চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির সামনে নিজেদের চায়ের দোকান খুলতে গিয়ে টিনের দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন হাউসনগর গ্রামের মিলিআরা (৪৫) ও তাঁর মেয়ে লিমু খাতুন (১৫)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে তিনি বলেন, আজ সকালে দোকান খুলতে যান মিলিআরা। দোকানঘরের টিনের চাল ও দরজা বিদ্যুতায়িত ছিল। দরজা খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে গেলে মেয়ে লিমুও বিদ্যুৎস্পৃষ্ট হন। ধারণা করা হচ্ছে, দোকানের কোনো বৈদ্যুতিক তারের সংস্পর্শে দরজা বিদ্যুতায়িত হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও
স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
Source - www.prothomalo.com ↗