরপর প্রেম, বিয়ে, সংসার। ভালোবাসার টানে ধর্ম পরিবর্তন করে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে বিয়ে করেছিলেন মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল। সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান। কিন্তু দাম্পত্যজীবনে বিচ্ছেদ ঘটতেই শুরু হয় সন্তানদের নিয়ে বিরোধ।
তিন বছর ধরে সন্তানদের ফিরে পেতে বাংলাদেশের আদালতের বারান্দায় ঘুরছেন গ্যারিসন। এর মধ্যে আদালতের আদেশে সন্তানকে বাবার কাছে হস্তান্তরের কথা থাকলেও শিশুটিকে নিয়ে সিঙ্গাপুরে চলে গেছেন মা ফারহানা করিম। শুধু তা-ই নয়, শিশুটির জন্য তৈরি করা হয়েছে নতুন বাংলাদেশি পাসপোর্ট। সেখানে বদলে দেওয়া হয়েছে তার নাম ও বাবার পরিচয়। তিন বছর ধরে সন্তানকে খুঁজে বেড়ানো গ্যারিসন শেষ পর্যন্ত পাসপোর্টের ছবি দেখে নিজের ছেলেকে শনাক্ত করেছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। তদন্ত শেষে গত ১৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) বাসুদেব সরকার। ঢাকার উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার তদন্তে শিশুটির বিদেশযাত্রা, নতুন পরিচয়ে পাসপোর্ট তৈরি ও আদালতের বিভিন্ন আদেশের বিষয় উঠে এসেছে।
মামলার বাদী যুক্তরাষ্ট্রের নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেলের (৩৫) অভিযোগ, দুই সন্তানকে নিয়ে স্ত্রী ফারহানা করিম বাংলাদেশে আসার পর তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে সন্তানদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয় তাঁকে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সন্তানদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। সন্তানদের ফিরে পাওয়ার আশায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে একের পর এক আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন মার্কিন এই নাগরিক।
বারে পরিচয়, ধর্ম পরিবর্তন করে বিয়ে
মামলার নথি ও গ্যারিসনের ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালের ৩ জুন যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা করিমের সঙ্গে পরিচয় হয় তাঁর। একটি বারে প্রথম পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ফারহানা করিম মুসলিম ও গ্যারিসন খ্রিষ্টান হওয়ায় বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন গ্যারিসন। ২০১৮ সালের ৩ আগস্ট মুসলিম শরিয়াহ অনুযায়ী মসজিদে তাঁদের বিয়ে হয়।
দুই বছর পর ২০২০ সালের ১৬ অক্টোবর তাঁদের প্রথম সন্তান ফাতিমির ওয়াল ইকরাল লুট্রেলের জন্ম হয়। দ্বিতীয়বার সন্তানসম্ভবা হলে ২০২৩ সালের ২৭ জুন পরিবারের সদস্যদের কাছে থাকার কথা বলে বাংলাদেশে আসেন ফারহানা। দ্বিতীয় সন্তান ফাতিহ আল আলিম কুইটিসের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বাংলাদেশে বসবাস শুরু করেন ফারহানা। গ্যারিসনের অভিযোগ, এরপর ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন স্ত্রী ফারহানা।
সন্তানদের কাছে পাওয়ার আশায় ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন গ্যারিসন। সন্তানদের আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে ২০২৩ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট গ্যারিসনকে প্রতি শনি ও মঙ্গলবার ঢাকার উত্তরা ক্লাবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড় ছেলে ফাতিমিরের সঙ্গে সময় কাটানোর অনুমতি দেন। তবে তখন এক মাস বয়সী ছোট সন্তানের বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি।
গ্যারিসনের অভিযোগ, হাইকোর্টের ওই নির্দেশনাও কার্যকর করা হয়নি। এরপর সন্তানদের জিম্মা, বাবার সঙ্গে দেখা করার অধিকার নিশ্চিত করা ও আদালতের আদেশ অমান্যের অভিযোগে বিভিন্ন আদালতে আইনি পদক্ষেপ নেন তিনি।
তবু সন্তানকে পাননি গ্যারিসন
