একবার পাহাড় তার দুয়ার খুলে দিলে মানুষ শুধু কিছু মনোমুগ্ধকর দৃশ্য নিয়ে ফেরে না, সঙ্গে নিয়ে আসে সারা জীবনের জন্য সযত্নে জমিয়ে রাখার মতো কিছু স্মৃতি। বান্দরবানের থানচি–রুমা সার্কিট ট্রেইলে অভিযানের তৃতীয় দিনের ছবির গল্পই তার প্রমাণ।
পর্ব ৩
পাহাড় কাউকে সহজে তার সৌন্দর্য দেখায় না। তার কাছে পৌঁছাতে হয় ধৈর্য নিয়ে, বিনয় নিয়ে, প্রকৃতির নিয়ম মেনে। আর একবার পাহাড় তার দুয়ার খুলে দিলে মানুষ শুধু কিছু মনোমুগ্ধকর দৃশ্য নিয়ে ফেরে না, সঙ্গে নিয়ে আসে সারা জীবনের জন্য সযত্নে জমিয়ে রাখার মতো কিছু স্মৃতি। এ কারণেই পাহাড়ের ডাক এত গভীর। একবার যে সেই ডাক শুনেছে, তার পক্ষে আর সহজে তা উপেক্ষা করা সম্ভব নয়।
বান্দরবানের দুর্গম ঝরনা সাম্রাজ্যে থানচি–রুমা সার্কিট ট্রেকিং: জাদিপাই আর তলাবং

পাহাড়ের ডাকে ছুটে যায় মানুষ
বান্দরবানের থানচি–রুমা সার্কিট ট্রেইলে আমাদের অভিযানের তৃতীয় দিন। আজকের গন্তব্য দুটি জলপ্রপাত মাংকি ফরেস্টের অপূর্ব সুন্দর তলাবং এবং দুর্গম পাহাড়ের বুকের ভয়ংকর সুন্দর জলপ্রপাতের রানী জাদিপাই। এক দিনে দুটি জলপ্রপাত দেখার পরিকল্পনা, তাই সকাল থেকেই ব্যস্ততার আয়োজন।
আগের রাতে হাঁসের মাংস দিয়ে জমজমাট নৈশভোজের পর ঘুমাতে গিয়েছিলাম। কিন্তু পাহাড়ি অভিযানের ক্লান্তি আর পরদিনের উত্তেজনা মিলিয়ে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেল, টেরই পাইনি।
অদ্ভুত সুন্দর পাহাড়ি পথে রওনা দিলাম ডাবল ফলসের দিকে
উঠতে হলো ভোর পাঁচটায়। সিয়াম ভোর থেকেই সবাইকে ডাকাডাকি শুরু করে দিল। তার নির্দেশ, ঠিক সকাল ছয়টায় রওনা দিতে হবে। যে দেরি করবে, তাকে আর সঙ্গে নেওয়া হবে না! প্রথম গন্তব্য থাইক্ষ্যং পাড়া থেকে প্রায় ৪৫ মিনিটের পথ তলাবং জলপ্রপাত। সেখানে ঘুরে আবার ক্যাম্পে ফিরে আসব। এরপর দ্বিতীয় অভিযান, দুর্গম জাদিপাইয়ের পথে।
সকালের কুয়াশা মাখা প্রহরে এপাড় থেকে দেখা যায় কিউক্রাডং চুড়া
তলাবং: বুনো প্রকৃতির এক বিস্ময়
সকাল ছয়টা নাগাদ আমরা রওনা দিলাম তলাবংয়ের উদ্দেশে। সকালের মিষ্টি হাওয়া, শিশিরভেজা পথ আর চারপাশের সবুজ অরণ্য দিনের শুরুটা ছিল দারুণ স্নিগ্ধ। পথের বেশির ভাগই সমতল, চড়াই-উতরাইও তুলনামূলক কম। আগের দিনের দুর্গম পাহাড়ি পথের তুলনায় এই ট্রেইল বেশ সহজ।
এমন খাড়া বেয়ে নামতে হয় তলাবং ঝরনায়
