Bangladesh · 2026-11-22 20:01:28

সখীপুরে ঝোপ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সখীপুরে ঝোপ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে ঝোপের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শালগ্রামপুর (সিলিমপুর) বাজারসংলগ্ন একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। মরদেহের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে একটি স্মার্টফোন এবং ২০-৩০ ফুট দূরে মাদক সেবনের কিছু আলামত পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কৃষক নূরুল ইসলাম ঝোপ থেকে দুর্গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন বলেন, কৃষক নূরুল ইসলাম ফসলি জমিতে কাজ করার সময় দুর্গন্ধ পেয়ে ঝোপের ভেতর মরদেহ দেখতে পান। পরে তাঁকে জানানো হলে তিনি সখীপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source - www.bd24live.com ↗