Bangladesh · 2026-11-22 19:13:23

৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মাথার একগুচ্ছ চুল নিলামে বিক্রি হয়েছে ৪ হাজার ডলারে। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) রিচমন্ড অকশনসের আয়োজিত নিলামে ফ্রেমে বাঁধাই করা চুলের এই অংশটি কিনে নেন এক ব্যক্তি। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চুলের এই অংশটির মালিক ছিলেন জর্জ ওয়াশিংটনের ঘনিষ্ঠজন জন গ্যাডসবি। ১৭৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে গ্যাডসবি ওয়াশিংটনকে নিজের বাড়িতে আপ্যায়ন করেছিলেন। তাদের শেষ দিকের সাক্ষাতের স্মৃতি হিসেবে চুলগুলো সংরক্ষণ করে রেখেছিলেন তিনি।

পরে গ্যাডসবির এক বংশধরের কাছ থেকে চুলগুলো সংগ্রহ করেন জন কে ল্যাটিমার নামের এক সংগ্রাহক। রিচমন্ড অকশনস জানিয়েছে, তারাই চুলের অংশটি নিলামে বিক্রি করেছে।

তবে ওয়াশিংটনের চুল বিক্রির ক্ষেত্রে এটি সর্বোচ্চ দামের রেকর্ড নয়। এর আগে ২০২১ সালে তার মৃত্যুর কাছাকাছি সময়ে বা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করা হয়—এমন তিনটি চুলের অংশ একটি লকেটে সংরক্ষিত অবস্থায় প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

রিচমন্ড অকশনসের ওয়েবসাইটে প্রকাশিত ১৯২৮ সালের একটি বিবরণে বলা হয়েছে, জন গ্যাডসবি ১৭৯৯ সালে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরের বাসিন্দা ছিলেন। ওই বছরের শেষ দিকে ওয়াশিংটনের মৃত্যুর কিছুদিন আগে তাকে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়েছিলেন গ্যাডসবি।

গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ওই বিবরণে লিখেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে তার দাদার বন্ধুত্ব এবং জীবনের শেষ দিনগুলোর সান্নিধ্যের স্মৃতি হিসেবে চুলগুলো সংরক্ষণ করা হয়েছিল। পরে সেগুলো ফ্রেমে বাঁধাই করে ওয়াশিংটন সিটির তাদের বাড়িতে জেনারেল ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে টাঙিয়ে রাখা হয়। ছোটবেলা থেকেই তিনি বাড়িতে চুলগুলো এভাবে দেখে আসছেন বলেও উল্লেখ করেন ম্যাকব্লেয়ার।

সূত্র: বিবিসি

Source - www.bd24live.com ↗