Bangladesh · 2026-11-22 08:31:56

উৎসবের নামে বালিয়াড়িতে স্থায়ী বাণিজ্যের ছক!

উৎসবের নামে বালিয়াড়িতে স্থায়ী বাণিজ্যের ছক!
একদিকে সমুদ্রের ঢেউ, অন্যদিকে বালিয়াড়ি ঘিরে আলোকসজ্জা, ইটের ওয়াকওয়ে, খাবারের দোকান, ভাস্কর্য আর নানা বিনোদনকেন্দ্র। পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল। তবে ৯০ দিনের এই উৎসবের আড়ালে রয়েছে তিন বছরের বাণিজ্যিক বন্দোবস্ত। মোটেল শৈবালের দক্ষিণ-পশ্চিম পাশে ৩৫ একর বালিয়াড়ি বিনা ভাড়ায় পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। সেই জমিতে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে ৪০ হাজার থেকে ১৫ লাখ টাকায়। আয়োজনে সাড়া মিললে বাড়বে উৎসবের মেয়াদও। এরই মধ্যে কার্নিভালের অবকাঠামো নির্মাণে বালিয়াড়ির ঘাস ও সাগরলতা নষ্ট, ঝাউগাছ কাটা এবং স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। পরিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) এমন আয়োজন ঘিরে পরিবেশবাদীদের আপত্তির মধ্যেই রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে কার্নিভাল।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভের (পিপিআই) আওতায় আয়োজনটি বাস্তবায়ন করছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। কার্নিভালের প্রচারে ৯০ দিনের আয়োজনের কথা বলা হলেও সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির ভাষ্য, জমির বন্দোবস্ত দেওয়া হয়েছে তিন বছরের জন্য। পরবর্তী দুই বছরও একই প্রতিষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকতে পারে। ফলে সাময়িক উৎসবের জন্য দেওয়া জমিতে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ তৈরি হচ্ছে।

অন্যদিকে কার্নিভালে প্রবেশের টিকিট কিনেও পর্যটকেরা ১৫টি জোনের সব কটিতে ঢুকতে পারবেন না। মূল টিকিটে ছয়টি জোনে প্রবেশের সুযোগ থাকলেও বাকি নয়টি জোনের জন্য দিতে হবে বাড়তি ফি। এসব জোনের কয়েকটির প্রবেশমূল্য এখনো নির্ধারণ করেনি আয়োজক প্রতিষ্ঠান।

কার্নিভাল ঘিরে বালিয়াড়ির ঘাস ও সাগরলতা উপড়ে ফেলা, ঝাউগাছ কাটা, ইটের ওয়াকওয়ে, ওয়াশরুম ও স্থায়ী বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণের অভিযোগও উঠেছে। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, এ আয়োজনের মাধ্যমে সৈকতের প্রাকৃতিক প্রতিবেশের ক্ষতি করা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশও দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের কাছ থেকে মোটেল শৈবালের দক্ষিণ-পশ্চিম পাশে প্রায় ৩৫ একর জমি পেয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। এ জমি ব্যবহারের জন্য আপাতত কোনো ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

তবে পর্যটন করপোরেশন ও আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কার্নিভাল আয়োজনের জন্য জমিটি তিন বছরের বন্দোবস্ত দেওয়া হয়েছে।

তাদের ভাষ্য, আয়োজন থেকে অর্জিত আয়ের ২০ শতাংশ পাবে পর্যটন করপোরেশন। বাকি ৮০ শতাংশ পাবে আয়োজক প্রতিষ্ঠান।

কার্নিভালের প্রচার ও টিকিট বিক্রির তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলার কথা এ আয়োজন। তবে পর্যটকদের সাড়া পাওয়া গেলে নির্ধারিত সময়ের পরও কার্নিভাল চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী দুই বছরও একই প্রতিষ্ঠান আয়োজন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ক্ষেত্রে বৈদ্যুতিক সাবস্টেশন ও ওয়াশরুমের মতো কিছু অবকাঠামো রেখে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ‘পর্যটনশিল্পকে এগিয়ে নিতেই দেশে প্রথমবারের মতো পিপিআইর মাধ্যমে তিন মাসব্যাপী কার্নিভালের আয়োজন করা হয়েছে। এতে করপোরেশন শুধু জমি দিয়েছে, আর বিনিয়োগ করেছে আয়োজক প্রতিষ্ঠান। এই আয়োজনে সফল হলে এটি আরও বিস্তৃত পরিসরে করার চিন্তা রয়েছে। তিন মাসের সময়সীমা ধাপে ধাপে বৃদ্ধির পাশাপাশি দেশের অন্যান্য পর্যটন এলাকাতেও এটি আয়োজনের পরিকল্পনা নেওয়া হবে।’