হাঁটতে হাঁটতে কখন যে পথ পেরিয়ে যাচ্ছি, টেরই পাচ্ছিলাম না। তলাবংয়ের সৌন্দর্যের কথা অনেক অভিযাত্রীর মুখেই শুনেছি। বান্দরবানের পাহাড়ে জীবনে যত জলপ্রপাত দেখেছি, তার মধ্যে তলাবংকে অন্যতম সুন্দর বলতেই হয়। তবে এর সৌন্দর্যের পাশাপাশি রয়েছে আলাদা একটি ভৌগোলিক পরিচয় এবং নামের পেছনে স্থানীয় ভাষা ও জনশ্রুতির গল্প।
বম ভাষায় ‘ত্লাবং’ শব্দের অর্থ অনেকটা পানি জমে থাকার প্রাকৃতিক আধার বা জলাধারের মতো। জায়গাটির গঠনও যেন নামের সেই অর্থকে সার্থক করে। প্রাংশা ও পাইংখিয়াং নামের দুটি পাহাড়ি ঝিরির মিলনস্থলে সৃষ্টি হয়েছে এই অনন্য জলপ্রপাত। প্রায় ৮০ থেকে ৯০ ফুট ওপর থেকে পানি নেমে এসে তৈরি করেছে এর অপূর্ব প্রাকৃতিক রূপ। তলাবংয়ের জলধারা শেষ পর্যন্ত মিশেছে রেমাক্রি নদীতে।
সকালের কনে দেখা আলো ঠিকড়ে পড়ছে পাতার আড়াল থেকে
নদীটি পাহাড়ি ভূপ্রকৃতির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রেমাক্রি বাজারের কাছে সাঙ্গু নদীতে মিলিত হয়েছে। রেমাক্রি নদীর অববাহিকা ঘিরে বান্দরবানের পাহাড়ে ছড়িয়ে আছে প্রকৃতির বিস্ময়কর সব রত্নভান্ডার। মাথভারাখুম, সাতভাইখুম, নাইক্ষ্যংমুখ, আমিয়াখুম, নাফাখুম—নামগুলোই যেন একেকটি রোমাঞ্চকর অভিযানের গল্প।
প্রাংশা ও পাইংখিয়াং নামের দুটি পাহাড়ি ঝিরির মিলনস্থলে সৃষ্টি হয়েছে এই অনন্য জলপ্রপাত ত্লাবং
তলাবংকে অনেকে ঝরনা বললেও এর গঠন বিবেচনায় এটি মূলত একটি জলপ্রপাত। পাহাড়ি ঝিরির পানি যখন উঁচু থেকে নিচে নেমে আসে, তখন প্রকৃতির নিজস্ব নিয়মেই তৈরি হয় এমন বুনো জলধারা। এই জলপ্রপাতকে ঘিরে স্থানীয়দের মধ্যে একটি পুরোনো জনশ্রুতিও প্রচলিত আছে। কথিত আছে, অতীতে ক্ষমতাশালী বাহিনীর লোকজন মানুষকে এখান থেকে নিচে ফেলে হত্যা করত। গল্পটির সত্যতা যাচাই করা কঠিন, তবে পাহাড়ের নিস্তব্ধ পরিবেশে এমন জনশ্রুতি শুনলে জায়গাটির প্রতি একধরনের রহস্যময় অনুভূতি তৈরি হয়।
পুরো পথটা বেশ স্বাচ্ছন্দ্যেই পাড়ি দিয়েছিলাম। কিন্তু জলপ্রপাতের সামনে নামার পথটি ছিল বেশ ভয়ংকর। নড়বড়ে বাঁশের সিঁড়ি বেয়ে খাড়া ঢাল ধরে নিচে নামতে হবে। আমাদের আগে কয়েকটি অভিযাত্রী দল নেমে যাওয়ায় সিঁড়ির ধাপগুলোও পিচ্ছিল হয়ে ছিল। গাইড লাল বম দাদার নির্দেশনা মেনে ধীরে ধীরে নামতে শুরু করলাম।
নড়বড়ে বাঁশের সিঁড়ি বেয়ে খাড়া ঢাল ধরে নিচে নামতে হবে
এমন পথে নিজের আত্মবিশ্বাসের পাশাপাশি অভিজ্ঞ গাইডের পরামর্শই সবচেয়ে বড় ভরসা। নিচে নেমে সামনে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল অপূর্ব সুন্দর ডাবল ফলস বা তলাবং। সকাল তখন সাতটা। সকালের মিষ্টি রোদ এসে পড়েছে জলপ্রপাতের পানিতে। তারই মধ্যে উঁকি দিচ্ছে রংধনু। দুই পাশ থেকে নেমে আসছে স্বচ্ছ পানির ধারা। সামনে যেন নুড়ি-পাথরে সাজানো ছোট্ট এক সমুদ্রসৈকত। পায়ের নিচে শীতল, স্বচ্ছ জল। প্রকৃতির এমন আয়োজন দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাওয়াই স্বাভাবিক।
