Bangladesh · 2026-11-22 19:26:11

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব অব্যাহত রাখার পাশাপাশি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে চায় দেশটি।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড (ইউএসএআরপ্যাক)। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসও বার্তাটি প্রচার করেছে।

বার্তার শুরুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দিবসটির শুভেচ্ছা জানায় ইউএসএআরপ্যাক। এতে ২০২৬ সালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।

এ ক্ষেত্রে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়, এসব কার্যক্রম দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি অভিন্ন অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে সহায়তা করেছে।

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতেও সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর প্রত্যাশা জানিয়ে ইউএসএআরপ্যাক বলেছে, অব্যাহত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও সম্প্রসারণ এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

বার্তার শেষাংশে ‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’—এই মূলমন্ত্র তুলে ধরেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।

সূত্র: ইউএস আর্মি প্যাসিফিক

Source - www.bd24live.com ↗