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত না থাকার কথা জানিয়ে তিনি বলেন, অধীন কর্মকর্তাদের মধ্যস্থতায় চুক্তি হয়েছে। আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত বিনা ভাড়ায় জমি দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ‘কার্নিভাল তিন মাসের বলে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। চুক্তি কত দিনের, তা পর্যটন করপোরেশন বলতে পারবে। এই কার্নিভালের আয়োজন, টিকিট ও স্টল বরাদ্দের সব বিষয় সরাসরি করপোরেশন তদারকি করছে।’

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি পরিবেশগতভাবে সংবেদনশীল। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় সৈকতের বিভিন্ন অংশ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত। এ ধরনের এলাকায় প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট করা, গাছপালা কাটা এবং পরিবেশের ক্ষতি হয় এমন স্থাপনা নির্মাণ নিয়ে বিধিনিষেধ রয়েছে। তবে কার্নিভালের নির্দিষ্ট স্থানটি ইসিএর আওতাভুক্ত কি না, তা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভিন্ন বক্তব্য রয়েছে।

কার্নিভাল উপলক্ষে নির্মিত অবকাঠামো নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয় পরিবেশবাদীদের দাবি, নির্মাণকাজে প্রায় ৩০টি ঝাউগাছ কাটা হয়েছে। পাশাপাশি বালিয়াড়ির সাগরলতা ও প্রাকৃতিক ঘাস উপড়ে ফেলা হয়েছে। সমতল করা হয়েছে বালিয়াড়ির অংশবিশেষ। তৈরি হয়েছে ইটের ওয়াকওয়ে, বৈদ্যুতিক সাবস্টেশন, ওয়াশরুমসহ বিভিন্ন অবকাঠামো।

তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান বলেন, ‘বিভিন্ন মাধ্যমে কার্নিভালে গাছ কাটার খবর পেয়ে বন বিভাগ ও সিভিল অ্যাভিয়েশনসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কার্নিভাল উপলক্ষে কোনো গাছ কাটার প্রমাণ পাইনি। তবে বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে ঝড়ে পড়া গাছ বন বিভাগ কেটেছে। কার্নিভালের কাজ শুরুর আগে বিমান চলাচলের সুবিধার্থে সিভিল অ্যাভিয়েশনও গাছের ওপরের অংশ কেটেছে।’

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমীন খানের দাবি, ‘এটি ইসিএ জোন নয়, বরং পর্যটন করপোরেশনের নিজস্ব জায়গা।’

তবে প্রশাসনের তদন্তকে একপক্ষীয় বলে প্রত্যাখ্যান করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, ‘গাছ কাটার অভিযোগ আমরা পাঁচটি সংগঠন মিলে করেছি। অথচ আমাদের বাদ দিয়েই প্রশাসনের মনগড়া একটি কমিটি প্রতিবেদন দিয়েছে। আমরা সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছি। তদন্ত করতে হলে অভিযোগকারীদের সঙ্গে নিয়েই কার্নিভালের স্থান পরিদর্শন করতে হবে।’

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকেও স্থানটি পরিদর্শনের কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুল বান্না বলেন, ‘বেলার পক্ষ থেকে কার্নিভালের স্থান পরিদর্শন করা হয়েছে। সেখানে গাছ কাটা, ঘাস উপড়ে ফেলা ও সাগরলতা ধ্বংসের প্রমাণ মিলেছে। এ জন্য গত ১৮ নভেম্বর কার্নিভাল আয়োজন বন্ধ করতে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক, পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও করপোরেশনের চেয়ারম্যান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, কক্সবাজারের জেলা প্রশাসক ও বিভাগীয় বন কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছি।’

সরেজমিনে দেখা যায়, উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরো এলাকায়। প্রধান ফটক ও কবিতা চত্বর দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে আলোকসজ্জা। বালিয়াড়ির অংশ সমতল করে উত্তরমুখী ইটের ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। রাস্তার দুই পাশে গড়ে উঠেছে বিভিন্ন বিনোদন ও বাণিজ্যিক জোন।

