Bangladesh · 2026-11-22 13:41:40

পাগলা মসজিদে যে এত এত চিঠি আসে, এর শেষ পরিণতি কী হয়

পাগলা মসজিদে যে এত এত চিঠি আসে, এর শেষ পরিণতি কী হয়
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুকে সর্বশেষ গতকাল শনিবার ১৮ কোটি ২১ লাখ টাকার পাশাপাশি পাওয়া গেছে দুই বস্তা চিঠি। এসব চিঠির পরিণতি কী হয়, সেটা নিয়ে মানুষের মনে আগ্রহ আছে।
এসব চিঠির কোনোটিতে ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় দালালের প্রতারণার বিচার চাওয়া হয়েছে। কোনোটিতে আছে প্রিয় মানুষের ভালোবাসা ও আপন করে পাওয়ার আকাঙ্ক্ষা। কেউবা চিরকুটে সুন্দরী হওয়া বা রোগমুক্তির আরজি প্রকাশ করেছেন। কেউ কেউ দ্রুত বড়লোক হওয়ার বাসনা জানিয়েছেন।
এবার চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি সিন্দুক খোলা হয়েছিল। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সিন্দুক থেকে চিরকুট, স্বর্ণালংকার আলাদা করার পর চলে টাকা গণনা। গণনা শেষ হয় রাত ১০টায়।
প্রায় ১৫ ঘণ্টায় শেষ হয় টাকা গণনার কাজপাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, প্রায় এক যুগ আগে থেকে মসজিদে দানের পরিমাণ বাড়তে থাকে। ১০ বছর আগে থেকে কোটি টাকার ওপরে দানবাক্সে টাকা পড়তে থাকে। দিন দিন সেই টাকা বেড়ে এখন ১৮ কোটির রেকর্ড ছাড়িয়েছে। টাকার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে দানবাক্সে চিঠি-চিরকুটের সংখ্যাও বাড়ছে।
চার মাস আগে এক বস্তা চিঠি পাওয়া গিয়েছিল, এবার পাওয়া গেল দুই বস্তা চিঠি। মসজিদ কর্তৃপক্ষ জানায়, সব কটি সিন্দুক যখন ভরে যায়, তখন সিন্দুক খোলা হয়। কিন্তু অহেতুক চিঠির কারণে সিন্দুকে জায়গার সংকট হয়। এ কারণে প্রতিবারই টাকার সঙ্গে চিঠি না ফেলতে মানুষের প্রতি অনুরোধ জানানো হয়। তবে এই অনুরোধে সাড়া মেলে না তেমন।
মসজিদ কর্তৃপক্ষের ধারণা, কিছু মানুষ মজার ছলে কাজটি করেন। গণমাধ্যমে প্রচার হওয়ায় চিঠির পরিমাণ আরও বাড়ছে।
পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’পাগলা মসজিদের অফিস সহকারী জুবায়ের ইবনে গিয়াস বলেন, এবার যে দুই বস্তা চিঠি পাওয়া গেছে, টাকা গণনা শেষে গতকাল রাত ১০টার পর দুজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মসজিদ আঙিনায় সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতি সভায় এসব চিঠি কীভাবে বন্ধ করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া টাকা গণনার শুরুতে গণনার কাজে জড়িত সবাইকে চিঠি হাতে পাওয়া মাত্র লুকিয়ে কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়। এরপরও দু-চারটে চিঠি কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
জুবায়ের ইবনে গিয়াস বলেন, এসব চিঠির শেষ পরিণতি কী হয়, সেটা জানলে কেউ হয়তো এভাবে লিখতেন না। দুই বস্তা চিঠির কারণে দুই বস্তা টাকা কম পড়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। তিনি সবাইকে অনুরোধ করেন, দানবক্সে আর চিঠি না ফেলতে।
পাগলা মসজিদের দানবাক্স থেকে এক প্রেমিকের আবেগঘন চিরকুট পাওয়া গেছেআল্লাহর কিছু চাইতে চিঠি লিখতে হয়, এটা ভ্রান্ত ধারণা বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদুল্লাহ। তিনি বলেন, বরং এটা কুসংস্কার। আল্লাহর কাছে কিছু চাওয়ার প্রক্রিয়া এটা নয়। যদি কেউ কিছু আল্লাহর কাছে চান, তিনি নামাজে বা দোয়ার মাধ্যমে চাইতে পারেন।
পাগলা মসজিদের দানবাক্সের চিঠি প্রসঙ্গে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এসব অহেতুক চিঠির কারণে টাকা গণনায় ব্যাঘাত ঘটে। পাশাপাশি গণনা সংশ্লিষ্ট লোকদের সময়ও নষ্ট হয়।
রেকর্ড ১৮ কোটি টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে

Source - www.prothomalo.com ↗