সারকথা
সংবিধান প্রণয়নের ক্ষমতা সাধারণত আইনসভা কিংবা গণপরিষদের হাতে ন্যস্ত থাকে; আদালতের মূল দায়িত্ব বিচার করা। তবু সংবিধানের ব্যাখ্যা, মৌলিক কাঠামোর নীতি উদ্ভাবন এবং কোনো সাংবিধানিক ব্যবস্থার বৈধতা নির্ধারণের মাধ্যমে আদালত কার্যত সংবিধানের রূপ ও পরিণতি নির্ধারণে ভূমিকা রাখে। এই প্রবন্ধে বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে আদালতের সেই ভূমিকা ও তার সীমা পর্যালোচনা করা হয়েছে। পাকিস্তান, ভারত ও বাংলাদেশে ‘মৌলিক কাঠামো’ তত্ত্বের মাধ্যমে আদালত সংসদের সংশোধনক্ষমতার সীমা নির্দেশ করেছে; দক্ষিণ আফ্রিকায় সাংবিধানিক আদালত খসড়া সংবিধান অনুমোদনের পূর্বে তা যাচাই করেছে; আর বাংলাদেশের তৃতীয় সংশোধনী আদালতের রায়ের পরিপ্রেক্ষিতেই প্রণীত হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বে চতুর্থ থেকে ষোড়শ সংশোধনীর মামলায় আদালত কখনো সংশোধনী বাতিল করেছে, কখনো নির্দিষ্ট কার্যক্রম মার্জনা করেছে এবং সময়সীমা নির্ধারণ করে দিয়েছে; এতে সে অনেকটাই আইনসভা ও সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিশেষত ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরবর্তী রাজনৈতিক সংকটের পটভূমি রচনা করেছে বলে সমালোচনা রয়েছে। অভ্যুত্থানের পর আদালত ভিন্ন অবস্থান গ্রহণ করেছে: ষোড়শ ও ত্রয়োদশ সংশোধনীর রিভিউয়ে পূর্বাবস্থা ফিরিয়ে এনেছে, অস্থায়ী সংবিধান জারির আবেদনকে রাজনৈতিক প্রশ্ন আখ্যা দিয়ে খারিজ করেছে এবং পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত সিদ্ধান্ত গণভোট ও নির্বাচন পর্যন্ত স্থগিত রেখেছে। প্রবন্ধের সিদ্ধান্ত হলো, বিচারিক সংযম মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়; বরং কোন প্রশ্ন আদালতের এখতিয়ারভুক্ত আর কোনটি রাজনৈতিক প্রক্রিয়ার, তা অনুধাবন করে ভারসাম্য রক্ষা করা। আদালত, নির্বাহী বিভাগ ও আইনসভা—তিন অঙ্গেরই আত্মসংযম ও দায়িত্বশীলতা অপরিহার্য।
সংবিধান প্রণয়ন ও অপ্রণয়নে আদালত: বাংলাদেশ প্রেক্ষিত

ভূমিকা
আধুনিক রাষ্ট্রে মৌলিক আইন প্রণয়নের ক্ষমতা আইনসভার হাতেই থাকে। সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশেও তা–ই। তাতে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে’। আর নামে সংবিধান বা রাষ্ট্রগঠনতন্ত্র বলে চিহ্নিত করা হলেও সেটিও একটি আইন। ফলে সংবিধান প্রণয়নও মূলত আইনসভার কাজ যেমন হয়ে থাকে, তেমনই। তবে সংবিধান কে প্রণয়ন করবে, কীভাবে করবে এবং কোন কর্তৃত্বে করবে—এ প্রশ্নগুলোর উত্তর কেবল আইনের বা আইনসভার নয়, একই সঙ্গে ইতিহাস ও রাজনীতিরও প্রশ্ন। সংবিধান প্রণয়ন রাষ্ট্রের রাজনৈতিক কর্তৃত্ব, জনগণের সার্বভৌমত্ব এবং সাংবিধানিক বৈধতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। অন্যদিকে আদালত ধারণাটির মূলেই আছে বিচার করা। আর বিচার করার গ্রহণযোগ্য পদ্ধতি হলো পূর্ব থেকে বিরাজমান একগুচ্ছ নীতিমালার আলোকে সিদ্ধান্ত দেওয়া। কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা ও বিচারিক পর্যালোচনার সীমারেখা, সাংবিধানিক তত্ত্বের এক জটিল প্রতর্ক। এই প্রবন্ধে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেই বিতর্কের ঐতিহাসিক ও তাত্ত্বিক তাৎপর্য এবং প্রণয়নে আদালতের ভূমিকা ও সীমাবদ্ধতা পর্যালোচনা করা হবে আদালতের প্রত্যক্ষ ও পরোক্ষ সাংবিধানিক কর্তৃত্ব, ‘বিচারিক বাক্কৌশল’ (judicial rhetoric) এবং সাংবিধানিক বৈধতা নির্মাণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। আদালত গণপরিষদের মতো সংবিধান প্রণয়ন করে না, এটি সর্ববাদীসম্মত। কিন্তু সংবিধানের ব্যাখ্যা, সাংবিধানিক নীতির উদ্ভাবন, কোনো শাসনব্যবস্থা বা সাংবিধানিক পরিবর্তনের বৈধতা নির্ধারণ এবং সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা বা অস্বীকারের মধ্য দিয়ে সংবিধানের অর্থ, কার্যকারিতা—এমনকি রাষ্ট্রের ভবিষ্যৎ সাংবিধানিক বিন্যাসও প্রভাবিত করতে পারে। এই ভূমিকা বিশ্লেষণে মৌলিক কাঠামোতত্ত্ব (basic structure doctrine), সাংবিধানিক ধারাবাহিকতা ও বৈপ্লবিক বৈধতার (revolutionary legality) মতো ধারণার পাশাপাশি ‘গাঠনিক ক্ষমতা’ (constituent power) ও ‘গঠিত ক্ষমতা’–এর (constituted power) পার্থক্য এবং বিচারিক সক্রিয়তা ও সংযমের তত্ত্ব বিবেচনায় নেওয়া হবে। এর মাধ্যমে অনুসন্ধান করা হবে, আদালত কীভাবে সংবিধান প্রণয়ন না করেও কোনো সাংবিধানিক বন্দোবস্তকে বৈধতা দিয়ে, তার সীমা নির্ধারণ করে অথবা বিকল্প সাংবিধানিক সম্ভাবনাকে নাকচ করে কার্যত সংবিধান নির্মাণের প্রক্রিয়ায় অংশ নেন। একই সঙ্গে বিচারিক ক্ষমতার সীমা ঘোষণা কিংবা হস্তক্ষেপ থেকে বিরত থাকার যুক্তি কীভাবে উপস্থাপিত হয় এবং সেই বিচারিক বাক্কৌশল বাস্তবে সাংবিধানিক বিন্যাসকে কীভাবে প্রভাবিত করে, তা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসের আলোকে বিশ্লেষণ করা হবে।
(ক) সংবিধান প্রণয়নকাঠামো
সংবিধান প্রণয়নের প্রচলিত কাঠামোকে সহজে বুঝতে হলে একে তিনটি পৃথক মাত্রায় ভাগ করাই অধিক যুক্তিসংগত—
