Bangladesh · 2026-11-22 17:19:11

পাংশায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী গ্রেফতার

পাংশায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী গ্রেফতার
রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক কর্মী শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে উপজেলার মেঘনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিওর গ্রামের মৃত খালেক প্রামানিকের ছেলে। তিনি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানিয়েছেন পুলিশ।

পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন পাংশা থানার মামলা নং-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১৯৬/২৫, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম আরো বলেন, রবিবার গ্রেফতার হওয়া শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

Source - www.bd24live.com ↗