Bangladesh · 2026-11-22 19:58:34

গোপালগঞ্জ বাংলাদেশের অংশ কি না, তা নিয়ে মানুষের প্রশ্ন: গোলাম পরওয়ার

গোপালগঞ্জ বাংলাদেশের অংশ কি না, তা নিয়ে মানুষের প্রশ্ন: গোলাম পরওয়ার
দেশে চলমান সহিংসতা, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশের ভূখণ্ডের অংশ কি না, তা নিয়েও মানুষ এখন বিশ্বাস করতে পারছে না।

রোববার (২২ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নববর্ষ প্রকাশনী উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশে একের পর এক সহিংসতা, ভাঙচুর ও নৈরাজ্য চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারছে না। পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিভিন্ন স্থানে থানা আক্রান্ত হচ্ছে, সরকারি স্থাপনা ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব পরিস্থিতির দায় সরকারকেও নিতে হবে।

তিনি বলেন, ‘গোপালগঞ্জ নামের একটি জেলা যে বাংলাদেশের ভূখণ্ডের অংশ, তা মানুষ এখন আর বিশ্বাস করতে পারছে না। রাষ্ট্র যে সার্বভৌম, এ দেশে যে একটি রাষ্ট্রের অভিভাবক আছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।’

দেশের অতীত রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, থানা থেকে পুলিশকে থালাবাটি, রাইফেল, বন্দুক ও বিছানাপত্র নিয়ে ভ্যানে পালিয়ে যেতে এবং থানা শূন্য হয়ে যেতে আগে কখনো দেখেননি। বর্তমানে পুলিশকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর হলেও তারা কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, দুর্বৃত্তরা কয়েকটি জেলায় মহাসড়কে গাছ কেটে এবং দেশীয় অস্ত্র নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। তাঁর দাবি, সীমান্তের ওপারের একটি আধিপত্যবাদী শক্তির ইশারায় দেশে অরাজকতা সৃষ্টির সুযোগ করে দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে তিনি বলেন, গত আট-দশ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলেও নির্বাচিত শাসক দল পরিস্থিতির উন্নতি করতে পারেনি। মানুষের জানমাল, জীবন-সম্পদ ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার নিন্দা জানান তিনি।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়ে আলোচনা করেছেন। দুই নেতার একসঙ্গে বসার মধ্যে ইতিবাচক প্রভাব রয়েছে বলে তিনি বিশ্বাস করতে চান। তবে সংলাপের সূচনা যেন দেশ ও জাতির কল্যাণে হয় এবং সহিংসতা ও ফ্যাসিবাদী কর্মকাণ্ড বন্ধে ভূমিকা রাখে, সেই প্রত্যাশা জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও পলাতক আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

জুলাই গণঅভ্যুত্থানের হতাহতদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সহস্রাধিক শহীদের জীবন এবং ৩০ থেকে ৪০ হাজার আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। জুলাই সনদ, গণভোট ও গণরায়ের ভিত্তিতে বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল বলেও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় কার্যকর করার মধ্য দিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ এগিয়ে গেলে তাতে ইতিবাচক প্রভাব থাকা উচিত। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের অশুভ খেলা বন্ধ করুন। এ দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য তাদের গণতান্ত্রিক সংগ্রামের সুযোগ দিন।’

Source - www.bd24live.com ↗