এই মাত্রাগুলোই চূড়ান্ত, এমন নয় এবং এগুলোও পরস্পরকে নাকচ করে না। একটি সংবিধান একই সঙ্গে জনগণের গাঠনিক ক্ষমতার ভিত্তিতে, গণপরিষদের মাধ্যমে ও গণভোটের অনুমোদনে প্রণীত হতে পারে। আবার কোনো সংবিধান সামরিক কর্তৃপক্ষের উদ্যোগে প্রণীত হলেও পরে গণভোটে অনুমোদিত হতে পারে। সে ক্ষেত্রে অনুমোদনের অস্তিত্ব ও অনুমোদনপ্রক্রিয়ার গণতান্ত্রিক গুণমান পৃথকভাবে বিচার্য।
(খ) প্রণয়নে আদালতের ‘প্রবেশ’
সংবিধান প্রণয়নের প্রাগুক্ত সাধারণ পদ্ধতি, যা মূলগত অর্থেই রাজনৈতিক। ফলে বিচারিক প্রক্রিয়ার বাইরের জগৎ তাতে আদালতের অনুপ্রবেশ দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে কাঠামোবদ্ধ হয়েছে। সাধারণভাবে বলা হয় যে আদালত আইনের যে ব্যাখ্যা দেন, সেটিই একটি নজির এবং পরে তা আইন হিসেবে ব্যবহার্য। আদালতের ফয়সালার সময় একই বিষয়ে উচ্চ আদালতের আগের সিদ্ধান্ত অনুসরণের বাধ্যবাধকতার এই নিয়ম, যাকে ‘নজির’ বলে অভিহিত করা হয়, তা যুক্তরাজ্যের আইনব্যবস্থা থেকে উদ্ভূত। একে ‘কমন ল–ব্যবস্থা’ বলে। এই পদ্ধতিতে উচ্চ আদালতের নজির ঘোষিত আইন, ফলে মানা বাধ্যতামূলক। আইন প্রণয়নের একচ্ছত্র অঞ্চলে আদালতের ভাগ বসানো এভাবে প্রাতিষ্ঠানিকতা পেতে থাকে। ব্রিটিশরা যেখানে যেখানে উপনিবেশ স্থাপন করেছে, সেখানেই তারা তাদের আইনব্যবস্থাকেও প্রচলনে উদ্যোগী হয়েছে। এভাবে আমাদের দেশের আইনব্যবস্থায় এই পদ্ধতি আত্তীকৃত হয়। যার ধারাবাহিক বহিঃপ্রকাশ ঘটে সংবিধানের ১১১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের ‘ঘোষিত আইন’ বাধ্যকতার ঘোষণার মাধ্যমে। যদিও ১১১ অনুচ্ছেদের পাঠ্যাংশে ‘ঘোষিত আইন’–এর বাধ্যবাধকতা শুধু আদালতের ওপরই বর্তাবে বলা আছে, তবু ১১২ অনুচ্ছেদের বিধানের সঙ্গে মিলিত পাঠ থেকে এই ঘোষিত আইন শুধু আদালতই নয়; বরং রাষ্ট্রের নির্বাহী বিভাগের ওপরও বাধ্যতামূলক বলে গণ্য হয়ে আসছে। ১১১ ও ১১২ অনুচ্ছেদ নিম্নরূপ—
সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা
১১১। আপীল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রীম কোর্টের যে কোন বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তন সকল আদালতের জন্য অবশ্যপালনীয় হইবে।
সুপ্রীম কোর্টের সহায়তা
১১২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রীম কোর্টের সহায়তা করিবেন।
অর্থাৎ আদালতেরও এই বিশেষ ধরনের ‘আইন প্রণয়ন’ করার এখতিয়ার আমাদের সংবিধানস্বীকৃত। যদিও বাস্তবে আদালতের এই আইন প্রণয়ন আইনসভায় কোনো একটি বিল পাসের মতো সর্বব্যাপী নয়।
অবশ্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রধান বিচারপতি চার্লস ইভান্স হিউজের ভাষ্য মানলে আইন আসলে তা-ই, যা বিচারকেরা বলেন। তিনি এক বক্তৃতায় বলেছিলেন, ‘আমরা একটি সংবিধানের অধীন বটে, কিন্তু সংবিধানই হচ্ছে সেটা, যা বিচারকগণ স্থির করে দেন’১। এ কথা অবশ্য তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় বলেননি। বিচারক হওয়ার আগে ১৯০৭ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর থাকার সময়ই তিনি এই অভিমত প্রকাশ করেন। মার্কিন সাংবিধানিক ইতিহাসে তখন ‘লখনার যুগ’২ চলছিল। এই বক্তব্য নানাভাবে আলোচিত-সমালোচিত হয়ে কালক্রমে সাংবিধানিক প্রবাদবাক্যে রূপলাভ করে। এটি ছিল কিছুটা ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক এবং বক্তব্যশৈলীতে ছিল অনেকখানি তীক্ষ্ণ। হিউজ সেই সময় বক্তব্য দিচ্ছিলেন, যখন তীব্র বিতর্ক চলছিল অর্থনৈতিক নিয়ন্ত্রণ, শ্রম আইন, উদারনৈতিক আইনগুলোকে আদালতের সাংবিধানিক ব্যাখ্যার মাধ্যমে বাতিল করা নিয়ে। তিনি এটিই তুলে ধরছিলেন যে সাংবিধানিক লড়াইগুলো প্রায়ই বিচারিক লড়াইয়েই পরিণত হয়।
বস্তুত নজির আইনের পর যে পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে আইন প্রণয়নের একচ্ছত্র অঞ্চলের কিছু জমিজিরাত আদালত ‘অধিগ্রহণ’ করেন, তা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন সুপ্রিম কোর্ট সুবিখ্যাত ‘মারবারি বনাম মেডিসন’ মামলার রায়ের মধ্য দিয়ে উদ্ভাবন করে বিচারিক পর্যালোচনার নীতি। এই নীতির মাধ্যমে আইনসভার প্রণীত আইন বা ভারার্পিত আইন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিচারিকভাবে পর্যালোচনার অধিকার সুপ্রিম কোর্টের আছে বলে সাব্যস্ত হয়। ফলে কোনো আইন যদি আদালতের পর্যালোচনায় অসাংবিধানিক হয়, তবে তা বাতিল করে দিতে সমর্থ হন সুপ্রিম কোর্ট। কালক্রমে এই নীতি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়ে এটি এখন একটি স্বতঃসিদ্ধ বিচারিক নীতি হয়ে উঠেছে। কিন্তু আদালত সংবিধান প্রণয়ন বা অপ্রণয়ন করতে পারেন কি না, সেটি এক বহুল বিতর্কিত ও অমীমাংসিত প্রশ্ন হয়ে আছে।
সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য, কাঠামো, রূপরেখা ইত্যাদি
