‘মিরাক্কেল’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে পরপর দুই দিন শুটিংয়ে অনুপস্থিত থাকা ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন ধারাবাহিক নাটক ‘হাঙামা’র লেখক ও পরিচালক মানসুর আলম নির্ঝর। এ ঘটনায় অভিনেতার কাছে ক্ষতিপূরণ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে শুটিং ইউনিটের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্মাতা নির্ঝর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, পরপর দুই দিন শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও পাভেলের অনুপস্থিতির কারণে কাজ করা সম্ভব হয়নি। এতে পুরো ইউনিটের প্রায় ৬০ জন সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি নাটকটির জন্য টানা দুই মাসের প্রস্তুতি ও পরিশ্রমও ব্যাহত হয়েছে।
নির্মাতার হিসাব অনুযায়ী, দুই দিনের শুটিং বন্ধ থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রায় ১৮ থেকে ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পাভেলের বাসার নিচে মধ্যরাতে নির্মাতার সংবাদ সম্মেলন
মানসুর আলম নির্ঝর বলেন, ‘আমরা তার কাছে ক্ষতিপূরণ ও জনসমক্ষে ক্ষমা দাবি জানাই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে অবহিত করা হয়েছে। এ ছাড়া পাভেলের এলাকার সোসাইটি এবং পল্লবী থানাকেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে মধ্যরাতে শুটিং ইউনিটের সদস্যদের নিয়ে অভিনেতার বাসার নিচে সংবাদ সম্মেলনের ঘটনায় বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম ও বিনোদনভিত্তিক পেজ থেকে সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হয়।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিতব্য ‘হাঙামা’ ধারাবাহিক নাটকে সাইদুর রহমান পাভেল ছাড়াও অভিনয় করছেন সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান (কেটো), সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে।
তবে নির্মাতার অভিযোগের বিষয়ে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Source - www.bd24live.com ↗