Bangladesh · 2026-11-22 16:14:22

হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ

হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯ শিশু। তাদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগের একজন করে রয়েছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে ১১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। এরপর গত দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন। নিশ্চিত হাম শনাক্ত হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের ৪৩, সিলেটের ১৮ এবং চট্টগ্রামের ১৫ জন রয়েছে।

অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ শিশুর।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৮৭ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে মৃতের সংখ্যা ৫৬০। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ শিশু মারা গেছে।

অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যায়ও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।

Source - www.bd24live.com ↗