সংবিধানকে ব্যাখ্যার মাধ্যমেও আদালত সংবিধানের কাঠামোকে বিস্তৃত করে দিতে পারে; যেমন জনস্বার্থ মামলার প্রচলন বা বিচার বিভাগের পৃথককরণ–সংক্রান্ত মামলা। একে আরেক ধরনের পরোক্ষ প্রণয়নের কাতারে ফেলা যেতে পারে। পরবর্তী সময়ে আরও কিছু বিচারিক পদ্ধতি উদ্ভাবিত হয়, যেগুলোর ভেতর দিয়ে আদালত সাধারণ আইনের উপরস্থ, সর্বোচ্চ আইন বলে স্বীকৃত সংবিধানের কোনো বিধান বা সংশোধনীর বৈধতা বা সাংবিধানিকতাও পরীক্ষা করে দেখার ক্ষমতা অধিগ্রহণে সমর্থ হন। আইনসভার সংবিধান সংশোধনের ক্ষমতা কি অসীম, নাকি সংবিধান নিজেই এমন কিছু মৌলিক নীতির অধীন, যেগুলো সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা যায় না? আধুনিক সাংবিধানিক আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিতর্ক এটি। এই বিতর্ক থেকে বিকশিত হয়েছে সংবিধানের ‘মৌলিক বৈশিষ্ট্য’ (basic feature), ‘মৌলিক কাঠামো’ (basic structure), ‘মৌলিক রূপরেখা’ (basic framework) বা ‘প্রধান বৈশিষ্ট্য’ (salient feature) ইত্যাদি তত্ত্ব। এসবের মূলকথা হলো, আইনসভার সংবিধান সংশোধনের বিস্তৃত ক্ষমতা থাকলেও সেই ক্ষমতা প্রয়োগ করে সংবিধানের পরিচয়, মৌলিক প্রাতিষ্ঠানিক বিন্যাস কিংবা রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি ধ্বংস করা যায় কি না, তা বিচারিক পর্যালোচনার বিষয় হতে পারে। পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিচারিক অভিজ্ঞতায় এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সময়ে আদালত সংশোধনক্ষমতার সীমা নির্ধারণের চেষ্টা করেছেন।
পূর্ব পাকিস্তান: মৌলিক বৈশিষ্ট্য তত্ত্বের সূত্রপাত
দক্ষিণ এশিয়ায় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য অপরিবর্তনযোগ্য থাকার বিচারিক ধারণার প্রাথমিক প্রকাশ ঘটে পূর্ব পাকিস্তান হাইকোর্টের ‘মুহাম্মদ আব্দুল হক বনাম ফজলুল কাদের চৌধুরী’৩ মামলায়। পাকিস্তানের ১৯৬২ সালের সংবিধানের অধীনে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের বৈধতা বিচার করতে গিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের কিংবদন্তি প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ রায়ে বলেন, সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যকে নিছক প্রশাসনিক অভিযোজনের নামে বিলুপ্ত করা যায় না। পাকিস্তানের সুপ্রিম কোর্টও এই সিদ্ধান্ত বহাল রাখেন।৪ প্রধান বিচারপতি এ আর কর্নেলিয়াসের পর্যবেক্ষণে, সরকারব্যবস্থার ধরন সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য। এটি পাল্টে দেওয়া মানে বিদ্যমান সংবিধান কার্যকর করা নয়; বরং একটি ভিন্ন সংবিধান প্রতিষ্ঠা করা। এভাবে সংবিধানের অধীন ক্ষমতাপ্রয়োগ এবং সংবিধানের মৌলিক পরিচয় পরিবর্তনের মধ্যে একটি নীতিগত সীমারেখা প্রতিষ্ঠিত হয়।
ভারত: মৌলিক কাঠামোতত্ত্বের সুসংবদ্ধ বিকাশ
ভারতের সুপ্রিম কোর্টে আব্দুল হক মামলার সিদ্ধান্ত প্রথমে সাজ্জান সিং মামলায় (AIR 1965 SC 845) সংখ্যালঘু মত হিসেবে উদ্ধৃত হলেও পরে কেশবানন্দ ভারতী [(1973) 4 SCC 225] মামলায় এই ধারণা সংখ্যাগরিষ্ঠের মত হিসেবে অধিক সুসংবদ্ধ সাংবিধানিক তত্ত্বে রূপ দেয়। এই মামলায় সাজ্জান সিং মামলার বর্ণিত ভিন্নমতকে মান্যতা দিলেও সেই মতের চেতনাগত ভিত্তি আব্দুল হক মামলা সম্পর্কে অবশ্য নীরবতা অবলম্বন করা হয়। ১৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চের ৭:৬ সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে বলা হয়, ভারতের আইনসভা সংবিধানের ৩৬৮ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারলেও তার মৌলিক কাঠামো ধ্বংস করতে পারে না। গণতন্ত্র, জনগণতান্ত্রিক শাসনব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারিক পর্যালোচনার মতো বৈশিষ্ট্য এই কাঠামোর অন্তর্ভুক্ত বলে পরবর্তী বিচারিক সিদ্ধান্তগুলোতে স্বীকৃতি পেয়েছে। তবে মৌলিক কাঠামোর কোনো চূড়ান্ত ও সর্বসম্মত তালিকা আদালত নির্ধারণ করেননি।
বাংলাদেশ: মৌলিক কাঠামো ও জাতীয় সংসদের সংশোধনক্ষমতার সীমা
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ‘আনোয়ার হোসেন চৌধুরী’ [41 DLR (AD) 1989] মামলায়, যা অষ্টম সংশোধনী মামলা নামে পরিচিত, মৌলিক কাঠামোতত্ত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নীতি গ্রহণ করে। সংবিধানের অনুচ্ছেদ ১০০ সংশোধন করে ঢাকার বাইরে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার বিধান সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে বাতিল করা হয়। আদালতের যুক্তি ছিল, জাতীয় সংসদের সংশোধনক্ষমতা সংবিধানপ্রদত্ত গঠিত ক্ষমতা, যা জনগণের গাঠনিক ক্ষমতার সমতুল্য নয়। সংবিধানের সপ্তম অনুচ্ছেদে ঘোষিত গণসার্বভৌমত্ব ও সংবিধানের প্রাধান্যের আলোকে জাতীয় সংসদ এমন সংশোধন করতে পারে না, যা সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করে। রাষ্ট্র ও সুপ্রিম কোর্টের একক কাঠামো এবং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক ঐক্য এই মামলায় বিশেষ গুরুত্ব পায়।
পাকিস্তান: প্রধান বৈশিষ্ট্য তত্ত্ব
পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০১৫ সালে জেলা বার সমিতি, রাওয়ালপিন্ডি মামলায়৫ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য নিয়ে পুনরায় গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেন। সুপ্রিম কোর্টের ১৭ জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৩:৪ সংখ্যাগরিষ্ঠতায় রায় দেয় যে গণতন্ত্র, সংসদীয় সরকারব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতার মতো বৈশিষ্ট্য সংবিধানের জাত-পরিচয় নির্ধারণ করে, তাই আইনসভা এগুলো বিনষ্ট করতে পারে না। করলে আদালতের এখতিয়ার আছে তা পর্যালোচনান্তে বাতিল করার।
সারকথা হলো, এই তিন দেশের বিচারিক অভিজ্ঞতা দেখায়, সংবিধান সংশোধনের ক্ষমতা এবং সংবিধানকে নতুন সংবিধানে রূপান্তর করার ক্ষমতা এক নয়। তবে মৌলিক বৈশিষ্ট্য, মৌলিক কাঠামো ও প্রধান বৈশিষ্ট্য পরস্পর সম্পর্কিত হলেও এগুলোর বিচারিক প্রয়োগ, গ্রহণযোগ্যতা এবং সংশোধন বাতিল করার ক্ষমতা সম্পর্কে তিন দেশের অবস্থান অভিন্ন নয়।
(গ) সংবিধান সহপ্রণয়নকারী কর্তৃপক্ষ হিসেবে আদালত: দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আদালতের একটি ভূমিকার কথা সর্বজনবিদিত। বর্ণবাদী শাসনের অবসানের পর দক্ষিণ আফ্রিকা একটি নতুন সাংবিধানিক বন্দোবস্তের পথে অগ্রসর হয়। এই লক্ষ্যে ১৯৯৩ সালের অন্তর্বর্তী সংবিধানের মাধ্যমে একটি দ্বিস্তরবিশিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হয়। প্রথমত, অন্তর্বর্তী সংবিধানে ৩৪টি সাংবিধানিক নীতি নির্ধারিত হয় এবং দ্বিতীয়ত, জনগণের নির্বাচিত গণপরিষদ চূড়ান্ত সংবিধান প্রণয়ন করবে, তবে তা অবশ্যই ওই ৩৪টি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর এই সামঞ্জস্য যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয় সাংবিধানিক আদালতকে। দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের সংবিধান অনুমোদন–সংক্রান্ত মামলাটি [1996 (4) SA 744 (CC)] আদালতে উপস্থাপনের পর যে প্রশ্নগুলো উত্থাপিত হয় তা হলো, খসড়া সংবিধানটি কি ৩৪টি সাংবিধানিক মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; সাংবিধানিক আদালতের কি নির্বাচিত গণপরিষদের খসড়া সংবিধান প্রত্যাখ্যান বা সংশোধনের নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে এবং আদালতের এই ভূমিকা কি জনগণের সার্বভৌম ক্ষমতার ওপর হস্তক্ষেপ। খসড়া পর্যালোচনা শেষে সাংবিধানিক আদালত ঘোষণা করেন যে অন্তর্বর্তী সংবিধানই যেহেতু সাংবিধানিক আদালতকে ‘সনদ মঞ্জুরির এখতিয়ার’ প্রদান করেছে, সেহেতু এই ক্ষমতা সম্পূর্ণ বৈধ এবং বাধ্যতামূলক। এ ক্ষেত্রে আদালত কোনোভাবেই রাজনৈতিক প্রশ্নের মীমাংসা করছেন না; বরং সংবিধান-প্রদত্ত কর্তব্য পালন করছেন।
আদালত পর্যবেক্ষণ করেন যে খসড়া সংবিধানের কিছু বিধান বিচার বিভাগের স্বাধীনতা, প্রাদেশিক ক্ষমতার কাঠামো, স্থানীয় সরকারব্যবস্থা ইত্যাদি বিষয়ে আগে নির্ধারিত ৩৪টি সাংবিধানিক মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই পরিপ্রেক্ষিতে, আদালত খসড়া সংবিধানটি এই অবস্থায় অনুমোদনযোগ্য নয় বলে রায় দেন। এরপর গণপরিষদ আদালতের নির্দেশনা অনুসারে সংশোধন করে খসড়া সংবিধান পুনরায় দাখিল করার পর সংশোধিত খসড়া সংবিধান অনুমোদিত [1997 (2) SA 97 (CC)] হয় এবং সেটিই আজকের দক্ষিণ আফ্রিকার সংবিধান (১৯৯৬–এর সংবিধান) হিসেবে কার্যকর রয়েছে। এই প্রক্রিয়ায় আদালত কার্যত একটি ‘সংবিধান সহপ্রণয়নকারী কর্তৃপক্ষ’ হিসেবে ভূমিকা পালন করেন। এটি সংবিধান প্রণয়নে বিচার বিভাগের আনুষ্ঠানিক অংশগ্রহণের এক অনন্যদৃষ্টান্ত।
বাংলাদেশের অভিজ্ঞতা
দক্ষিণ আফ্রিকার মতো একেবারে ‘সহসংবিধান প্রণয়নকারী কর্তৃপক্ষ’ হিসেবে কাজ না করতে পারলেও বাংলাদেশে গঠনতান্ত্রিক ইতিহাসে আদালতের অন্তত সাংবিধানিক সংস্কারক কর্তৃপক্ষ হিসেবে আবির্ভূত হওয়ার নানা দৃষ্টান্ত আছে।
রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন
বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীটি সরাসরি আদালতের রায়ের ভিত্তিতেই গৃহীত হয়। স্বাধীনতার পর বাংলাদেশ ও ভারত ১৯৭৪ সালের ইন্দো–বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি৬ সম্পাদন করে। বেরুবাড়ি ইউনিয়ন হস্তান্তর এবং কিছু ছিটমহল বিনিময়ের জন্য এই চুক্তি করা হয়। এই চুক্তিতে এমন সব ভূখণ্ড হস্তান্তরের বিষয় অন্তর্ভুক্ত ছিল, যা তৎকালে বাংলাদেশের অংশ হিসেবে বিদ্যমান ছিল।
বাংলাদেশের একজন নাগরিক কাজী মুখলেসুর রহমান নির্বাহী ক্ষমতা বা কেবল আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো অংশের ভূখণ্ড হস্তান্তর করার ক্ষমতা সরকারের নেই; এ ধরনের হস্তান্তর সংবিধানের ১, ২, ৭ ও ১৪৩ অনুচ্ছেদের পরিপন্থী; জনসম্মতি ছাড়া সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা খর্ব করা যেতে পারে না—এসব যুক্তিতে চুক্তিটি বাস্তবায়নের প্রস্তাবকে প্রশ্নবিদ্ধ করে একটি রিট মামলা করেন, যা পরে বেরুবাড়ি মামলা হিসেবে পরিচিত হয়।
