মাইগভ ওয়েব পোর্টালসরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের অভিবাসন ঋণসেবা চালুর পর প্রায় এক বছরের মধ্যে ২০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন করেছে প্রবাসীকল্যাণ ব্যাংক। গত বছরের ৩ ডিসেম্বর সেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের জন্য আবেদন করেছেন। বর্তমানে আবেদন থেকে ঋণ অনুমোদন পর্যন্ত সময় লাগছে মাত্র ৩ থেকে ৪ দিন। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটুআই কর্মসূচি থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, এ সেবার আওতায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন। বিদেশযাত্রায় সংশ্লিষ্ট কর্মীর প্রকৃত ব্যয় যাচাই-বাছাই করে ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পর বর্তমানে ব্যাংকের ১২২টি শাখায় এ ডিজিটাল সেবা চালু রয়েছে। আগে অভিবাসন ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আবেদনকারীদের একাধিকবার ব্যাংকের শাখায় যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হতো তাঁদের। অনলাইনে সেবাটি চালু হওয়ায় এখন ঘরে বসেই ঋণের আবেদন করা এবং আবেদনের অগ্রগতি জানা যাচ্ছে। ফলে ব্যাংকে যাতায়াত ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বিদেশগামী কর্মীদের জন্য আর্থিক সেবা গ্রহণ সহজ হয়েছে।
মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

প্রবাসীকল্যাণ ব্যাংক কর্তৃপক্ষের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ডিজিটাল পদ্ধতিতে ঋণসেবা চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত ও আবেদনসংক্রান্ত ব্যয় ৫০ শতাংশ করে কমেছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ কমেছে ৩০ শতাংশ। অন্যদিকে আবেদনপ্রক্রিয়ায় কাগজের ব্যবহার কমেছে শতভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে সমন্বিত সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’। এ প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার জন্য আবেদন, নির্ধারিত ফি পরিশোধ, আবেদনের অগ্রগতি অনুসরণ, ডিজিটাল সনদসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারছেন।

Source - www.prothomalo.com ↗