জলপ্রপাতের সামনে তখন বেশ ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। আমিও নেটিজেনদের স্রোতে গা ভাসালাম।
তবে এর বাইরেও আমার একটি ব্যক্তিগত আয়োজন ছিল। নিভৃতে ঝরনার জলে বিসর্জন দিলাম আমার সেই ইচ্ছেপূরণের আধুলিটি।
আমার ইচ্ছেপূরন আধুলি
আমার ইচ্ছেপূরণের আধুলির গল্প শুরু হয়েছিল ২০১৫ সালে। প্রথমবার বান্দরবান গিয়েছিলাম কেওক্রাডং অভিযানে। সেবার রিজুক ঝরনায় শুরু হয়েছিল এই অভ্যাস। শহুরে জীবনের নেতিবাচকতা যখন মনকে আচ্ছন্ন করে ফেলে, তখন ছুটে যাই পাহাড় আর ঝরনার কাছে। আমার ইচ্ছেপূরণের আধুলিতে জমে থাকা সব ক্লান্তি ও কলুষতা যেন বিসর্জন দিয়ে আসি অরণ্য দেবীর জলের ধারায়। বিনিময়ে প্রাণভরে নিয়ে আসি একরাশ বিশুদ্ধতা, যা আমাকে আরও কয়েকটা দিন বেঁচে থাকার জীবনীশক্তি জোগায়।
কল্পনা আর বাস্তবের এই মায়াবী জগৎ থেকে আমাকে ফিরিয়ে আনল সোহেল ভাইয়ের ডাক। লাল বম দাদা কাঠের আগুনে সকালের নাশতা হিসেবে সবার জন্য বানিয়েছিলেন ম্যাগি নুডলস।
কলা পাতায় ম্যাগী নুডুলস পরিবেশন করা হলো বাশের চামচে
কলাপাতার ওপর বাঁশের তৈরি চামচে সেই নুডলস খাওয়ার স্বাদ ছিল অতুলনীয়। তখন মনে হলো, খাবার কেবল উদরপূর্তিই করে না; অনুকূল পরিবেশ আর চমৎকার কিছু মানুষের সঙ্গ সাধারণ খাবারকেও অসাধারণ করে তুলতে পারে।
তলাবংয়ের সৌন্দর্য উপভোগ করে ফিরলাম আগের পথে। দূর থেকে দেখা যাচ্ছিল কেওক্রাডংয়ের চূড়া। সকালের মেঘ বারবার তার সামনে এসে থমকে দাঁড়াচ্ছিল। পাড়ায় পৌঁছানোর ঠিক আগে একটি জুমঘরে বসে পান করলাম এক গ্লাস লেবুর শরবত। নিমিষেই যেন উবে গেল পথের ক্লান্তি।
দারুন স্বাদের লেবুর শরবত
এমটিএস পাড়ার জুমক্ষেত পেরিয়ে জাদিপাইয়ের পথে থাইক্ষ্যং পাড়ায় ফিরে নিলাম ছোট্ট বিরতি। পরবর্তী গন্তব্য জাদিপাই। পথ দুর্গম, দূরত্বও বেশ। ফিরতে দেরি হতে পারে, তাই হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়ার সুযোগ ছিল না।
জাদিপাই যাবার আগের রসদ হাসের মাংস আর খিচুড়ি
আকরাম ভাইয়ের হাতের দুর্দান্ত স্বাদের ভুনা খিচুড়ি, আচারি মসলায় রান্না করা আগের রাতের হাঁসের মাংস আর পেঁয়াজ-মরিচ মাখানো চিংড়ি বালাচাও—সব মিলিয়ে জমজমাট আয়োজন।
খাওয়াদাওয়া সেরে সবাই বেরিয়ে পড়লাম ঝরনার রানী জাদিপাইয়ের উদ্দেশে।