রায়ে আদালত ঘোষণা৭ করেন যে রাজনৈতিক সরকার কোনো চুক্তি বা সমঝোতার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডের কোনো অংশ ত্যাগ বা হস্তান্তর করার কোনো ক্ষমতা রাখে না। সরকার আন্তর্জাতিক চুক্তি নিয়ে আলোচনা করতে ও তা স্বাক্ষর করতে পারলেও, সেই চুক্তির বাস্তবায়ন সংবিধানকে অতিক্রম করে করতে পারে না। আন্তর্জাতিক বাধ্যবাধকতা সংবিধানের অধীনস্থ, সংবিধানের ঊর্ধ্বে নয়। যেহেতু সংবিধানের ২ অনুচ্ছেদে বাংলাদেশের ভূখণ্ড নির্ধারিত রয়েছে, সেহেতু সেই ভূখণ্ডে যেকোনো পরিবর্তন আনতে হলে ১৪২ অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক সংশোধন অপরিহার্য। তাই যথাযথ সাংবিধানিক সংশোধন ছাড়া ইন্দো–বাংলাদেশ চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। এই রায়ের সরাসরি ফলই ১৯৭৪ সালে সংবিধানের তৃতীয় সংশোধনী প্রণীত হয়। তৃতীয় সংশোধনীর মতো আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনী আনা যায় যদি, তবে আদালতের একটি আস্ত অস্থায়ী সংবিধান প্রণয়নের আদেশ দিতে অসুবিধা কোথায়? ব্যাপারটি অত্যন্ত অনুমানমূলক ও গোলমেলে মনে হলেও এমন একটি ‘গল্প হলেও সত্যি’ ঘটনা আমাদের দেশেই ঘটেছে। একটু খুলে বলা যাক।
অভূতপূর্ব সাংবিধানিক অচলাবস্থা
২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে একটি অভূতপূর্ব সাংবিধানিক অচলাবস্থার উদ্ভব ঘটে। পতনের পর শেখ হাসিনার ভারতে পলায়ন, তাঁর সব মন্ত্রী, সব সংসদ সদস্য, সাংবিধানিক পদাধিকারীদের অজ্ঞাতবাসে চলে যাওয়ার মুখে বিদ্যমান সংবিধানের আওতায় তখন সরকার গঠনের কোনো উপায় না থাকায় অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৮ আগস্ট। এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণের জন্য একটি বিশেষ রেফারেন্স (নং ১/২০২৪) পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে, অনিবার্যতার নীতির (doctrine of necessity) আশ্রয় নিয়ে আপিল বিভাগ অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ গ্রহণের পক্ষে মতামত দেন। তারপর যথারীতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসীন রশিদ একটি রিট মামলা দায়ের করেন। এই মামলাতেই তিনি ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লবের মূল্যবোধ ও চেতনাকে সমুন্নত রাখার স্বার্থে সরকারকে একটি ‘অস্থায়ী সংবিধান (Instrument of Provisional Constitution)’ জারি করার আদেশ দেওয়ার প্রার্থনা করেন আদালতের নিকট। বিষয়টি সাংবিধানিক এবং বৈপ্লবিক আইনশাস্ত্রের জগতে বেশ অভিনব হলেও, এমন একটি পদক্ষেপ নেওয়া যে সম্ভব, সেটির একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে এই ঘটনা। এ বিষয়ে আদালত বাস্তবে যে অবস্থান নিয়েছেন, তা নিচের ‘১০৬ অনুচ্ছেদ সংক্রান্ত মামলা’ অংশে বিবৃত করা হয়েছে। অন্যদিকে কাছাকাছি সময়ে অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা করার দাবিতে একটি রিট আবেদন দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি, যে মামলাটি এখনো শুনানির জন্য অপেক্ষমাণ।
(ঘ) আদালত ও সাংবিধানিক বিনির্মাণ
বেরুবাড়ী থেকে জুলাই ২০২৪—এ দুই ঘটনার মধ্যবর্তী সময়ে আমাদের আদালতে সংবিধান সংশোধন–সংক্রান্ত বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়। এগুলো হলো সংবিধানের চতুর্থ, অষ্টম, দশম, চতুর্দশ, পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ, ষোড়শ এবং পঞ্চদশ সংশোধনী–সংক্রান্ত মামলা। এর বাইরে ‘মেসার্স দুলিচাঁদ ওমরাওলাল’ নামের আরেকটি মামলার কথা উল্লেখ করা যেতে পারে। এই মামলাতে অবশ্য বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের কিছু শাসনতান্ত্রিক ঘটনা ও সাংবিধানিক দস্তাবেজ, যেমন ১৯৬৯ সালে আইয়ুব খান ক্ষমতা ত্যাগের সময় তখনকার প্রচলিত সংবিধানের (১৯৬২) ব্যত্যয় ঘটিয়ে জাতীয় পরিষদের স্পিকারের বদলে সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর, পরবর্তী সময়ে ইয়াহিয়ার সংবিধানটিই রদ করে দেওয়া ইত্যাদির বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। শেষে সর্বোচ্চ আদালত অবশ্য এ বিষয়গুলোকে একেবারেই রাজনৈতিক প্রশ্ন বিবেচনা করে মামলাটি খারিজ করে দেন।
আদালতে সাংবিধানিক বিনির্মাণের এ অধ্যায়কে দুটি কালক্রমে ভাগ করা যেতে পারে। এর মধ্যে প্রথম ভাগে পড়বে চতুর্থ, অষ্টম, দশম, চতুর্দশ, পঞ্চম, সপ্তম ও পঞ্চদশ সংশোধনীর রাষ্ট্রধর্ম–সংক্রান্ত অংশ আর দ্বিতীয় ভাগে রাখা যায় ত্রয়োদশ, ষোড়শ, পঞ্চদশ (সম্পূর্ণ) এবং চতুর্থ সংশোধনী (১১৬ অনুচ্ছেদ সংক্রান্ত) সংক্রান্ত মামলাগুলো। আরও সুনির্দিষ্ট করলে ২০২৪–এর জুলাই গণ–অভ্যুত্থানের পূর্ববর্তী আর পরবর্তী পর্ব হিসেবে চিহ্নিত করা যায়। প্রথম পর্বের চতুর্থ, অষ্টম, দশম, চতুর্দশ, পঞ্চম, সপ্তম সংশোধনীর মামলাগুলোর সমাপ্তি জুলাই অভ্যুত্থানের বেশ আগেই চুকেবুকে যায়। অষ্টম ও পঞ্চদশ সংশোধনীর রাষ্ট্রধর্ম–সংক্রান্ত অংশ হাইকোর্ট বিভাগ পর্যন্ত; ত্রয়োদশ এবং ষোড়শ সংশোধনী মামলাগুলো আপিল বিভাগ পর্যন্ত শেষ হয়ে এক চূড়ান্ত পরিণতিতে উপনীত হয়েছিল বলে প্রতিভাত হয়। অন্ততপক্ষে তখনকার রাজনৈতিক বাতাবরণে এগুলোর ফয়সালা হয়েই গিয়েছিল বলে ধরা হতো। রাষ্ট্রধর্ম–সংক্রান্ত অষ্টম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনীর ক্ষেত্রে রিভিউ বিচারাধীন থাকলেও এগুলোও যে আগে-পরে বিদ্যমান রাজনৈতিক শক্তির অনুকূলেই নিষ্পত্তি হবে—এমনটাই প্রতীয়মান হতো। কিন্তু জুলাই গণ–অভ্যুত্থান রাজনৈতিক কাঠামো বদলে দেওয়ার পর দ্বিতীয় পর্বে অভ্যুত্থানজারিত নয়া জুরিসপ্রুডেন্সের আলোকে ত্রয়োদশ আর ষোড়শ সংশোধনীর মামলাগুলোতে চূড়ান্ত ফয়সালাসহ পঞ্চদশ এবং চতুর্থ সংশোধনী–সংক্রান্ত মামলাগুলোতে আদালতের সিদ্ধান্ত আসা শুরু হয়। যে প্রক্রিয়া এখনো অব্যাহত আছে।
