Bangladesh · 2026-11-22 13:34:53

প্রথম ৬ ইনিংসে ৫টি শূন্য, সেই ব্যাটসম্যানেরই টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি

প্রথম ৬ ইনিংসে ৫টি শূন্য, সেই ব্যাটসম্যানেরই টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি
৩ টেস্ট, ৬ ইনিংস, রান মাত্র ১! এর মধ্যে ৫ ইনিংসেই শূন্য। প্রথম টেস্টের দুই ইনিংসেই শূন্য, অর্থাৎ ‘পেয়ার’। বাদ পড়লেন দল থেকে। দুই বছর পর ফিরে আরেকটি শূন্য, পরের ইনিংসে ১ রান। আবার বাদ। দেড় বছর পর ফিরলেন, আবারও ‘পেয়ার’!
এই ব্যাটসম্যানের টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ বলে কিছু থাকে কীভাবে! ক্যারিয়ার তো শেষ হয়ে যাওয়ার কথা ওখানেই। অথচ এই ব্যাটসম্যানই পরে খেলেছেন আরও ৮৭টি টেস্ট, করেছেন ১৬টি সেঞ্চুরি, যার ৬টিই ডাবল!
নাম তাঁর মারভান আতাপাত্তু।
প্রথম তিন টেস্টে ওই একটিমাত্র রানও আসলে তিনি করেননি। মারভান আতাপাত্তু নিজেই আমাকে হাসতে হাসতে বলেছিলেন, ‘ওই রানটা তো আম্পায়ারের ভুলে। বল যে আমার ব্যাটে নয়, প্যাডে লেগেছে, আম্পায়ার তা বুঝতেই পারেননি। লেগ বাই রানটা আমাকে দিয়ে দিয়েছেন।’
না দিলে প্রথম তিন টেস্টেই ‘পেয়ার’ পেয়ে যান আতাপাত্তু। লেগ বাই রানটি ভুলে নিজের খাতায় লেখা না হয়ে গেলে প্রথম তিন টেস্টেই ‌‘পেয়ার’ পাওয়ার অবিশ্বাস্য এক ‘কীর্তি’-ও গড়ে ফেলেন। হয়ে যায় একটা রেকর্ডও।
এটা বলার সময় আতাপাত্তু হাসতে পেরেছিলেন। কারণ, তত দিনে টেস্টে তাঁর ৬টি ডাবল সেঞ্চুরি করা হয়ে গেছে। প্রথম ৬ ইনিংসে যাঁর ব্যাট (প্যাড) থেকে মাত্র ১ রান, তাঁরই কিনা টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি! ভাবা যায়!
মারভান আতাপাত্তুর শুরুর গল্পটা রীতিমতো হরর ফিল্মের এক ট্রেলার। শ্রীলঙ্কান নির্বাচকদের দূরদৃষ্টির প্রশংসাটাও করে নেওয়া উচিত এই ফাঁকে। আতাপাত্তু নিজেই তো আমাকে বলেছেন, প্রথম তিন টেস্টে মাত্র ১ রান করার পর আর টেস্ট খেলার আশা তিনি ছেড়েই দিয়েছিলেন।
নির্বাচকেরা তাঁকে শুধু আবার ফেরালেনই না, সঙ্গে ধৈর্যের বটিকাও যেন সেবন করে নিলেন। না হলে ১৯৯৭ সালের মার্চে তৃতীয়বারের মতো টেস্ট দলে ফিরেও তো বড় কিছু করে ফেলেননি আতাপাত্তু।
দুঃস্বপ্নের এক শুরুর পর টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি করেছেন মারভান আতাপাত্তুটেস্ট অভিষেকের প্রায় সাত বছর পর নতুন অধ্যায়ের প্রথম টেস্টে ২৫ ও ২২। পরের টেস্টের প্রথম ইনিংসে আরেকটি শূন্যে নিশ্চয়ই ‘পেয়ার’-এর চোখরাঙানি দেখতে পাচ্ছিলেন, দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে সেটি এড়াতে পারেন। তাতে কি, টানা ৬টি টেস্ট খেলার পর দেখা গেল, ১১ ইনিংসে সর্বোচ্চ রান মাত্র ২৯। প্রথম তিন টেস্ট ধরলে ৯ টেস্ট শেষে ব্যাটিং গড় ১০.৭১!
তারপরও আতাপাত্তুকে নিয়ে যাওয়া হলো ভারত সফরে, যে ভারতে তাঁর দুঃস্বপ্নের ওই শুরু। শাপমোচনও সেই ভারতেই। দশম টেস্টে এসে সেঞ্চুরি করলেন আতাপাত্তু।
টেস্ট-সংখ্যাটা এখানে ব্যাপার নয়, অনেক বড় ব্যাটসম্যানেরও প্রথম সেঞ্চুরি পেতে এর চেয়ে টেস্ট লেগেছে। ব্যাপার হলো সময়টা আর টেস্ট অভিষেক আর প্রথম টেস্ট সেঞ্চুরির মাঝখানের সাত বছরে কতগুলো টেস্ট ম্যাচ দেখতে দেখতে দীর্ঘশ্বাস ফেলেছেন আতাপাত্তু। দীর্ঘশ্বাস ফেলেছেন ঠিকই, তবে হাল ছেড়ে দেননি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই বইয়ে দিয়েছেন রানের বন্যা।