এর মধ্যে রয়েছে ভিআর জোন, ব্র্যান্ড প্যাভিলিয়ন, বালুর ভাস্কর্য, অ্যাম্ফিথিয়েটার, পিঠা জোন, এসএমই জোন, ফুটসাল পয়েন্ট, সিনেমা জোন, বৈদ্যুতিক সাবস্টেশন, গো-কার্ট, কমান্ডো ক্যাম্প, মার্কেটপ্লেস, ক্যাম্পিং জোন, ব্যাডমিন্টন কোর্ট ও ওপেন লাইব্রেরি।

এ ছাড়া রয়েছে তিনটি ফুড জোন, চারটি ওয়াশরুম, কিডস জোন, আইসক্রিম পার্লার, আর্কেড গেম, স্প্ল্যাশ প্যাড এবং মোটেল শৈবালের ভেতরের পুকুর ঘিরে কায়াকিং, মাছ ধরা, শিশুদের নৌকা ও ওয়াটার লেজার শোর আয়োজন।

অন্যদিকে রাস্তার পশ্চিম পাশে তৈরি হয়েছে ফটো এক্সিবিশন, সানসেট ভিউ পয়েন্ট, আর্ট এক্সিবিশন, বার-বি-কিউ ও ওয়েলনেস জোন।

কার্নিভালে প্রবেশের জন্য একবারের টিকিটের মূল্য ২০০ টাকা। সারা দিনের টিকিট ৫০০ টাকা। আয়োজকদের ওয়েবসাইট ও টিকিটিং পার্টনার টিকিফাইয়ের তথ্য অনুযায়ী, মূল টিকিটে ফুড জোন, পিঠা এরিনা, মার্কেট জোন, বার-বি-কিউ জোন, অ্যাম্ফিথিয়েটারে লাইভ মিউজিক ও লাইভ বাস্কিংসহ মোট ছয়টি সাধারণ জোনে প্রবেশ করা যাবে।

অর্থাৎ ১৫টি জোনের প্রচার চালানো হলেও মূল টিকিটে সব কটি জোন ঘুরে দেখার সুযোগ নেই। বালুর ভাস্কর্য, চিত্রকর্ম, কায়াকিং, গো-কার্ট, ভিআর গেমিং ও ক্যাম্পিংসহ বাকি নয়টি জোনে প্রবেশ করতে আলাদা ফি দিতে হবে।

কায়াকিংয়ের জন্য ৫০ টাকা ফি উল্লেখ থাকলেও ক্যাম্পিং, গো-কার্ট, ভিআর গেমিং কিংবা বালুর ভাস্কর্য দেখতে কত টাকা দিতে হবে, তা এখনো প্রকাশ করা হয়নি। ফলে ২০০ বা ৫০০ টাকার টিকিট কেটে প্রবেশের পরও দর্শনার্থীদের বাড়তি খরচের মুখে পড়তে হবে। বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা পর্যটকদের মোট ব্যয় কত দাঁড়াবে, তা আগেভাগে বোঝার সুযোগ নেই।

কার্নিভালের বাণিজ্যিক আয়োজনেও রয়েছে বড় অঙ্কের লেনদেন। পর্যটন করপোরেশনের কাছ থেকে বিনা ভাড়ায় পাওয়া জমিতে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দিয়ে লাখ লাখ টাকা নিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান।

তিনটি ফুড জোনে ২০টি কনটেইনার ফুড প্যাভিলিয়নের প্রতিটির ভাড়া ১৫ লাখ টাকা। এর সঙ্গে রয়েছে ১০ শতাংশ মাসিক সার্ভিস চার্জ, আলাদা বিদ্যুৎ বিল এবং জেনারেটর ব্যবহারে ঘণ্টায় ৩ হাজার ৫০০ টাকা খরচ।

৫০টি প্যাগোডা ফুড স্টলের প্রতিটির ভাড়া ৩ লাখ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ সার্ভিস চার্জ। ২০টি পপ-আপ ফুড কার্টের প্রতিটির ভাড়া ১ লাখ ৫০ হাজার টাকা। এসব কার্টের ক্ষেত্রে ১৫ শতাংশ সার্ভিস চার্জের পাশাপাশি অগ্রিম এলপিজি ফি দিতে হবে। বিদ্যুতের সংযোগও নেই।