(ঙ) জুলাই গণ–অভ্যুত্থান পূর্ববর্তী পর্ব
সংবিধানে কোন বিধান থাকবে আর কোন বিধান থাকবে না—এই ফয়সালা করার এখতিয়ারকে যেকোনো মাপকাঠিতেই আইন প্রণয়নের ক্ষমতা বলা যেতে পারে। কারণ, সাধারণত সংবিধানে কী থাকবে বা থাকবে না—এটা নির্ধারণ করার একচ্ছত্র অধিকার থাকে আইনসভার। এখন আদালত যদি সংবিধানের কোনো বিধান বা সংশোধনীকে বাতিল করে দিতে পারেন অর্থাৎ এই বিধান সংবিধানে থাকবে না—এমন সিদ্ধান্ত দিতে পারেন, তাহলে একে পরোক্ষভাবে হলেও আইন প্রণয়নের ক্ষমতা বলে চিহ্নিত করা যেতে পারে। সত্য যে এই ক্ষমতা সাধারণ ও অবারিত নয়। এর ধরন ও পরিপ্রেক্ষিত বিবেচনায় এটি বিশেষ ও ব্যতিক্রমী ক্ষমতা হলেও, তা এক প্রকারের আইন প্রণয়নের ক্ষমতাই।
চতুর্থ সংশোধনী
চতুর্থ সংশোধনীকে প্রশ্নবিদ্ধ করে মামলা করেন প্রখ্যাত আইনজীবী ও আইনপ্রণেতা হামিদুল হক চৌধুরী। এই মামলায় আদালত অভিমত৮ প্রকাশ করেন যে চতুর্থ সংশোধনী দিয়ে সংবিধানের মৌলিক ও অপরিহার্য বৈশিষ্ট্যসমূহ পরিবর্তিত ও বিনষ্ট হয়; সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা প্রবর্তিত হয়। আর এসবের মাধ্যমে একটি নিয়ন্ত্রিত সংবিধানের অধীনে সীমিত ক্ষমতার অধিকারী জাতীয় সংসদ সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য ও মৌলিক কাঠামো পরিবর্তন করে ক্ষমতার সীমা অতিক্রম করেছিল। আদালত ভারতীয় সুপ্রিম কোর্টের গোলকনাথ এবং মিনার্ভা মিলস মামলায় প্রদত্ত মতামতের সঙ্গে একমত পোষণ করেন। তথাপিও এসব মামলায় ঘোষিত নীতিসমূহ বর্তমান মামলায় প্রযোজ্য নয় বলে সাব্যস্ত করেন এসব যুক্তিতে যে প্রথমত, ১৯৭৫ সালের আগস্টে সরকার পরিবর্তনের ফলে রাজনৈতিক ব্যবস্থার রূপান্তর ঘটে এবং সে কারণে এ দেশে সাংবিধানিক প্রক্রিয়া ভিন্ন ধারায় অগ্রসর হয়েছে। দ্বিতীয়ত, ১৯৭৫ সালের আগস্ট থেকে শুরু হওয়া প্রায় ছয় বছরের অধি-সাংবিধানিক প্রক্রিয়া জনগণ প্রতিরোধ না করায়, তৃতীয়ত, চতুর্থ সংশোধনীর একাধিক অংশ পঞ্চম সংশোধনী আকারে জাতীয় সংসদে অনুমোদিত হয়ে সংবিধানে অন্তর্ভুক্ত, সংরক্ষিত বা স্বীকৃত হওয়ায় এবং শেষত, একাধিক বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত হওয়া। এ মামলাতেই আমাদের উচ্চ আদালতে প্রথমবারের মতো ‘মৌলিক কাঠামো’ নীতির এবং এ–সংক্রান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের গোলকনাথ ও মিনার্ভা মিলস—এ দুই নজিরের উল্লেখসহ এই নীতির সঙ্গে একমতও পোষণ করতে দেখা যায়। যদিও এ–সংক্রান্ত মূল কেশবানন্দ ভারতী মামলার উল্লেখ এতে নেই।
অষ্টম সংশোধনী মামলা
অষ্টম সংশোধনীতে দুটি প্রধান বিষয় ছিল—সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তি এবং হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। দুটিরই সাংবিধানিক বৈধতাকে উচ্চ আদালতে প্রশ্নবিদ্ধ করা হয় রিট মামলার মাধ্যমে। ১৯৮৮ সালে দায়ের হওয়া রাষ্ট্রধর্ম–সংক্রান্ত মামলাটি ২৮ বছর পর হাইকোর্ট বিভাগ খারিজ করে দেওয়ার পর এখনো আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় থাকলেও হাইকোর্টের বিকেন্দ্রীকরণ–সংক্রান্ত মামলাটি শীঘ্রই নিষ্পত্তি হয়ে যায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটিই অষ্টম সংশোধনী মামলা নামে বিখ্যাত হয়ে ওঠে।
এ মামলায় প্রথমবার আপিল বিভাগ এ দেশে আইনসভায় গৃহীত একটি সংশোধনী অসাংবিধানিক বলে বাতিল করে দেন। সেটি হলো অষ্টম সংশোধনীর অংশবিশেষ, যেখানে মূলত উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করা হয়। আইনসভায় দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে পাস হওয়া সংবিধান সংশোধনীটি অসাংবিধানিক ঘোষণার জন্য আদালত এক বিশেষ বিচারিক নীতি গ্রহণ করে যাকে ‘মৌলিক কাঠামো’ বা ‘মৌলিক রূপরেখা’ (basic framework) নীতি বলা হয়। এই বিচারিক পর্যালোচনার নীতি অনুসারে আইনসভার সংবিধান সংশোধনের অবাধ ক্ষমতা থাকলেও এর বলে সংবিধানের মৌলিক কাঠামো বদলে দেওয়ার ক্ষমতা নেই। কারণ, যদি সংবিধানের ‘মৌলিক কাঠামো’ই ভেঙে ফেলা হয়, তবে সেই রাষ্ট্রকাঠামোই থাকে না। এই নীতির ভিত্তিতে সর্বোচ্চ আদালত সংখ্যাগরিষ্ঠ৯ মতে অষ্টম সংশোধনীর উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ–সংক্রান্ত অংশটি সংবিধানের প্রধানত দুটি মৌলিক কাঠামো, যথা বিচার বিভাগ ও এককেন্দ্রিক রাষ্ট্রের ধারণাকে ক্ষুণ্ন করেছে বিধায় তা অসাংবিধানিক ঘোষণা করেছে। এ ক্ষেত্রে তারা প্রাগুক্ত ভারতীয় সুপ্রিম কোর্টের, প্রধানত কেশবানন্দ ভারতী ও শ্রীমতী ইন্দিরা গান্ধী, মিনার্ভা মিলস, ওয়ামান রাও