Bangladesh · 2026-11-22 18:58:27

নতুন ক্ষেপণাস্ত্র লঞ্চার উন্মোচন ইরানের, ভূগর্ভস্থ ঘাঁটির ভিডিও প্রকাশ (ভিডিও)

নতুন ক্ষেপণাস্ত্র লঞ্চার উন্মোচন ইরানের, ভূগর্ভস্থ ঘাঁটির ভিডিও প্রকাশ (ভিডিও)
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও কৌশলগত টানাপোড়েনের মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে ইরান। শনিবার (২১ নভেম্বর) নতুন একটি দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র (ডুয়েল মিসাইল লঞ্চার) উন্মোচনের পাশাপাশি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের গণমাধ্যমের দাবি, নতুন এই লঞ্চার থেকে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। তবে লঞ্চারটির কার্যক্ষমতা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ বিস্তৃত সুড়ঙ্গের দুই পাশে সারিবদ্ধভাবে ক্ষেপণাস্ত্র ও সামরিক যান রাখা থাকতে দেখা যায়। গোপন এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করেন আইআরজিসির প্রধান কমান্ডার আহমেদ বাহিদি। এ সময় তার সঙ্গে ছিলেন বাহিনীটির মহাকাশ শাখার প্রধান মাজিদ মুসাভি। তবে নিরাপত্তার কারণে ঘাঁটিটির অবস্থান প্রকাশ করেনি ইরান।

পরিদর্শনকালে আহমেদ বাহিদি দাবি করেন, ন্যাটো মহাসচিবের বক্তব্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ন্যাটোভুক্ত দেশগুলো থেকে পাঁচ হাজার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও ইরান নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মুসাভি সম্ভাব্য হুমকি মোকাবিলায় কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, দেশের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলা এবং প্রয়োজনীয় সামরিক শক্তি প্রয়োগে তাদের কোনো দ্বিধা থাকবে না।

মুসাভির দাবি, সাম্প্রতিক সংঘাতের মধ্যবর্তী সময়ে ইরানের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে নতুন ও কার্যকর অস্ত্র দেশটির প্রতিরক্ষাব্যবস্থায় যুক্ত করা হয়েছে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের যেকোনো নির্দেশ বাস্তবায়নে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

সামরিক বিশ্লেষকদের মতে, নতুন দ্বৈত ক্ষেপণাস্ত্র লঞ্চারটি ইরানের আগের একটি প্রযুক্তির উন্নত সংস্করণ। পূর্ববর্তী সংস্করণ থেকে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যেত। নতুন ব্যবস্থায় তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা যুক্ত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এতে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে কিংবা সেগুলোর সর্বোচ্চ পাল্লা কত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে গত ১০ নভেম্বর আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করেছিল আইআরজিসি। দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এ ধরনের সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করল ইরান।

বিশ্লেষকদের ধারণা, ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নতুন সামরিক প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার বার্তা দিতে চাইছে তেহরান। একই সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, তার বিপরীতে নিজেদের সক্ষমতা তুলে ধরার প্রচেষ্টা হিসেবেও এসব পদক্ষেপকে দেখা হচ্ছে।

Source - www.bd24live.com ↗