কেনাকাটা ও প্রদর্শনীর জন্য ২৫টি মার্কেটপ্লেস প্যাগোডা স্টলের প্রতিটির ভাড়া ৩ লাখ টাকা। স্থানীয় উদ্যোক্তাদের জন্য যৌথ ছাউনির নিচে ২০টি টেবিল রাখা হয়েছে, প্রতিটির ভাড়া ১ লাখ টাকা।

এ ছাড়া ২৫টি অফ-পিক রোটেটিং স্টলের ১৫ দিনের ভাড়া ৪০ হাজার টাকা এবং পিক সিজনের ২৫টি রোটেটিং স্টলের ১৫ দিনের ভাড়া ৭০ হাজার টাকা। প্রতিটি ক্ষেত্রে রয়েছে ৫ শতাংশ মাসিক সার্ভিস চার্জ। ব্র্যান্ডিংয়ের খরচ এর বাইরে।

ক্রাফট ভিলেজে ৪৩ হাজার ৭০০ বর্গফুট জায়গার মধ্যে সর্বনিম্ন ৫ হাজার বর্গফুট বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতি বর্গফুটের ভাড়া ৫০০ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ সার্ভিস চার্জ। স্টল নির্মাণের খরচও উদ্যোক্তাকে বহন করতে হবে।

আয়োজকদের দেওয়া হিসাব অনুযায়ী, এসব ভাড়ার সঙ্গে ভ্যাট যুক্ত হবে। সার্ভিস চার্জের মধ্যে ৭ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ বিদ্যুৎ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা খরচ এবং ৩ শতাংশ আয়োজকদের মুনাফা অন্তর্ভুক্ত রয়েছে।

কার্নিভালের পুরো এলাকা ক্যাশলেস করতে সিটি ব্যাংক ও বিকাশের সঙ্গে চুক্তি করেছে আয়োজক প্রতিষ্ঠান। প্রবেশমুখে বিকাশের ওয়ান স্টপ সার্ভিস বুথে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে অ্যাকাউন্ট বাতিল হওয়ার শর্তও রয়েছে।

তবে এ ব্যবস্থায় স্টল থেকে পণ্য বিক্রির অর্থ সরাসরি জমা হবে স্পেলবাউন্ড কমিউনিকেশনসের অ্যাকাউন্টে। পরে এক সপ্তাহ পরপর সংশ্লিষ্ট উদ্যোক্তাদের টাকা পরিশোধ করা হবে।

এতে স্টলমালিকদের নিজস্ব বিক্রির অর্থও তাৎক্ষণিকভাবে তাদের হাতে আসবে না। পুরো লেনদেনের মধ্যবর্তী নিয়ন্ত্রণ থাকবে আয়োজক প্রতিষ্ঠানের হাতে। এ ব্যবস্থায় অর্থের হিসাব, পরিশোধের স্বচ্ছতা ও উদ্যোক্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কার্নিভালের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বালুর ভাস্কর্য। দেশি-বিদেশি ভাস্করদের তৈরি ১৫ থেকে ২০টি বিশাল ভাস্কর্যে রয়েল বেঙ্গল টাইগার, মা হাতি ও শাবক, ইলিশ, সাম্পান, জেলেদের জীবনচিত্র, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন ও শহীদ মিনারের প্রতিকৃতি তুলে ধরা হয়েছে।

চিত্রকর্ম জোনে দেশীয় শিল্পীদের কাজের পাশাপাশি ভ্যান গঘের শিল্পকর্মের আদলে আর্ট ইনস্টলেশন ও আলোকসজ্জার আয়োজন রয়েছে।

অন্যদিকে ওপেন থিয়েটার জোনে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, ওপেন এয়ার চলচ্চিত্র প্রদর্শনী, উইকেন্ড কনসার্ট, ওপেন মাইক ও বিশেষ তাবুতে সার্কাস আয়োজনের পরিকল্পনা রয়েছে। মোটেল শৈবালের ভেতরের পুকুর ঘিরেও থাকছে আলোকসজ্জা ও বিনোদনের ব্যবস্থা।

