Bangladesh · 2026-11-22 11:00:00

ইন্টারনেট থেকে শেখা সুরে পাহাড়ের তরুণদের স্বপ্ন বুনছেন বমরাম

ইন্টারনেট থেকে শেখা সুরে পাহাড়ের তরুণদের স্বপ্ন বুনছেন বমরাম
বাংলাদেশজুড়ে এমন অসংখ্য তরুণ রয়েছেন, যাঁরা নিজেদের আগ্রহ, স্বপ্ন আর উদ্যোগে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন। তাঁদেরই একজন বমরাম তিয়াম আমলাই। বান্দরবানের দুর্গম পাহাড়ে গিটার শেখার সুযোগ ও শিক্ষক না থাকলেও ইন্টারনেটের সহায়তায় নিজেই শিখেছেন গিটার বাজানো। ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন ‘বেসিক গিটার লার্নিং স্কুল’। পাহাড়ের তরুণেরা যেন মাদক, মোবাইল আসক্তি বা হতাশায় না ডোবে, তাই সুরের ছন্দে তাঁদের যুক্ত রাখাই ছিল তাঁর অন্যতম উদ্দেশ্য। নিজের সংগীতযাত্রা ও অভিজ্ঞতা সম্পর্কে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বমরাম তিয়াম আমলাই। সাক্ষাৎকার নিয়েছেন মো. ইশরাক আলম খান। প্রথম আলো: বান্দরবানের মতো পাহাড়ি জনপদে আপনার বসবাস। জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনার কথা জানতে চাই।
বমরাম তিয়াম আমলাই: আমার জন্ম বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেংছড়ি মুনথার পাড়ায়। পঞ্চম শ্রেণি পর্যন্ত গ্রামের স্কুলেই পড়েছি। বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ে হাইস্কুল শেষ করেছি। আর অনার্স-মাস্টার্স করেছি বান্দরবান সরকারি কলেজ থেকে।
প্রথম আলো: সবাই তো সাধারণত চায় গান গাইতে, কণ্ঠশিল্পী হতে। আপনি গিটার শেখার প্রতি আগ্রহী হলেন কেন? পাহাড়ের প্রকৃতি, নির্জনতা ও চারপাশের পরিবেশ আপনার মনোজগতে কী প্রভাব ফেলেছে?
বমরাম: ছোটবেলা থেকে গানবাজনা পছন্দ করতাম। বিশেষ করে ঢোল আমার খুব পছন্দ ছিল। বাবাকে বলেছিলাম ঢোল কিনে দেওয়ার জন্য। কিন্তু অভাবের কারণে কিনতে পারেনি বাবা। ক্লাস থ্রি-ফোরে থাকতে গিটারের ৩-৪টা কর্ড বাজাতে পারতাম, কিন্তু নাম জানতাম না। আমার আপন কাকা এবং দিদিদের বাসা থেকে হাইস্কুলে পড়ার সময়ে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বিভিন্ন গানের প্রতিযোগিতা হতো। তখন অন্যের গানের সঙ্গে গিটার বাজাতাম। সে সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের কালচারাল অফিসার ছিলেন চথুই প্রু। তিনি আমাকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন। চথুই প্রু স্যার একদিন আমাকে বললেন, ‘আমাদের বেজ গিটারিস্ট নেই, তুমি বাজাও।’ সালটা ছিল ২০০৫। এরপর ২০০৬ থেকে ওপেন স্টেজ পারফর্ম আর ছোট-বড় অনুষ্ঠান করা শুরু করি।
প্রথম আলো: বান্দরবানের মতো দুর্গম পাহাড়ি এলাকায় গিটার শেখার সুযোগ কিংবা শিক্ষক পাওয়া সহজ ছিল না। এমন পরিস্থিতিতে গিটার শেখার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথটা কেমন ছিল?
বমরাম: আসলে এই বান্দরবানে ভালো শিক্ষক নেই। আমিও শুনে শুনে বাজাই আর বড় ভাইদের কাছ থেকে শিখেছি। যেমন থুইথুই দা, নাসির দা, উখ্যাই দা—এঁদের কাছ থেকে শিখেছি। ইন্টারনেট আসার পরে ইউটিউব, ফেসবুক থেকে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখে দেখে শিখেছি।
প্রথম আলো: ইন্টারনেটের সহায়তায় গিটার শিখতে গিয়ে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি কঠিন মনে হতো?