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ এপ্রিল ছেলের সঙ্গে দেখা করতে না পারার অভিযোগ তুলে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গ্যারিসন। এরপরও সন্তানের খোঁজ না পেয়ে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে উত্তরায় ফারহানা করিমের বাসায় গিয়ে ছেলেকে পাননি। বাসার নিরাপত্তাকর্মী তাঁকে জানান, শিশুটি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সকালে বাসা ছেড়ে চলে গেছেন।
গ্যারিসনের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে তাঁর ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন। এ ঘটনায় ২০২৪ সালের ২৮ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০)-এর ৭ ও ৩০ ধারা যুক্ত করা হয়। মামলায় শ্বশুর-শাশুড়ি এবং স্ত্রীর বোন ও বোনের স্বামীর বিরুদ্ধে সন্তান অপহরণের অভিযোগ করেন গ্যারিসন। ওই মামলায় পুলিশ ফারহানা করিমকে সন্তানসহ আদালতে হাজির করে। শুনানি শেষে শিশুটি ছোট হওয়ায় এবং হাইকোর্টের আগের আদেশ বহাল থাকায় তাকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন আদালত। তবে ওই অপহরণ মামলায় ফারহানা করিম আসামি ছিলেন না। কিন্তু পরবর্তী সময়ে ফারহানা আর আদালতে হাজির না হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আগের জিম্মার আদেশ বাতিল করেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাকে শিশুটির অবস্থান শনাক্ত করে আদালতে হাজির করার নির্দেশ দেন।
কিন্তু শিশুটির সন্ধান না পেয়ে গত ২৬ জুলাই আদালতে সাময়িক প্রতিবেদন জমা দেয় পিবিআই। তাতে বলা হয়, ফারহানা করিম সর্বশেষ ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চলে গেছেন। দেশে ফেরার কোনো তথ্য পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে ফারহানা করিম ও মাহমুদুর রহমানের ভাড়া বাসায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেও তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
নতুন পাসপোর্টে ভিন্ন নাম
মামলার পূর্ণাঙ্গ তদন্তে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি উঠে আসে শিশুটির পাসপোর্ট যাচাই করতে গিয়ে। তদন্ত কর্মকর্তা বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বিভাগ ও পাসপোর্ট অফিস থেকে তথ্য সংগ্রহ করে দেখেন, গ্যারিসনের ছেলে ফাতিমির ওয়াল ইকরাল লুট্রেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট তৈরি করা হয়েছে। সেখানে শিশুটির নাম দেওয়া হয়েছে ‘এমির আল মালিক কুইটিস’। পাসপোর্টে বাবার নাম উল্লেখ করা হয়েছে ‘রিডাস কুইটিস’ (RIDAS KUITIS) এবং মায়ের নাম ‘ফারহানা করিম’। শিশুটির জন্মতারিখ দেওয়া হয়েছে ২০২১ সালের ৩ ডিসেম্বর। জন্মস্থান ঢাকা এবং জাতীয়তা বাংলাদেশি উল্লেখ করে ২০২৫ সালের ২৫ মার্চ পাসপোর্টটি ইস্যু করা হয়। এর আগে শিশুটির জন্মনিবন্ধনও সংশোধন করা হয়।
তদন্ত কর্মকর্তা পাসপোর্টে থাকা শিশুটির ছবি গ্যারিসনকে দেখান। ছবি দেখে তিনি নিশ্চিত করেন, এটি তাঁর ছেলে ফাতিমির ওয়াল ইকরাল লুট্রেল। অর্থাৎ নাম ও বাবার পরিচয় পরিবর্তন করে নতুন পাসপোর্ট তৈরি করা হলেও ছবির মাধ্যমে ছেলেকে শনাক্ত করেন গ্যারিসন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর ফারহানা করিম তাঁর ছেলেকে নিয়ে থাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশ ছাড়েন। একই ফ্লাইটে ছিলেন শিশুটির নানি রেজিনা করিমও। তাঁরা সিঙ্গাপুরে যান।
হস্তান্তরের নির্দেশের আগেই দেশত্যাগ