মামলাগুলোর ওপরই নির্ভর করেছেন। সংবিধানে মৌলিক বৈশিষ্ট্য পরিবর্তনীয় নয়—এই মূলনীতি প্রাগুক্ত ফজলুল কাদের চৌধুরী মামলায় উদ্ভাবিত হলেও সেই মামলায় কোনো সংবিধান সংশোধনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি বিধায় ভারতীয় মামলাগুলোকেই এ ক্ষেত্রে যথোপযুক্ত বলে বিবেচনা করেছেন তাঁরা। আদালতের সিদ্ধান্ত এ ক্ষেত্রে ছিল সরাসরি এবং কিছু সুনির্দিষ্ট সাংবিধানিক সংশোধনকে পুরোপুরি বাতিল করে দেওয়া। ফলে এই মামলায় যদি/কিন্তু/তবে ইত্যাকার আইন প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত হাতিয়ার বা দক্ষতার প্রয়োগ করতে হয়নি। তাৎপর্যপূর্ণভাবে, এই রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো রিভিউ আবেদন করা হয়নি।
দশম সংশোধনী
দশম সংশোধনী একচ্ছত্রভাবে নারীদের জন্য সংরক্ষিত আসনসমূহে পরোক্ষ নির্বাচনের বিধান করে সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৭(১) এবং অনুচ্ছেদ ৮ ও ১১-এ প্রতিফলিত গণতন্ত্রের নীতিকে ধ্বংস করেছে মর্মে দাবি করে ড. আহমেদ হোসেন নামের একজন আইনজীবী মামলা দায়ের করেন। রায়ে আপিল বিভাগ পরোক্ষ নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রবিরোধী নয়; বরং এ ধরনের ব্যবস্থার বিধান সংবিধানেই রয়েছে, সংশোধনীটি সংবিধানের অনুচ্ছেদ ২৮-এর দফা (৪)-এ বলা হয়েছে যে ওই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে, যার অন্তর্ভুক্ত জাতীয় সংসদ, নারীদের পক্ষে বিশেষ বিধান প্রণয়ন করতে বাধা দেবে না—এরও পরিপন্থী নয় বিবেচনায় মামলা খারিজ করে দেন।
চতুর্দশ সংশোধনী
চতুর্দশ সংশোধনী দ্বারা নারীদের জন্য ৪৫টি আসন সংরক্ষিত রাখার বিধান জাতীয় জীবনের সর্বস্তরে নারীর অংশগ্রহণ, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত গণতান্ত্রিক শাসন, নির্বাচনে নারীদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগের পরিপন্থী ইত্যাদি দাবিতে নারী নেত্রী ফরিদা আখতার (অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা) মামলা দায়ের করেন। রায়ে আদালত অবশ্য এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামো ও অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্যের পরিপন্থী নয় বলে সাব্যস্ত করেন।
পঞ্চম সংশোধনী মামলা
পঞ্চম সংশোধনী নিয়ে একটি দীর্ঘ আইনি লড়াই আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে। যার ফলাফল আমাদের রাষ্ট্রীয় কাঠামোকেই এক অর্থে পুনর্গঠন করে দিয়েছিল। এমন একটি, নেতিবাচক অর্থে কালান্তক, মামলার তত্ত্বতালাশ করা তাই আবশ্যক। তাই এই মামলার হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ ও রিভিউ আবেদনের রায়কে আতশি কাচের নিচে ফেলে খুঁটিয়ে দেখা যেতে পারে।
হাইকোর্ট বিভাগের রায়
পঞ্চম ও সপ্তম সংশোধনীর ক্ষেত্রে আদালত অষ্টম সংশোধনীর মতো প্রায় একই হেতুতে সেগুলো বাতিল করে দিলেও ফলাফল ঠিক অষ্টম সংশোধনীর মতো সরাসরি ও পুরোপুরি বাতিল করা হয়নি বা বলা ভালো, যায়নি। এ ক্ষেত্রে আদালতকে কী বাতিল হবে আর কী থাকবে—এমন আইন প্রণয়নগত সিদ্ধান্তও নিতে হয়েছে। শুধু তা–ই নয়, যা বাতিল হবে তা কতটুকু, কী প্রকারে বাতিল হবে, কী কী জিনিস মার্জনা করা হবে বা কত দিনের জন্য মার্জনা করা হবে; আবার যা থাকছে, তা কতটুকু থাকবে, কী প্রকারে থাকবে—এসব গুরুতর ও একান্তই আইনসভার এখতিয়ার ও নানাবিধ রাজনৈতিক প্রশ্নের মীমাংসা করতেও দেখা গেছে এসব মামলায়।
পঞ্চম সংশোধনী মামলায় হাইকোর্টের দেওয়া রায় পর্যালোচনা করলে দেখা যায়, রায় লেখক বিচারপতি এ বি এম খায়রুল হক রায়ের আদেশাত্মক অংশে একদিকে বলছেন, ‘সংবিধান (৫ম সংশোধনী) আইন, ১৯৭৯’১০ সংবিধান বহির্ভূত (Ultra Vires); সংবিধান লঙ্ঘন একটি গুরুতর আইনগত অপরাধ এবং তা সর্বকালের জন্যই গুরুতর অপরাধ হিসেবে থেকে যায়; একে কখনো বৈধতা দেওয়া যায় না এবং তা চিরকাল অবৈধই থাকবে ইত্যাদি। এর ঠিক পরপরই তিনি এই অবস্থান থেকে পিছু হটে গিয়ে আইনসভার ভাষা ধার করে বলা শুরু করেছেন, তবে কেবল রাষ্ট্রের অপরিহার্য প্রয়োজনে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে Id quod alias non est licitum, necessitas licitum facit, salus populi est suprema lex এবং salus reipublicae est suprema lex—এই নীতিসমূহ১১ প্রয়োগ করে এমন আইনগত অন্যায়কে মার্জনা করা যেতে পারে।
