Bangladesh · 2026-11-22 16:50:42

নাটোরে মা ও ছেলেকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নাটোরে মা ও ছেলেকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
নাটোরের দস্তানাবাদে নিজের মা বিলকিস বেগম ও ছেলে আলিফ হোসেনকে জবাই করে হত্যার দায়ে শাহআলম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে সোহাগ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া শাহআলমকে ৫০ হাজার এবং সোহাগকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি মিন্টুকে খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ড পাওয়া শাহআলম সদর উপজেলার দস্তানাবাদ এলাকার শাহাদাত সর্দারের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সোহাগ হোসেন একই এলাকার আশরাফ হোসেনের ছেলে। খালাস পাওয়া মিন্টু ওই এলাকার ওয়াজ আলীর ছেলে।

নাটোর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, নিজের নামে থাকা সম্পত্তি ছেলের নামে লিখে না দেওয়াকে কেন্দ্র করে শাহআলমের সঙ্গে তার বাবা শাহাদাত সর্দারের বিরোধ সৃষ্টি হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৯ নভেম্বর দুপুরে শাহাদাত সর্দার স্ত্রী বিলকিস বেগম ও নাতি আলিফ হোসেনকে বাড়িতে রেখে ঝলমলিয়া বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে এলে ছেলে শাহআলম ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে স্থানীয়রা শাহআলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত সর্দার জানতে পারেন, তার স্ত্রী বিলকিস বেগম ও নাতি আলিফকে জবাই করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ২১ নভেম্বর শাহআলমসহ চারজনকে আসামি করে নাটোর সদর থানায় হত্যা মামলা করেন শাহাদাত সর্দার। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

The post নাটোরে মা ও ছেলেকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