চলতি বছরের ৪ মার্চ গিয়েছিলাম ময়মনসিংহ শহরের ধোপাখলা এলাকায় অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালে। প্রকৃতিতে তখন বসন্তকাল। হাসপাতালের সামনের ছোট্ট বাগানটি সাজানো নানা রঙের ফুলে। সেখানেই চোখ আটকে গেল ছোট ছোট সাদা-গোলাপি ফুলের এক মনোমুগ্ধকর গুচ্ছে। ফুলগুলো একসঙ্গে ফুটে যেন সবুজ পাতার ওপর ছড়িয়ে দিয়েছে রঙের মায়াবী আবরণ। ফুলটির নাম ব্যালেরিনা রোজ।
গোলাপ মানেই সৌন্দর্য, স্নিগ্ধতা আর মুগ্ধতার এক চিরন্তন গল্প। গোলাপের জগতে যেমন রয়েছে বড় ও জাঁকজমকপূর্ণ একক ফুলের বৈচিত্র্য, তেমনি রয়েছে ছোট ছোট ফুলের গুচ্ছে ফুটে ওঠা অনাড়ম্বর সৌন্দর্য। ব্যালেরিনা রোজ তেমনই এক ব্যতিক্রমী গোলাপ। অসংখ্য ছোট ফুলের সম্মিলনে গাছটি হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত। হালকা গোলাপি আভা, সাদা পাপড়ি এবং সোনালি পুংকেশরের সমন্বয় ফুলগুলোকে দিয়েছে অনন্য সৌন্দর্য।
গুচ্ছবদ্ধ গোলাপি ফুলের মায়া
ব্যালেরিনা রোজের উদ্ভিদতাত্ত্বিক নাম Rosa ‘Ballerina’। এটি রোজেসি গোত্রের একটি গুল্মজাতীয় উদ্ভিদ। উদ্যানতাত্ত্বিক শ্রেণিবিন্যাসে এটি হাইব্রিড মাস্ক রোজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ঝোপালো বৃদ্ধির কারণে একে শ্রাব রোজ হিসেবেও চাষ করা হয়।
বিংশ শতাব্দীর প্রথমার্ধে যুক্তরাজ্যে এই গোলাপের উদ্ভাবন ও পরিচিতি ঘটে। ১৯৩৭ সালে ব্রিটিশ গোলাপ-সংকরায়ণবিদ অ্যান বেন্টাল ব্যালেরিনা রোজকে বাগানপ্রেমীদের সামনে পরিচিত করে তোলেন। পরবর্তী সময়ে গোলাপপ্রেমীদের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে নার্সারির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে এই গোলাপের চাষ হচ্ছে। বাংলাদেশের শৌখিন বাগানপ্রেমীদের কাছেও বিদেশি জাতের গোলাপ হিসেবে এটি পরিচিতি পেয়েছে।
ব্যালেরিনা রোজের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর গুচ্ছবদ্ধ ফুল। প্রতিটি ফুল আকারে ছোট, সরল গড়নের এবং সাধারণত পাঁচটি পাপড়িযুক্ত। পাপড়ির কিনারায় ফুটে ওঠে হালকা গোলাপি আভা, আর ভেতরের দিকে থাকে সাদাটে রং। ফুলের কেন্দ্রজুড়ে ছড়িয়ে থাকে সোনালি হলুদ পুংকেশর। সব মিলিয়ে ফুলগুলো দেখতে অনেকটা আপেল ফুলের মতো কোমল ও স্নিগ্ধ।
গাছের শাখার অগ্রভাগে অসংখ্য ফুল একসঙ্গে ফোটে। পূর্ণ প্রস্ফুটনের সময় ফুলের গুচ্ছগুলো গাছের সবুজ পাতার ওপর ছড়িয়ে পড়ে। দূর থেকে মনে হয়, সবুজের বুকে গোলাপি-সাদা ফুলের মেঘ জমেছে। একটি ফুলের সৌন্দর্যের চেয়ে এখানে বড় হয়ে ওঠে অনেক ফুলের সম্মিলিত রূপ। এটাই ব্যালেরিনা রোজের বিশেষত্ব।
গাছটির পাতা সবুজ, যৌগিক এবং সাধারণত কিছুটা চকচকে। শাখাগুলো ছড়ানো প্রকৃতির হওয়ায় গাছটি ঝোপালো আকৃতি ধারণ করে। উপযুক্ত পরিবেশে পূর্ণবয়স্ক গাছ প্রায় এক থেকে দেড় মিটার বা তারও বেশি উঁচু হতে পারে। তবে গাছের উচ্চতা ও বিস্তার নির্ভর করে জাতের বৈশিষ্ট্য, আবহাওয়া এবং পরিচর্যার ওপর।
অনুকূল পরিবেশে ব্যালেরিনা রোজ দীর্ঘ সময় ধরে ফুল দিতে পারে। সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে এর ফুল ফোটার প্রবণতা দেখা যায়; উপযুক্ত আবহাওয়ায় বছরের অন্য সময়েও ফুল ফুটতে পারে। প্রথম দফায় প্রচুর ফুল ফোটার পর কিছুটা বিরতি দিয়ে আবার ফুল আসতে পারে।
ব্যালেরিনা রোজ একক বড় ফুলের জাঁকজমকের বদলে গুচ্ছবদ্ধ ফুলের সম্মিলিত সৌন্দর্যে বাগানকে আকর্ষণীয় করে তোলে। এর ঝোপালো গড়ন ও ছড়ানো শাখা বাগানের বিভিন্ন স্থানে মানিয়ে যায়। বাড়ির আঙিনা, ছাদবাগান, পার্ক কিংবা প্রতিষ্ঠানের সামনের বাগানে এটি লাগানো যায়। বাগানের সীমানায় বা পথের পাশে একাধিক গাছ লাগালে ফুলের সুন্দর আবরণ তৈরি হয়। বড় টবেও চাষ করা সম্ভব, তবে শিকড়ের বিস্তার ও পানিনিষ্কাশনের জন্য পর্যাপ্ত জায়গা থাকা প্রয়োজন।
এর উন্মুক্ত ফুল বিভিন্ন পরাগবাহী পতঙ্গকে আকর্ষণ করতে পারে। ফলে বাগানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্যেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
চয়ন বিকাশ ভদ্র: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহ

Source - www.prothomalo.com ↗