মোহালিতে ১০৮ রানের ইনিংসটিই প্রথমবারের মতো আতাপাত্তুর মনে ছড়িয়ে দিল বিশ্বাস—টেস্ট ক্রিকেটেও রান করা যায়। সেই বিশ্বাসের মহিমায় টানা তিন সেঞ্চুরিই প্রায় হয়ে যাচ্ছিল। নাগপুরে পরের টেস্ট বৃষ্টিতে ভেসে যাওয়ায় ব্যাটিং করার সুযোগ পাননি। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় টেস্টে সেঞ্চুরিবঞ্চিত মাত্র ২ রানের জন্য। তিন মাস পর ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে পরের টেস্টে প্রথম স্বমহিমায় প্রকাশিত আতাপাত্তু।
উদ্দীপনামূলক কথাবার্তা যতটা উদ্দীপ্ত করতে পারে, বাস্তব উদাহরণ তার চেয়ে অনেক বেশি। জীবনে নতুন কিছু করতে গিয়ে বারবার হোঁচট খেলে আপনি তাই মারভান আতাপাত্তুর গল্পটা মনে মনে রিওয়াইন্ড করে নিতে পারেন।৫৬৯ মিনিট ব্যাটিং করে ৪৪৮ বলে ২২৩। টেস্টে তাঁর ছয় ডাবল সেঞ্চুরির প্রথমটি।
৬টি ডাবল সেঞ্চুরি! ২০০৪ সালে আতাপাত্তু যখন ষষ্ঠ ডাবল সেঞ্চুরিটি করেন, টেস্টে এর চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি ছিল আর মাত্র চারজনের (ব্র্যাডম্যান, হ্যামন্ড, লারা ও মিয়াঁদাদ)। এরপর বিরাট কোহলি ও মাহেলা জয়াবর্ধনে যোগ হয়েছেন ওই তালিকায়। আতাপাত্তুর মতো টেস্টে ৬টি করে ডাবল সেঞ্চুরি করেছেন আরও ছয়জন। তবে এই ১২ জনের মধ্যে আতাপাত্তু ছাড়া আর একজনই ওপেনার—ভারতের বীরেন্দর শেবাগ।
ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপক্রিকেটের বিপরীত রূপ এমন নিয়মিতই দেখেছেন যে একমাত্র আতাপাত্তুরই ব্যাটিং গড় ৪০-এর নিচে। ৬৩ বার ১০ বা এর কম রানে আউট হয়েছেন, ১১ থেকে ৩০ রানের মধ্যে ৪১ বার। দুটি যোগ করুন। ১৫৬ ইনিংসের ১০৪টিতেই ৩০ রানের নিচে আউট হওয়ার পরও ৩৯.০২ গড়টাই তো অনেক বেশি বলে মনে হয়।
তবে একবার সেট হয়ে গেলে যে সহজে থামতেন না, এর প্রমাণ তো ওই ৬টি ডাবল সেঞ্চুরিই। ১৬টি সেঞ্চুরির ৬টিই ডাবল, অবিশ্বাস্য এই কনভারসেশন রেটেরও কোনো তুলনা নেই। ৬ বা এর চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন আর যে ১১ ব্যাটসম্যান, তাঁদের মধ্যে সবচেয়ে কম সেঞ্চুরি ওয়ালি হ্যামন্ডের। সেটিও আতাপাত্তুর চেয়ে ৬টি বেশি (২২)।
রহস্যটা জানতে চেয়েছিলাম মারভান আতাপাত্তুর কাছেই। উত্তরটা দিয়েছিলেন দারুণ। ‘আই ওয়াজ গ্রিডি’ বলার পর সেটির ব্যাখ্যাও দিয়েছিলেন। দুঃস্বপ্নের ওই শুরুর সময়ই বুঝতে পেরেছিলেন একটা রানের মূল্য কত। যে কারণে রানের জন্য বুভুক্ষু হয়ে থাকতেন। তা সেটি তো অনেক ব্যাটসম্যানই থাকেন। সবাই কি আর ৬টি ডাবল সেঞ্চুরি করতে পারেন!
মারভান আতাপাত্তুর শুরুর গল্পটা রীতিমতো হরর ফিল্মের এক ট্রেলারসবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করার গৌরবের রেকর্ডে যেমন তাঁর নাম আছে, তেমনি আছে ব্যাটিং অগৌরবের আরেকটি সংক্ষিপ্ত তালিকাতেও। সেই তালিকা চার বা এর চেয়ে বেশিবার ‌‘পেয়ার’ পাওয়া ব্যাটসম্যানের। যেখানে আটজনের মধ্যে একমাত্র স্পেশালিস্ট ব্যাটসম্যান মারভান আতাপাত্তু।
আব্রাহাম লিংকনই কি বলেছিলেন কথাটা—‘কতবার তুমি হুমড়ি খেয়ে পড়েছ, সেটা ব্যাপার নয়। ব্যাপার হলো, কতবার তুমি উঠে দাঁড়িয়েছ।’ মারভান আতাপাত্তুর টেস্ট ক্যারিয়ার যেন এই কথাটারই বাস্তব রূপায়ণ।
উদ্দীপনামূলক কথাবার্তা যতটা উদ্দীপ্ত করতে পারে, বাস্তব উদাহরণ তার চেয়ে অনেক বেশি। জীবনে নতুন কিছু করতে গিয়ে বারবার হোঁচট খেলে আপনি তাই মারভান আতাপাত্তুর গল্পটা মনে মনে রিওয়াইন্ড করে নিতে পারেন।
তা রিওয়াইন্ড করার জন্য আজকের দিনটি বেশ ভালো। কেন, আজকের দিনটির এমন কী বিশেষত্ব?
আজ মারভান স্যামসন আতাপাত্তুর জন্মদিন।
হ্যাপি বার্থডে, মারভান ‘অদম্য’ আতাপাত্তু!
বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’

Source - www.prothomalo.com ↗