২০১৫ সালে প্রথমবার কেওক্রাডং এসেছিলাম। সেবার জাদিপাই যাওয়ার উদ্দেশ্যে পাসিংপাড়া পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু পরবর্তী পথ বন্ধ থাকায় আর যাওয়া হয়নি।
দীর্ঘ এগারো বছর পর আবারও সেই পথে যাত্রা। পুরোনো এক অপূর্ণ ইচ্ছের সামনে দাঁড়িয়ে আছি যেন। এত বছর পর পাহাড়ের বুকের সেই ঝরনার রানী আমাকে কীভাবে বরণ করে নেয়, তা দেখার আগ্রহ ছিল দ্বিগুণ।
জাদিপাই যাবার পথে দেখা মিলে দুর্গম কপিতাল পাহাড়ের
আমাদের গন্তব্য ছিল থাইক্ষ্যং পাড়া থেকে এমটিএস পাড়া হয়ে জাদিপাই জলপ্রপাত। প্রচলিত পথের বাইরে এই রুটটি একটু ভিন্ন, একটু বেশি রোমাঞ্চকর। পাহাড়ের বুকজুড়ে বিস্তৃত জুমক্ষেত, রিজলাইনের আঁকাবাঁকা পথ আর দুর্গম ঝিরিপথ পেরিয়ে যেতে হয় এই পথে।
থাইক্ষ্যং পাড়া ছাড়ার পর প্রথমেই কপিতাল পাহাড়ের পাশ দিয়ে খাড়া পথ বেয়ে ওপরে উঠতে হলো। বেশ কিছুটা চড়াই পেরিয়ে আবার নিচে নামতেই ঝিরি আর খাড়া পথের শেষে দেখা মিলল ছবির মতো সুন্দর এমটিএস পাড়ার।
ঝিরি পেরিয়ে যেতে হয় এম টি এস পাড়ার পথে
এখানকার মানুষগুলোও প্রকৃতির মতোই সরল ও সুন্দর। তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম পাহাড়ি জুমক্ষেতের দিকে।
পাহাড় যেমন সুন্দর মানুষ গুলো তেমনি সহজ
কিছুটা সমতল পেরিয়ে চোখের সামনে খুলে গেল বিশাল জুমক্ষেতের সৌন্দর্য। পাহাড়ের ঢালে ঢালে ছড়িয়ে থাকা সবুজ আর সোনালি জুমক্ষেত যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক বিশাল ক্যানভাস।
পাহাড়ি জুমের ট্রেইল ধরে হাটা বহুদিনের জমানো কস্ট যেনো দূর করে দেয়
দূরে পাহাড়ের পর পাহাড়, মাঝেমধ্যে মেঘের আনাগোনা। এমন দৃশ্যের সামনে দাঁড়ালে পথের ক্লান্তি ভুলে কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছে করে। কিন্তু সৌন্দর্যে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। সামনে তখনো অনেকটা পথ বাকি।
এমটিএস পাড়ার জুমক্ষেতের বুক চিরে শুরু হলো খাড়া নিচে নামার পালা। এরপর ধরতে হলো বুনো ঝিরিপথ। পিচ্ছিল পাথর, কখনো সরু পথ, কখনো খাড়া ঢাল সব মিলিয়ে বেশ চ্যালেঞ্জিং এক ট্রেকিং।
পথের প্রতিটি বাঁকে সাবধানে পা ফেলতে হচ্ছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন দূর থেকে জাদিপাইয়ের গর্জন কানে ভেসে এল, তখন মুহূর্তেই যেন সব ক্লান্তি উধাও হয়ে গেল।
জাদিপাইয়ের জলধারা কোনো একটি নির্দিষ্ট উৎস থেকে সৃষ্টি হয়নি। কেওক্রাডং ও আশপাশের পাহাড় থেকে নেমে আসা একাধিক ছোট ছোট ঝিরির পানি একত্রিত হয়ে তৈরি করেছে এই বিশাল জলপ্রবাহ।