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে হাইকোর্টের পরবর্তী একটি আদেশের কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ২০২৩ সালের রিটের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ২৪ জুন দেওয়া আদেশে শিশুটিকে বাবা গ্যারিসন রবার্ট লুট্রেলের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট পারিবারিক মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিশুটি বাবার হেফাজতে থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আদালতের ওই আদেশের আগেই শিশুটিকে নিয়ে দেশ ছেড়ে যান মা। ফলে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্তে ফারহানা করিম ছাড়াও ফারজানা করিম, রেজিনা করিম, ফজলুল করিম ও মাহমুদুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে ফারহানা করিমকেও তদন্তপ্রাপ্ত অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ফারজানা করিম শিশুটির বড় খালা ও রেজিনা করিম তার নানি। আসামিরা সবাই জামিনে রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রটি আদালত গ্রহণ করেছেন। মামলাটি বিচারিক আদালতে বদলির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য রাখা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই বাসুদেব সরকার প্রথম আলোকে বলেন, তদন্তে মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিশুটির মা তাকে নিয়ে আগেই দেশ ছেড়েছেন। কোনো সূত্র না পেয়ে শিশুটির পাসপোর্টের বিষয়টি তদন্ত করা হয়। তখন নাম ও বাবার পরিচয় পরিবর্তন করে নতুন পাসপোর্ট তৈরির তথ্য পাওয়া যায়। পরে পাসপোর্টের ছবি দেখে বাবা ও বাদী গ্যারিসন তাঁর সন্তানকে শনাক্ত করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আদালত আইনানুগ ব্যবস্থা নেবেন।
বিচ্ছেদ নিয়েও বিরোধ
সন্তানদের জিম্মা নিয়ে বিরোধের পাশাপাশি গ্যারিসন ও ফারহানার মধ্যে বিচ্ছেদ নিয়েও মামলা চলছে। গ্যারিসনের আইনজীবী বেল্লাল হোসাইনের দাবি, যুক্তরাষ্ট্রের আইনে সম্পন্ন হওয়া বিয়ের বিচ্ছেদ বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনের নোটিশের মাধ্যমে বৈধভাবে সম্পন্ন হয়নি। এ নিয়ে পৃথক মামলা বিচারাধীন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী প্রাণ নাথ প্রথম আলোকে বলেন, গ্যারিসন ও ফারহানার পারিবারিক বিরোধ নিয়ে একাধিক মামলা চলছে। শুরুতে সন্তানদের জিম্মা চেয়ে গ্যারিসন হাইকোর্টে রিট করেন। আদালত তাঁকে সন্তানদের জিম্মা না দিয়ে সপ্তাহে দুই দিন দেখা করার অনুমতি দিয়েছিলেন। পরে তিনি পারিবারিক আদালতে অভিভাবকত্বের মামলা করেন। একইভাবে ফারহানাও সন্তানের জিম্মা চেয়ে মামলা করেছেন।
প্রাণ নাথ আরও বলেন, সন্তানের খোঁজখবর না নেওয়া ও খরচ বহন না করার অভিযোগে ফারহানা করিম গ্যারিসনের বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেছেন। অন্যদিকে ফারহানা তাঁকে তালাক দিলে গ্যারিসন সেই তালাকের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন। তবে শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেন। পরে সিটি করপোরেশন থেকেও তালাক কার্যকরের সনদ দেওয়া হয়। ফলে আইনগতভাবে তাঁদের স্বামী-স্ত্রীর সম্পর্কের অবসান হয়েছে।
সন্তানদের ফিরে পাওয়ার অধিকার ও এ মামলার প্রেক্ষাপটে গ্যারিসনের আইনি সুযোগ সম্পর্কে জানতে চাইলে প্রাণ নাথ বলেন, মামলাটি বিচারিক প্রক্রিয়ায় থাকায় এ বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। পিবিআই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, মা তার বাচ্চাকে দেশের বাইরে নিয়ে গেছেন। তার মানে অন্য আসামিদের বিরুদ্ধে অপহরণের অভিযোগের কিছু নেই। তারা নির্দোষ। ফারহানা করিমের সঙ্গে আসামি ফারজানা করিমের দীর্ঘদিন যোগাযোগ নেই।
অন্যদিকে গ্যারিসনের আইনজীবী বেল্লাল হোসাইন প্রথম আলোকে বলেন, গ্যারিসন যে মামলাটা করেছেন, পিবিআই দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বাচ্চাটা নিয়ে কীভাবে কৌশল অবলম্বন করে দেশ ছেড়েছে, তা উঠে এসেছে তদন্তে। তাঁরা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

Source - www.prothomalo.com ↗