তবে এসব আকর্ষণের বেশ কয়েকটিতে প্রবেশের জন্য কত টাকা দিতে হবে, তা এখনো নির্ধারণ করেনি আয়োজক প্রতিষ্ঠান।

স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রকল্প ও বিজনেস ইন্টিগ্রেশন বিভাগের প্রধান আহমেদ সুপ্রতিম (ভাস্কর) বলেন, ‘বিচ কার্নিভালের কাজ ৯০ শতাংশের বেশি শেষ। ২২ নভেম্বর বিকেল তিনটায় এর উদ্বোধন হবে। নিরাপত্তার জন্য দুই শতাধিক নিরাপত্তাকর্মী ও এক শতাধিক পরিচ্ছন্নতাকর্মী রাখা হয়েছে। এ ছাড়া চারটি জোনে প্রায় ১২০টি ওয়াশরুম তৈরি করা হয়েছে।’

আলাদা ফি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রবেশ ফি দিয়ে ঢুকে তাবু ও ক্যাম্প ফায়ারিং জোন ছাড়া সবই দেখা যাবে। তবে ওই নয়টি জোনে প্রবেশ করতে আলাদা প্রবেশ ফি দিতে হবে।’

কোন জোনে কত ফি এবং তাবুতে রাত্রিযাপনে কত টাকা লাগবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো জোন ফি নির্ধারণ করিনি। তবে একেক জোনের একেক ধরনের ফি হবে।’

কার্নিভাল নির্ধারিত সময়ের পরও চলতে পারে কি না, এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কার্নিভালটি ১ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল। সেই হিসাবে ৩১ জানুয়ারি পর্যন্ত মেয়াদ। কিন্তু নানা কারণে শুরু করতে বিলম্ব হয়েছে। ওই হিসাবে যদি রমজান মাসেও সাড়া পাই, তবে কার্নিভাল চালিয়ে যাওয়ার চিন্তা রয়েছে।’

গাছ কাটার অভিযোগ অস্বীকার করে আহমেদ সুপ্রতিম বলেন, ‘ঝাউগাছ আছে বলেই জায়গাটি আমরা পছন্দ করেছি। তাই গাছ কাটার প্রশ্নই ওঠে না। ওয়াকওয়ে নির্মাণ করতে ঘাস ছাঁটাইয়ের জন্য অনেক শ্রমিক লেগেছে। চাইলে রাসায়নিক ব্যবহার করে রাতের অন্ধকারে কাজ শেষ করতে পারতাম, কিন্তু আমরা সেটি করিনি।’

কক্সবাজারের পর্যটন বিকাশে নতুন আয়োজন পর্যটকদের আকর্ষণ করতে পারে। কিন্তু এ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে সমুদ্রসৈকতের সংবেদনশীল বালিয়াড়ি। যেখানে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার কথা, সেখানে তৈরি হয়েছে ইটের রাস্তা, বৈদ্যুতিক সাবস্টেশন, ওয়াশরুমসহ নানা অবকাঠামো। এসব স্থাপনা নির্মাণের পরিবেশগত অনুমোদন ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

অন্যদিকে ৯০ দিনের উৎসবের প্রচারের আড়ালে তিন বছরের বন্দোবস্তের তথ্য, বিনা ভাড়ার জমিতে লাখ লাখ টাকার স্টল বরাদ্দ, মূল টিকিটের বাইরে বাড়তি প্রবেশ ফি এবং ক্যাশলেস লেনদেনের পুরো নিয়ন্ত্রণ একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

কার্নিভাল আয়োজনের আয় থেকে পর্যটন করপোরেশন কত টাকা পাবে, জমি ব্যবহারের শর্ত কী, তিন বছরের বন্দোবস্তের অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে এবং পরিবেশগত বিধিনিষেধ মেনে অবকাঠামো নির্মাণ করা হয়েছে কি না, এসব বিষয়ে চুক্তি ও সংশ্লিষ্ট নথি প্রকাশের দাবি উঠেছে।

পর্যটকদের জন্য সাময়িক বিনোদনের আয়োজন করতে গিয়ে কক্সবাজারের প্রাকৃতিক বালিয়াড়িকে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক ব্যবহারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কি না, তা এখন বড় উদ্বেগের বিষয়। কার্নিভাল শেষে স্থাপনা অপসারণ, বালিয়াড়ির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং পুরো আয়োজনের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই।

Source - www.bd24live.com ↗