স্থানীয়ভাবে কেওক্রাডং, জংছিয়া ও জাদিপাই ঝিরির নাম উল্লেখ করা হয়। পাহাড়ের বুক বেয়ে নেমে আসা এই সম্মিলিত জলধারার বিস্তৃতি আর প্রবল স্রোতই জাদিপাইকে দিয়েছে তার স্বতন্ত্র রূপ।
ঝরনার রানীর সামনে
ঘন জঙ্গল আর ঝিরিপথ পেরিয়ে শেওলা ধরা ভাঙাচোরা সিঁড়ি বেয়ে অবশেষে পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত জাদিপাইয়ের সামনে। এতক্ষণ যে জলপ্রপাতের খোঁজে এতটা পথ পাড়ি দেওয়া, তার সামনে দাঁড়ানোর অনুভূতিই অন্যরকম। পাহাড়ের বুক চিরে নেমে আসা বিশাল জলধারা, পানির গর্জন আর চারপাশের সবুজ প্রকৃতি মিলিয়ে জাদিপাই যেন সত্যিই ঝরনার রানী।
জাদিপাইয়ের প্রবেশ মুখে যাত্রী ছাউনি
অনেক দূর থেকেই শোনা যায় তার গর্জন। খাড়া ঢাল বেয়ে নেমে আসার ধকল মোটামুটি সামলে ফেলেছিলাম। নিজের সাহস আর শারীরিক সক্ষমতার কথা ভেবে মনে মনে নিজেকেই বাহবা দিচ্ছিলাম।
এমন সিড়ি বেয়ে এগুতে হয় ঝরনার দিকে
মানুষ চাইলে কি না পারে! কিন্তু জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে বুঝলাম, প্রকৃতির এই বিশাল আয়োজনের সামনে মানুষের শক্তি কতটা ক্ষুদ্র।
পানির প্রবল গর্জন আর বাতাসে ছড়িয়ে পড়া অসংখ্য জলকণা এমন জোরে এসে মুখে আছড়ে পড়ছিল যে ছবি তোলাই মুশকিল হয়ে যাচ্ছিল। ক্যামেরার লেন্স মুহূর্তেই ভিজে যাচ্ছিল। সিয়াম অবশ্য বেশ দূরে গিয়ে অসাধারণ কিছু ছবি তুলে দিল সবার। তার তোলা ছবিগুলোতে ধরা পড়ল জাদিপাইয়ের এক অন্যরকম রূপ।
জাদিপাই ঝর্নায় আমার ইচ্ছেপূরন আধুলি
এর মধ্যে পাথরের ওপর দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে পিছলে পড়ে বেশ ভালো রকম ব্যথা পেলাম। জুতার গ্রিপ প্রায় শেষ। পিচ্ছিল পাথরে বারবার পা পিছলে যাচ্ছিল। তবু এত দূর এসে ঝরনার সামনে দাঁড়িয়ে থাকার আনন্দের কাছে সেই ব্যথা তখন খুব একটা বড় মনে হয়নি।
কিন্তু ফেরার পথে শরীর তার পাওনা বুঝিয়ে দিতে শুরু করল। পায়ের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। জুতার গ্রিপের সমস্যা বুঝতে পেরে আকরাম ভাইয়ের সঙ্গে জুতা বদলে নিলাম। ততক্ষণে পায়ে ফোসকা পড়ে বেশ বাজে অবস্থা। তার ওপর বাম পায়ের লিগামেন্টের পুরোনো ব্যথাও আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপ যেন নতুন করে পরীক্ষা নিচ্ছিল।
টিমের সবাই মিলে জাদিপাইয়ের সামনে