বমরাম: ২০১২ সালের দিকে বান্দরবানে ভালো মোবাইল ছিল না, ইন্টারনেটের গতিও তেমন ভালো ছিল না। শুরুতে আমার ভালো গিটার ছিল না। একজনের কাছ থেকে ভাঙা একটা গিটার (সেকেন্ড হ্যান্ড) কিনেছিলাম ২০০৮ সালে। সেটা দিয়েই নিজে নিজে প্র্যাকটিস করতাম। তবু আমার অদম্য চেষ্টা ছিল, যেভাবেই হোক গিটার শিখবই। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে শিখতে থাকি।
প্রথম আলো: একজন শিল্পী শুধু নিজের প্রতিভা প্রকাশ করেন না, নিজের সংস্কৃতি ও পরিচয়ও তুলে ধরেন। গিটার হাতে যখন মঞ্চে ওঠেন, তখন নিজের আদিবাসী পরিচয়কে কীভাবে অনুভব করেন?
বমরাম: আমি যেহেতু বম জাতিগোষ্ঠীর, তাই বড় বড় এবং বিশেষ অনুষ্ঠানে আমি আমার জাতিগোষ্ঠীর ড্রেস পরি এবং গানও করি। যেকোনো অনুষ্ঠানে আমার গিটার-স্টুডেন্টরা পারফর্ম করলে তাদেরও বলে দিই যার যার জাতিগোষ্ঠীর ড্রেস পরার জন্য। তখন পরিচয় দিতেও খুব ভালো লাগে।
বেসিক গিটার লার্নিং স্কুল’-এর শিক্ষার্থীদের সঙ্গে বমরাম তিয়াম আমলাইপ্রথম আলো: ২০০৬ সালে ‘মারমা শিল্পী-গোষ্ঠী’র সঙ্গে গিটার বাজানো শুরু করেছিলেন। প্রথমবার যখন নিজের বাজানো সুর অন্যদের সামনে তুলে ধরলেন, তখনকার অভিজ্ঞতা কেমন ছিল?
বমরাম: তখন ভয় লাগত, নার্ভাসফিল হতো, বাজাতে বাজাতে কর্ড ভুল করতাম। দর্শকদের দেখে পা কাঁপত। কণ্ঠশিল্পীরা যখন গান করতে আসে, গানগুলো ভুলে যেতাম। তখন আমার পাশে উখ্যাইদা (কি-বোডিস্ট) থাকতেন, পাশ থেকে কর্ড, গানের প্যাটার্নগুলো বলে দিতেন।
প্রথম আলো: বান্দরবানের মতো পাহাড়ি জনপদে তরুণদের গিটার শেখার আগ্রহ থাকলেও সুযোগ খুবই কম। নিজে শিখলেন ঠিক আছে। কিন্তু কোনো চিন্তাভাবনা থেকে অন্যদের গিটার শেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন?
বমরাম: অনেক অভিভাবকের কাছ থেকে গিটার শেখানোর জন্য প্রস্তাব আসছিল। আর চথুই প্রু স্যার অনেক আগে থেকেই বলেছেন। প্রথমে আমার সাহস ছিল না। পরে চিন্তা করলাম, আমার একটা কিছু করতে হবে গিটার নিয়ে। বান্দরবানের পরবর্তী প্রজন্মের জন্য কিছু একটা করতে হবে। এমনিতেই বর্তমানে মোবাইল গেমসে শিশু-কিশোরেরা বেশি আসক্ত হচ্ছে। এর পাশাপাশি মাদকাশক্তি থেকেও তাদের যেন দূরে রাখা যায়, সেটাই ছিল আমার চেষ্টা। আর গিটার তাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসতে পারে—এই চিন্তা থেকে গিটার শেখানোর সিদ্ধান্ত নিই।
বেসিক গিটার লার্নিং স্কুলে গিটার শেখাচ্ছেন বমরাম তিয়াম আমলাইপ্রথম আলো: ২০১৭ সাল থেকে ব্যক্তিগতভাবে গিটার শেখানো শুরু করেন। ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন ‘বেসিক গিটার লার্নিং স্কুল’। এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে গিয়ে শুরুতে কী ধরনের চ্যালঞ্জের মুখোমুখি হয়েছিলেন?
