Bangladesh · 2026-11-22 17:56:44

‘ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন’

‘ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন’
বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন আবু হানিফ।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান এখন সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। ফজলুর রহমান একসময় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে আবু হানিফ লেখেন, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ, অলওয়েজ আওয়ামী লীগ।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়েও সমালোচনা করেন আবু হানিফ। তিনি বলেন, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন রুমিন ফারহানা। তবে সংসদে নির্বাচিত হওয়ার পর তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন।

আবু হানিফের অভিযোগ, অভিমান থেকে বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে রুমিন ফারহানা নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।

পোস্টে তিনি আরও দাবি করেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ জানাননি।

পোস্টের শেষাংশে আবু হানিফ বলেন, ফজলুর রহমান ও রুমিন ফারহানার বক্তব্য ও কার্যকলাপে মনে হচ্ছে, তাঁরা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।

Source - www.bd24live.com ↗