তারপরও থেমে থাকার উপায় নেই। সামনে ভাঙা সিঁড়ি, জঙ্গল আর দীর্ঘ পাহাড়ি পথ। সবকিছু পেরিয়ে ফিরতে হবে আমাদের ক্যাম্পে। ফেরার পথে সবচেয়ে বড় তাড়া ছিল দিনের আলো থাকতে যতটা সম্ভব পথ পেরিয়ে যাওয়া। এমটিএস পাড়ার বিস্তীর্ণ জুমক্ষেতের বুকের ওপর দিয়ে আবার সেই চড়াইয়ের পথ ধরতে হবে।
ঝর্না রানী জাদিপাই
সন্ধ্যা নেমে গেলে এই পথে চলা আরও কঠিন হয়ে উঠবে। পাহাড়ি এলাকায় জোঁক, নানা ধরনের পোকামাকড়ের পাশাপাশি বিষধর সাপের উপস্থিতির আশঙ্কাও থাকে। বিশেষ করে গ্রিন পিট ভাইপারের মতো বিষধর সাপের আবাস এসব পাহাড়ি অরণ্যে। তাই অন্ধকার নামার আগেই নিরাপদে পরিচিত পথে ফিরে আসার তাগিদ ছিল সবার মধ্যে।
পায়ের প্রচণ্ড ব্যথা নিয়েই দ্রুত পা চালাতে লাগলাম। কখনো খাড়া চড়াই, কখনো জুমক্ষেতের সরু পথ, আবার কখনো জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলা। শরীর তখন ক্লান্তিতে অবসন্ন, কিন্তু মনের মধ্যে একটাই তাগিদ—আলো থাকতে যতটা সম্ভব পথ পেরোতে হবে।
অনেকটা পথ এগিয়ে গেছি। হঠাৎ করেই যেন চারপাশে সন্ধ্যা নেমে এল। পাহাড়ে সন্ধ্যা নামে খুব দ্রুত। দিনের আলো নিভে গেলে অরণ্যের চেহারাও মুহূর্তে বদলে যায়। এমন সময় সামনে একটি পাহাড়ি জুমঘর চোখে পড়ল। তার পেছনে আকাশে দেখা দিল চাঁদ। ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ।
অদ্ভুত সুন্দর এক মুহূর্ত! সারাদিনের দুর্গম পথ, জলপ্রপাতের গর্জন, পায়ের ব্যথা আর ফেরার তাড়া সবকিছু ছাপিয়ে সামনে তখন এক শান্ত, স্নিগ্ধ পাহাড়ি সন্ধ্যা। মনে হলো, পাহাড় তার সৌন্দর্যের শেষ উপহারটুকু বুঝি আমাদের জন্যই তুলে রেখেছিল।
তলাবংয়ের রংধনু আর জাদিপাইয়ের প্রবল জলধারা; একই দিনে প্রকৃতির দুই ভিন্ন রূপ দেখার অভিজ্ঞতা সত্যিই অনন্য। কোথাও স্নিগ্ধতা, কোথাও দুর্দমনীয় শক্তি। আর এই দুইয়ের মাঝখানে ছিল আমাদের দীর্ঘ পথচলা, কিছু অপূর্ণ ইচ্ছের পূরণ, নতুন কিছু স্মৃতি আর শরীরের সঙ্গে মনের নিরন্তর লড়াই।
পাহাড়ে ঝুপ করে সন্ধ্যা নামে
পাহাড়ে যাওয়ার আনন্দ শুধু গন্তব্যে পৌঁছানোর মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো একটি জুমঘরের পাশে দাঁড়িয়ে চাঁদ দেখা, কখনো কলাপাতার ওপর নুডলস খাওয়া, কখনো বহু বছরের পুরোনো একটি ইচ্ছেপূরণ—এসব ছোট ছোট মুহূর্তই ভ্রমণকে স্মরণীয় করে তোলে। জাদিপাইয়ের কাছে পৌঁছানোর গল্প যেমন রোমাঞ্চকর, তেমনি সেখান থেকে ফিরে আসার গল্পও কম নয়। তবে সেই ফেরার গল্প থাকুক আগামী পর্বের জন্য।
ছবি: লেখক
The post বান্দরবানের দুর্গম ঝরনা সাম্রাজ্যে থানচি–রুমা সার্কিট ট্রেকিং: জাদিপাই আর তলাবং appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