এরপর আরও এক ধাপ এগিয়ে গিয়ে, ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৯ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সময়কালে সম্পাদিত সব কাজ, বিষয়াদি এবং গৃহীত কার্যক্রম ও কার্যধারাকে অতীত ও সমাপ্ত লেনদেন হিসেবে মার্জনা করে দেন। এহেন মার্জনার সঙ্গে সঙ্গে আবার ব্যাখ্যাও দেন যে এই মার্জনা এ কারণে নয় যে সেগুলো আইনসম্মত ছিল; বরং সমাজে (যদিও দূরবর্তী হলেও) সম্ভাব্য বিশৃঙ্খলা ও বিভ্রান্তি এড়ানোর লক্ষ্যে প্রজাতন্ত্রের স্বার্থে এই ক্ষমা প্রদান করা হয়েছে। দেখা যাচ্ছে, তিনি এই পর্যায়ে এসে আর শুধু বিচারক-আইনপ্রণেতা হয়েই থাকতে চাইছেন না, তাঁর রায়ের ফলে সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কার কথা, এমনকি প্রজাতন্ত্রের ভালো-মন্দ, স্বার্থের মতো একেবারেই রাজনৈতিক সরকারের ভাবনাও ভাবতে বসে যান। একই সঙ্গে বিচারিক, সংসদীয় ও সরকার—এই ‘পরম সাংবিধানিক ত্রিত্ব’-র অবতার হয়ে ওঠা অত্যন্ত চমকপ্রদ। কিন্তু এর অব্যবহিত পরেই আবার তাঁর বিচারিক সত্তা জেগে উঠে বলে বসে—তা সত্ত্বেও, এসব কাজ চিরকালের জন্য অবৈধ ও বাতিলই রয়ে যাবে। এ ক্ষেত্রে ‘পরম সাংবিধানিক ত্রিত্ব’-কেও অতিক্রম করে কূটনৈতিক অবতার জেগে উঠে পরম রাজনৈতিক সত্তায় রূপান্তরিত হয় কি না, সেটি বিচার্য হতে পারে। যেকোনো কারণেই হোক, একবার মার্জনার আওতায় ফেলে দিলে সেই বিষয় আইনগত বৈধতার অঞ্চলে ঢুকে যায়। এই স্ববিরোধ একবার অবৈধ বলা বিষয়কে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার পর দ্বিধাবিভক্ত হৃদয় বিশুদ্ধ রাজনীতিবিদের মতোই সব কূল রক্ষা করার তাগিদ বোধ করে ওঠার প্রতিক্রিয়াসঞ্জাত কি না, তা তর্কসাপেক্ষ হতে পারে।
এরপর বিভিন্ন বিধান সম্পর্কিত মার্জনা প্রদানের প্রশ্নে তিনি আবারও চেরি তোলার (cherry picking) মতো পছন্দ-অপছন্দ বাছাইয়ে ফেরত গেছেন—মূল সংবিধানে সংরক্ষিত কোনো বিধান বিলোপের ক্ষেত্রে কোনো মার্জনা প্রদান করা হয়নি বলে। এভাবে তিনি সংবিধানের একটি নিজস্ব প্রোটোটাইপ হাজির করেছেন। অর্থাৎ সংবিধান মানে ১৯৭২–এর আদি সংবিধান। পঞ্চম সংশোধনী দিয়ে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যেসব বিষয় প্রবিষ্ট করা হয়েছে, যেমন একমাত্র রাজনৈতিক দল হিসেবে বাকশালের প্রবর্তনকে বাতিল করাকে অনুমোদন করেছেন। কিন্তু মূল সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৬, ৮, ৯, ১০, ১২, ২৫, ৩৮ এবং ১৪২ অনুচ্ছেদে আনীত সংশোধনী অনুমোদন করেননি। অথচ পঞ্চম সংশোধনী দিয়ে সংশোধিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত ৯৫ অনুচ্ছেদকে আবার বৈধ ঘোষণা করা হয়, যদিও এর মাধ্যমে আবার পুরোপুরি মূল সংবিধানে ফেরত যাওয়া হয়নি।
আপিল বিভাগের রায়
মামলাটি আপিল বিভাগে রায় দেওয়ার সময় তাঁদেরও পরম সাংবিধানিক ত্রিত্বের অবতার হয়ে উঠতে দেখা যায় এবং আরও উঁচু মাত্রায়। তাঁরা—হাইকোর্ট বিভাগের রায়ে সংবিধানের ১৫০ অনুচ্ছেদ ও চতুর্থ তফসিল সম্পর্কিত সব পর্যবেক্ষণসহ সিদ্ধান্ত এবং ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত বৈধতাও বাতিল করে দেন। তদুপরি মার্জনার আওতা বৃদ্ধি করে তাতে ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৯ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সময়ে সম্পাদিত ও সমাপ্ত সব নির্বাহী কার্য ও সিদ্ধান্ত; যেসব কার্যক্রম নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করেনি; উক্ত সময়কালে গৃহীত সব কার্য, যেগুলো জনকল্যাণকে প্রসারিত বা উন্নত করে; সেই সময় সম্পাদিত সব দৈনন্দিন কাজ, যেগুলো একটি বৈধ সরকারও করতে পারত—সেগুলোকেও অন্তর্ভুক্ত করেন।
এর সাথে সাথে পঞ্চম সংশোধনী দিয়ে বাকশাল১২ ও সব নাগরিককে বাঙালি১৩ ঘোষণাকে রদ করা; ৪৪ অনুচ্ছেদের ইংরেজি ও বাংলা পাঠ সংশোধন ও প্রতিস্থাপন সম্পর্কিত অংশ১৪; বিচারকদের অপসারণ–সংক্রান্ত ৯৬ অনুচ্ছেদে আনীত ‘সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল’১৫ ও ১০২ অনুচ্ছেদের রিট এখতিয়ার সম্পর্কিত সংশোধনীগুলোকে বৈধতা দেন। তদুপরি মূল সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অথবা মূল সংবিধানের অধীন যেগুলো প্রণয়ন করা যেত—এমন সব কার্য ও আইনগত ব্যবস্থাকে মার্জনা করেন।
আর শেষাংশে তাঁরা এমন মিনতি রেখে যান, যেন সংবিধান স্থগিতকারীদের নিন্দা ও শাস্তি আরোপ করা হয়। এর অবশ্যম্ভাবী ফল হিসেবেই সম্ভবত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান একটি দণ্ডবিধিতেও রূপ লাভ করে ৭ক অনুচ্ছেদের মাধ্যমে সংবিধান রদ, স্থগিত তো বটেই, এমনকি এর ‘কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ’ করলেও তাকে মৃত্যুদণ্ডযোগ্য রাষ্ট্রদ্রোহের অপরাধ হিসেবে সংযোজনের মাধ্যমে। যাকে অনেকে জর্জ অরওয়েলের বিখ্যাত অপকল্পভিত্তিক (Dystopian) উপন্যাস ‘১৯৮৪–তে বর্ণিত চিন্তাপরাধের (Thought crime) উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।
রিভিউ আবেদন
আপিল নিষ্পত্তির পর সরকার এর বিরুদ্ধে একটি রিভিউ আবেদন করলে তার ভিত্তিতে আদালত আরেকবার অবতীর্ণ হন পরম সাংবিধানিক ত্রিত্বের আদলে। আরও একটি সংক্ষিপ্ত আদেশে১৬—উপর্যুক্ত সময়কালে দেশের স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিচালনার জন্য প্রয়োজনীয় হিসেবে সম্পাদিত সব নির্বাহী কার্য, ব্যবস্থা ও সিদ্ধান্ত, যেগুলো সংশ্লিষ্ট সময়ে অন্য কোনোভাবে অবৈধ ছিল না; সব অতীত ও সমাপ্ত লেনদেন, যেগুলো আবার খোলার মাধ্যমে কোনো কাজের কাজ হবে না; যেগুলো অন্য কোনোভাবে অবৈধ নয়; উক্ত সময়কালে সম্পাদিত সব আন্তর্জাতিক চুক্তি এবং সরকারের সব দৈনন্দিন কার্যক্রম চূড়ান্তভাবে মার্জনা করা থেকে সরে এসে সাময়িকভাবে মার্জনা করেন।

Source - www.protichinta.com ↗