বমরাম: আগেও বলেছি, আমার ভালো একটা গিটার ছিল না, ভালো মোবাইল ডিভাইস ছিল না। এ ছাড়া শেখানোর জন্য রুমও ছিল না। আর্থিক সংকটেও ছিলাম। গিটার মেরামত করতে গেলেও ঢাকায় পাঠাতে হতো এবং অনেক দিন সময় লাগত পেতে।
প্রথম আলো: দুর্গম পাহাড়ে গিটার শেখানোর আপনার এই উদ্যোগ আরও বেশিসংখ্যক তরুণের কাছে পৌঁছাতে ইন্টারনেট কীভাবে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন?
বমরাম: ইন্টারনেট থাকার ফলে আমি অনেক উপকৃত হয়েছি। ইউটিউব, ফেসবুক থেকে অনেক টিউরোরিয়াল ভিডিও দেখে নিজে নতুন নতুন বিষয় শিখতে পারি প্রতিনিয়ত, যা আমার স্টুডেন্টদের শেখানোর জন্যও কাজে এসেছে। এ ছাড়া আমার স্টুডেন্টরাও ইউটিউব থেকে দেখে অনেক কিছু শিখেছে।
বেসিক গিটার লার্নিং স্কুলের শিক্ষার্থীরা, শিখছেন গিটারপ্রথম আলো: পাহাড়ের মানুষের মধ্যে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার একটা প্রবণতা দেখা যায়। আধুনিক সংগীতের চর্চার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখাকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন?
বমরাম: আধুনিক সংগীতের সঙ্গে পাহাড়ের নিজস্ব সুর, বাদ্যযন্ত্র ও লোকজ ঐতিহ্যের সমন্বয় ঘটিয়ে আমরা একটি নতুন সংগীতধারা তৈরি করতে পারি। আধুনিক হব, বিশ্বকে জানব, নতুন সংগীত শিখব, কিন্তু নিজের পরিচয়, সংস্কৃতি ও শিকড় কখনো ভুলব না। কারণ, নিজের সংস্কৃতিকে ভালোবাসতে পারলেই অন্যের সংস্কৃতিকেও যথাযথ সম্মান করতে শেখা যায়।
প্রথম আলো: শিক্ষার্থীদের শুধু গিটার শেখানোতেই সীমাবদ্ধ রাখেননি, মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগও করে দিচ্ছেন তাঁদের। ২০২৫ সালে চৈত্রসংক্রান্তি উৎসব ও ওয়ারফেজের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা পাহাড়ের এই তরুণদের আত্মবিশ্বাস ও স্বপ্ন দেখার জায়গায় কতটা পরিবর্তন এনেছে বলে মনে করেন?
বমরাম: প্রথমে তারা ভয় পাচ্ছিল, নার্ভাস ফিল করছিল। কারণ, এত দিন যাঁদের টিভিতে দেখে আসছিল, বাস্তবে তাঁদের সামনে একই গ্রিন রুমে আর মাইকেল জ্যাকসনের গান ৩০ মিনিট প্র্যাকটিস করে একসঙ্গে গান করা আসলেই নার্ভাস হওয়ারই কথা। কিন্তু পরবর্তী অনুষ্ঠানগুলোতে অনেক কিছু শিখেছে এবং জেনেছে। স্টেজে ওঠার আগে, ওঠার পরে কীভাবে দাঁড়াতে হবে, ভোকাল চেক করতে হবে, দর্শকদের রিঅ্যাকশন বুঝে পারফর্ম করতে হবে—সবই ধীরে ধীরে তারা শিখছে।
প্রথম আলো: ‘বেসিক গিটার লার্নিং স্কুল’ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
বমরাম: আধুনিক গিটার সংগীতের পাশাপাশি পাহাড়ের নিজস্ব গান, সুর ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। ফেসবুক, ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত গিটার শেখানোর ব্যবস্থা করতে চাই। সংগীত মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে। তাই আমার স্বপ্ন শুধু গিটার শেখানো নয়, বরং সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরি করা।

Source - www.prothomalo.com ↗